কংগ্রেসের সভাপতি নির্বাচনে পাল্লা ভারী খাড়গের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মল্লিকার্জুন খাড়গে
ফাইল ছবি

ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, সভাপতি পদের নির্বাচনে সরকারি প্রার্থী কেউ নন, কাউকেই তাঁরা সমর্থন করতে বলবেন না। কিন্তু তবু এটা স্পষ্ট, মল্লিকার্জুন খাড়গেই হতে চলেছেন গান্ধী পরিবারের পছন্দের প্রার্থী। তাই ৮০ বছরের এই প্রবীণ কর্ণাটকির পাল্লা ভারী হতে শুরু করেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দলের ‘এক ব্যক্তি এক পদ’ সিদ্ধান্ত মেনে খাড়গে শনিবার রাজ্যসভার বিরোধী নেতার পদে ইস্তফা দেন। পদত্যাগপত্র তিনি সোনিয়া গান্ধীর কাছে পাঠিয়ে দেন। এখন দেখার বিষয় পি চিদম্বরম, দিগ্বিজয় সিং অথবা অন্য কেউ, কে হন বিরোধী নেতা। ১৭ অক্টোবর কংগ্রেস সভাপতি পদে ভোট গ্রহণ হবে।

শেষ মুহূর্তে সর্বসম্মতিক্রমে নির্বাচিত না হলে কংগ্রেস সভাপতি পদে লড়াইটা হতে চলেছে খাড়গের সঙ্গে শশী থারুরের। কারণ, তৃতীয় প্রার্থী ঝাড়খন্ডের সাবেক মন্ত্রী কে এন ত্রিপাঠির মনোনয়নপত্র শনিবার বাতিল হয়ে গেছে। কংগ্রেসের নির্বাচন কমিটির চেয়ারম্যান মধুসূদন মিস্ত্রী এসব কথা জানিয়ে বলেন, শেষ পর্যন্ত নির্বাচন হলে তা হবে দ্বিমুখী।

সেই লড়াই চিত্তাকর্ষক করে তুলতে চেষ্টার অন্ত রাখছেন না কেরালার সংসদ সদস্য শশী থারুর। শনিবারই তিনি রওনা হন নাগপুরে। মহারাষ্ট্রের এই শহর থেকেই তিনি শুরু করছেন তাঁর নির্বাচনী প্রচার। নাগপুরের দীক্ষাভূমি স্মৃতিসৌধে গিয়ে ভারতীয় সংবিধানের রূপকার বাবাসাহেব আম্বেদকরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি শুরু করছেন তাঁর প্রচারাভিযান। এই দীক্ষাভূমিতেই ১৯৫৬ সালে আম্বেদকর অনুগামীসহ বৌদ্ধধর্মে দীক্ষিত হয়েছিলেন।

মহারাষ্ট্রের কংগ্রেস নেতা আশিস দেশমুখ শনিবার জানান, থারুর রোববার ওয়ারধায় গান্ধীজির সেবাগ্রাম আশ্রমে যাবেন। সেখান থেকে যাবেন পাভনার আচার্য বিনোবা ভাবের আশ্রমে। তারপর নাগপুর ফিরে প্রদেশ কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলন করবেন। দেশমুখের দাবি, ১২ রাজ্যের প্রতিনিধিরা খোলাখুলি থারুরকে সমর্থন করবেন।

সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে থারুর কখনো লুকোছাপার আশ্রয় নেননি। অনেক দিন আগে থেকেই তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত। কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসের অধিকাংশ রাজ্যের প্রথম সারির নেতারা খাড়গের সমর্থনে খোলাখুলি নেমে পড়েছেন।

দলে বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে যাঁরা পরিচিতি পেয়েছিলেন, সেই জি-২৩-এর গুরুত্বপূর্ণ নেতাদের অনেকে খাড়গের সমর্থনে দাঁড়িয়ে পড়েছেন। যেমন হরিয়ানার ভূপিন্দর সিং হুডা, হিমাচল প্রদেশের আনন্দ শর্মা, চণ্ডীগড়ের মনীশ তিওয়ারি, মহারাষ্ট্রের পৃথ্বীরাজ চৌহান ও মুকুল ওয়াসনিক। তাঁরা খাড়গের প্রার্থী পদের প্রস্তাবকও। তাঁরা ছাড়া এ কে অ্যান্টনি, অম্বিকা সোনি বা কুমারী শৈলজার মতো পরিচিত গান্ধী পরিবারের অনুগতরাও সরাসরি খাড়গেকে সমর্থনের কথা বলেছেন।

এমনকি যাঁকে নিয়ে এত জল ঘোলা হলো, সেই রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংও খাড়গের প্রার্থী পদ সমর্থন করেছেন।

এআইসিসির ৯ হাজার ১০০ প্রতিনিধি এই নির্বাচনের ভোটার। তাঁদের অধিকাংশ গান্ধী পরিবারের বিরুদ্ধে নিঃশব্দ বিপ্লব না ঘটালে মল্লিকার্জুন খাড়গের চিন্তার কারণ নেই।

কিন্তু সেই বিপ্লব ঘটাতে শশী থারুর চেষ্টায় ত্রুটি রাখছেন না। খাড়গেকে ‘ভীষ্ম পিতামহ’ অভিহিত করেও তিনি বলেছেন, ‘উনি ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করছেন। স্থিতাবস্থার প্রতীক। যাঁরা সেই ধারাবাহিকতার পরিবর্তন চান, একবিংশ শতকের বাকি সময়ে অগ্রগতি দেখতে চান, তাঁদের উচিত আমাকে ভোট দেওয়া।’

উত্তর প্রদেশের কংগ্রেস নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী সালমান খুরশিদ জবাবে শনিবার বলেন, ‘ধারাবাহিকতা ও পরিবর্তনের সংজ্ঞা যথেষ্ট আপেক্ষিক। কে কীভাবে দেখেন, তার ওপর তা নির্ভর করে। আমার কাছে এই পরিবর্তনও ধারাবাহিকতার অঙ্গ।’

খুরশিদ এই নির্বাচনে খাড়গেকে সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত সহমত হলে ভালো। না হলে ভোট হোক না। ভোট তো আগেও হয়েছে। আমরা সবাই চাই, এর মধ্য দিয়ে কংগ্রেস শক্তিশালী হোক।’