বিজেপির অপারেশন লোটাস এবার পাঞ্জাবে, মাথাপিছু ২৫ কোটির প্রস্তাব

ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লিতে ব্যর্থ হয়ে এবার পাঞ্জাব দখলে মরিয়া হয়ে উঠেছে বিজেপি। পাঞ্জাবে আম আদমি পার্টি (আপ) বিধায়কদের দলবদলের জন্য কোটি কোটি রুপির অফার দিয়েছে বিজেপি। এমন অভিযোগ ওই রাজ্যের আম আদমি পার্টির বিধায়ক ও অর্থমন্ত্রী হরপাল চিমার। তবে বরাবরের মতোই এমন অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। তাদের পাল্টা দাবি, পাঞ্জাবে আপ নেতৃত্বে কোন্দল চলছে। পাঞ্জাবের অর্থমন্ত্রী হরপাল চিমার পর আজ বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এমন দাবি করেছেন।

গত মাসেই অরবিন্দ কেজরিওয়ালের দল থেকে অভিযোগ করা হয়েছিল, বিজেপি দিল্লিতেও ‘অপারেশন লোটাস’ অভিযান চালাচ্ছে। মহারাষ্ট্রের মতো ঘটনা ঘটাতে ২০ কোটি রুপির প্রলোভন দেখানো হচ্ছে আপের বিধায়কদের। কেজরিওয়াল সে সময় বলেছিলেন, দিল্লি সরকারকে ফেলতে ওরা (বিজেপি) ৮০০ কোটি রুপি রেখে দিয়েছে। প্রতি বিধায়কের পেছনে ২০ কোটি ধরে ৪০ জন বিধায়ককে দলে ভেড়াতে চায় বিজেপি। দেশ জানতে চায়, ৮০০ কোটি রুপি কার, এটা কোথায় রাখা হয়েছে? সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার অভিযোগ, পাঞ্জাবের আপ বিধায়কের অর্থ দেওয়া হচ্ছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, চিমার দাবি, বিজেপির পক্ষ থেকে তাঁদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, দিল্লি গিয়ে বড় নেতাদের সঙ্গে দেখা করার এবং দলবদলের ‘মূল্য’ হিসেবে মাথাপিছু ২৫ কোটি রুপি করে দেওয়ার লোভও দেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ তুললেন পাঞ্জাবের অর্থমন্ত্রী। তিনি বলেন, দলবদল করার জন্য বিধায়কদের প্রত্যেককে ২৫ কোটি রুপি করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিজেপির ‘অপারেশন লোটাস’ কর্ণাটকে সফল হতে পারে। কিন্তু দিল্লির বিধায়কেরা বিজেপির পরিকল্পনা ভেস্তে দিয়েছেন।

চিমা বলেন, আপের বিধায়কদের এমন প্রস্তাবের পাশাপাশি এও বলা হয়েছে, পাঞ্জাবে রাজনৈতিক ক্ষমতার বদল হলেই দলবদলকারী ব্যক্তিদের উঁচু পদে নেওয়া হবে। একবার নয়, এ ধরনের প্রস্তাব একাধিকবার তিনিও পেয়েছেন বলে জানিয়েছেন হরপাল চিমার। কতজন বিধায়ককে এমন প্রস্তাব দেওয়া হয়েছে, তা–ও জানিয়েছেন পাঞ্জাবের অর্থমন্ত্রী চিমা। তিনি বলেন, ‘৭ থেকে ১০ জন বিধায়ককে এ প্রস্তাব দেওয়া হয়েছে। সরাসরি কিংবা পরোক্ষভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। সময়মতো সব প্রমাণ দেব।’
পাঞ্জাবে বিজেপির বিধায়ক মাত্র দুজন। পাঞ্জাবের বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক সুভাষ শর্মা বলেন, বিজেপির বিরুদ্ধে হরপাল চিমার এমন ভিত্তিহীন অভিযোগ থেকে স্পষ্ট, পাঞ্জাবের আপ নেতৃত্বে ফাটল ধরেছে। কেজরিওয়ালের হস্তক্ষেপে দলটি ছিন্নভিন্ন হওয়ার পথে।