গ্রেপ্তার এড়াতে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
ছবি: ভাস্কর মুখার্জি

গ্রেপ্তার এড়াতে রক্ষাকবচ চেয়ে ভারতের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আজ সোমবার ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চে এই আবেদন করেন।

অভিষেকের আইনজীবী অভিষেক মনুসিংভি এই আবেদন জানিয়ে দ্রুত শুনানির প্রার্থনা করেন। ডিভিশন বেঞ্চ ওই আবেদনের দ্রুত শুনানির আবেদন কার্যত খারিজ করে আগামী শুক্রবার শুনানির জন্য দিন ধার্য করেন।

গত শনিবার ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) তাদের কলকাতার সদর দপ্তরে টানা প্রায় সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে অভিষেককে। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো।

জেরার পর সিবিআই ছেড়ে দিলেও অভিষেকের স্বস্তি ফিরে আসেনি। আর সে জন্যই সুপ্রিম কোর্টের কাছে তাঁর এই আরজি।

পশ্চিমবঙ্গের রাজনীতি এখন তোলপাড় হচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে। ১২ মে পশ্চিমবঙ্গে এক দিনে চাকরি হারান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৬ হাজার শিক্ষক। শিক্ষক নিয়োগে দুর্নীতির এক মামলায় কলকাতা হাইকোর্টের এক আদেশে তাঁরা চাকরি হারান। এসব নিয়োগে বড় ধরনের জালিয়াতি হয় বলে আদালতের রায়ে জানানো হয়। আর এর পেছনে তৃণমূল নেতারাই কলকাঠি নেড়েছেন বলে মনে করা হয়। তবে হাইকোর্টের এই আদেশ পরে স্থগিত করেন ভারতের সুপ্রিম কোর্ট।

শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় জড়িয়ে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ। এখন তিনি কারাগারে অবস্থান করছেন। কুন্তল ঘোষ অভিযোগ তুলেছিলেন, সিবিআই ও ইডির কর্মকর্তারা তাঁকে নির্যাতন করে তাঁর মুখ থেকে বের করতে চেয়েছিলেন এই নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুন্তল ঘোষ এই অভিযোগ নিয়ে লিখিত আবেদন করেছিলেন কলকাতার হেস্টিংস থানায়। যদিও এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্দেশে জানিয়েছিলেন, কুন্তল ঘোষের আবেদনের শুনানির জন্য সিবিআই ও ইডি অভিষেক ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে পারবে।

শনিবার জিজ্ঞাসাবাদের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, কিছুই পায়নি তারা। পেয়েছে অশ্বডিম্ব।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন।
এরপর আজ গ্রেপ্তার এড়াতে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন অভিষেক।

আরও পড়ুন