মোদিকে অহংকারী রাবণ বললেন রাহুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোকসভার অধিবেশনে যোগ দেওয়ার আগে পার্লামেন্ট ভবনের সামনে রাহুল গান্ধী। ৯ আগস্ট
ছবি: এএনআই

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অহংকারী রাবণের সঙ্গে তুলনা করে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বললেন, রাবণের অহংকারের কারণে লঙ্কা ছারখার হয়েছিল। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর মৌনতা ভাঙাতে আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভাষণ দিতে গিয়ে অহংকারের প্রশ্নে তাঁকে গেঁথে রাহুল বলেন, ‘মণিপুরে তিনি ভারতমাতাকে হত্যা করেছেন। তাই আজও মণিপুর যাননি।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে রাহুল বলেন, ‘মণিপুরের মানুষকে হত্যা করে আপনারা দেশকে হত্যা করেছেন। মণিপুরকে দুই প্রান্তে ভাগ করে দিয়েছেন। ঘৃণা ও বিভাজনের রাজনীতি বন্ধ না করলে ভারতমাতার হত্যা বন্ধ হবে না।’

শাসক দলের উদ্দেশে রাহুল বলেন, ‘সারা দেশে আপনারা ঘৃণা ও হিংসার কেরোসিন ঢেলে আগুন জ্বালাচ্ছেন। যেমন আগুন জ্বালিয়েছেন মণিপুর, হরিয়ানায়। দেশপ্রেমের বড়াই করেন আপনারা। কিন্তু আপনারা দেশদ্রোহী।’

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে রাহুল বলেন, ‘আপনি ভারতমাতার রক্ষক নন। আপনি ভারতমাতার হত্যাকারী। ভারত আমার মা। মণিপুরে সেই ভারতমাতাকে আপনি হত্যা করেছেন। হিংসার রাজনীতি বন্ধ না করলে প্রতিদিন ভারতমাতার নিধন হবে।’

গতকাল মঙ্গলবার মণিপুর নিয়ে আনা অনাস্থা প্রস্তাব বিতর্ক শুরু করার কথা ছিল রাহুলের। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল হয়। রাহুল গতকাল কথা বলেননি। আজ বুধবার বিতর্ক শুরু হয় তাঁর ভাষণ দিয়েই। সদস্যপদ ফেরত দেওয়ার জন্য শুরুতেই তিনি স্পিকারকে ধন্যবাদ জানান এবং দুঃখ প্রকাশ করে বলেন, ‘আগেরবার আদানি প্রসঙ্গে এমন কিছু কথা এত জোর দিয়ে বলেছিলাম যে আপনি কষ্ট পেয়েছিলেন। সরকার পক্ষের জ্যেষ্ঠ নেতারাও আহত হয়েছিলেন। সে জন্য আমি দুঃখিত। ক্ষমাপ্রার্থী।’

এরপরই এই কংগ্রেস নেতা বলেন, কিন্তু আজ তিনি আদানি প্রসঙ্গ উত্থাপন করবেন না। কাজেই সরকার পক্ষের ভয় পাওয়ার কারণ নেই। সরকার পক্ষের সদস্যদের দুশ্চিন্তামুক্ত থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘আজ খুব বেশি আক্রমণ করব না। শুধু এক-দুটি গোলা ছুড়ব।’

এ কথা বলার পরই রাহুল তাঁর ভাষণে টেনে আনেন ‘ভারত জোড়ো যাত্রা’ প্রসঙ্গ। তিনি বলেন, ‘যে দেশের জন্য সবকিছু করতে প্রস্তুত, মোদিজির জেলে যেতেও প্রস্তুত, সেই দেশটাকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে চেয়েছিলাম। সে জন্যই পদযাত্রার উদ্যোগ।’

রাহুল বলেন, ‘সে সময় আমার মধ্যে একটা অহংকার ছিল। গর্ব ছিল। কারণ, আমি রোজ ৮ থেকে ১০ কিলোমিটার দৌড়াতাম। ভাবতাম, প্রতিদিন ২৫ কিলোমিটার হাঁটা কী আর এমন ব্যাপার? অথচ কিছুদিনের মধ্যেই হাঁটুর পুরোনো ব্যথা শুরু হলো। প্রতিদিন ভাবতাম, কাল হাঁটতে পারব কি না। যে অহংকার নিজের মধ্যে ছিল, অচিরেই তা ভেঙে গেল। তবু হেঁটেছি। লাখো দেশবাসীর ভালোবাসা আমাকে সাহস ও শক্তি দিয়েছে।’

এ কথা বলেই সরকার পক্ষের দিকে তাকিয়ে কংগ্রেস নেতা বলেন, এই দেশ একটা আওয়াজ। সেই আওয়াজ শুনতে হলে অহংকার ঝেড়ে ফেলতে হবে। ঘৃণা দূর করতে হবে। তিনি বলেন, ‘মণিপুরে দেশবাসীর এই আওয়াজকে হত্যা করা হয়েছে। ভারতমাতাকে হত্যা করা হয়েছে।’

মণিপুর সফরের উল্লেখ করে রাহুল বলেন, ‘অশান্ত মণিপুরে মোদিজি যাননি। একবারের জন্যও নয়। অথচ দেশের কোণে কোণে যাচ্ছেন। কেন যাননি? কারণ, তিনি মণিপুরকে ভারতের অংশ মনে করেন না। তাই টুকরা টুকরা করে দিচ্ছেন।’

লোকসভার সদস্যপদ ফিরে পাওয়া কংগ্রেস নেতা বলেন, ‘ভারতীয় সেনাবাহিনী এক দিনে মণিপুরকে ঠিক করে দিতে পারে। কিন্তু তাদের সেই দায়িত্ব দেওয়া হচ্ছে না। কারণ, আপনারা মণিপুরে ভারতকে হত্যা করতে চান। ভারতমাতাকে হত্যা করতে চান।’

প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে রাহুল বলেন, ‘মোদিজি ভারতের আওয়াজ শুনতে চান না। ভারতের মনের কথা শুনতে চান না। রাবণ যেমন শুধু দুজনের কথা শুনতেন, মেঘনাদ ও কুম্ভকর্ণ—মোদিজিও তেমন শুধু দুজনের কথা শোনেন। অমিত শাহ (স্বরাষ্ট্রমন্ত্রী) ও আদানি (শিল্পপতি গৌতম আদানি)।’

রাহুল বলেন, ‘লঙ্কাকে হনুমান জ্বালাননি। লঙ্কাকে জ্বালিয়েছিল রাবণের অহংকার। রামচন্দ্র রাবণকে মারেননি। রাবণকে মেরেছিল তাঁর অহংকার।’