কলকাতায় ‘আমার ব্র্যাক–জীবন’ বইয়ের মোড়ক উন্মোচন
বাংলাদেশের উন্নয়নকর্মী আহমদ মোশতাক রাজা চৌধুরীর লেখা আমার ব্র্যাক-জীবন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে গতকাল সোমবার। কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সদর দপ্তরের উইলিয়ামসন ম্যাগর হলে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বইটির লেখক উপস্থিত থেকে মোড়ক উন্মোচনে অংশ নেন। বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন।
অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করে কলকাতার বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ভারতের বেসরকারি বন্ধন ব্যাংক। মোড়ক উন্মোচনে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল চেম্বারের সভাপতি ও এক্সাইড ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুবীর চক্রবর্তী, বেসরকারি বন্ধন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা চন্দ্রশেখর ঘোষ, কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুরঞ্জন দাস। অনুষ্ঠানে অতিথিরা আহমদ মোশতাক রাজা চৌধুরীর উন্নয়ন কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।
আহমদ মোশতাক রাজা চৌধুরী বলেন, ‘আজ সত্যিই আমার জীবনের একটি আনন্দের দিন। এই প্রথম দেশের বাইরে প্রকাশ পেল আমার বইটি। উন্নয়নমুখী লেখা নিয়ে ইংরেজিতে ১২টি বই প্রকাশ পেলেও এই প্রথম বের হলো বাংলায়। তাই আমি দারুণভাবে উদ্বেলিত, শিহরিত ও গর্বিত।’
অনুষ্ঠানে চন্দ্রশেখর ঘোষ বলেন, অত্যন্ত পরিশ্রমী মোশতাক রাজা। দেশের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিয়েছেন। বাংলাদেশের সেরা স্বেচ্ছাসেবী সংগঠন ব্র্যাকের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে ব্র্যাকের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। দেখেছেন উন্নয়নমুখী কাজকর্ম। তাই তো ব্র্যাকের কর্মময় জীবনের নানা চিত্র ফুটে উঠেছে এ বইটিতে।
অনুষ্ঠানের সভাপতি সুবীর চক্রবর্তীও বলেছেন, ‘মোশতাক রাজা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের সান্নিধ্যে ব্র্যাকের উন্নয়নমুখী কর্মধারার সঙ্গে সম্পৃক্ত থেকে যে জ্ঞান সঞ্চার করে ব্র্যাকের মধ্যে বিলিয়ে দিয়েছেন, তা এক ইতিহাস হয়ে থাকবে।’