কংগ্রেসের সেই বায়রন বিশ্বাস যোগ দিলেন তৃণমূলে
কংগ্রেসশূন্য পশ্চিমবঙ্গ বিধানসভায় তিনিই ছিলেন একমাত্র বিধায়ক। উপনির্বাচনে তাঁর জয়ের পর বাম-কংগ্রেসের জোট ‘সাগরদিঘি মডেল’-এর কথা বলেছিল উচ্চ সুরে। রাজ্য বিধানসভার একমাত্র বিধায়ক বায়রন বিশ্বাস যোগ দিলেন তৃণমূলে।
আজ সোমবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বায়রন। অভিষেক বায়রনের হাতে তুলে দেন দলের পতাকা।
২০২১ সালে পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার সর্বশেষ নির্বাচনে রাজ্যের ২৯৪টি আসনের মধ্যে কংগ্রেস এবং বাম দল একটি আসনেও জিততে পারেনি। এ বছরের ২৭ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভার উপনির্বাচনে এই আসনে তৃণমূলকে হারিয়ে কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস বাম দলকে সঙ্গে নিয়ে লড়াই করে ওই আসনে জয়লাভ করেন। ২ মার্চ এই কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়। জয়ের পর তিনি একহাত নিয়ে তৃণমূলকে বলেছিলেন, তিনিই কংগ্রেসের পতাকা তুলে ধরবেন। তৃণমূলের বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত রাখবেন।
বাম-কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস ২২ হাজার ৯৮০ ভোটে তৃণমূল প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রাজ্যে নতুন এক ইতিহাস সৃষ্টি করেন।
সেই বায়রন বিশ্বাস তিন মাস পূর্ণ হওয়ার আগেই আজ ঢুকে পড়লেন তৃণমূলে। আর আজ তৃণমূলে যোগ দিয়ে বলেছেন, ‘আমার মন পড়েছিল তৃণমূলের দিকেই। আরও বেশি করে মমতার উন্নয়নের কথা পৌঁছে দেওয়ার জন্য আমি যোগ দিলাম তৃণমূলে। সাগরদিঘির মানুষের কথা চিন্তা করেই আবার এই সিদ্ধান্ত।’
বাম-কংগ্রেস জোট এবার আদাপানি খেয়ে তাদের প্রার্থী বায়রন বিশ্বাসের পক্ষে প্রচারে নামে। জিতিয়ে আনার লক্ষ্যে কাজ করে যায়। আর বাম-কংগ্রেস নেতারা এই উপনির্বাচনে প্রচারের অস্ত্র করেন তৃণমূল সরকারের দুর্নীতিকাণ্ডকে। শিক্ষাক্ষেত্রে চাকরির নামে কোটি কোটি টাকার ঘুষ, কয়লাখনি ও বালু খাদান থেকে তৃণমূল নেতাদের চাঁদাবাজি, বিভিন্ন চাকরিতে ঘুষ ইত্যাদি ইস্যু করে। বাম-কংগ্রেস জোট এসব দাবি নিয়ে সাগরদিঘিতে তৃণমূলবিরোধী ঝড় তোলে। এই ঝড়েই তছনছ হয়ে যায় সাগরদিঘিতে তৃণমূলের সাজানো বাগান।
আজ বায়রন বিশ্বাস বলেছেন, ‘সাগরদিঘির জয়ের ব্যাপারে কংগ্রেসের কোনো ভূমিকা ছিল না। আমার ব্যক্তিগত ক্যারিশমায় আমি জয়ী হয়েছি। আসলে আমি তৃণমূলের লোক। আমি তাদের সমর্থন না পেলে এই বিপুল ভোটে জিততে পারতাম না। বরাবর আমি তৃণমূল করতাম। কিন্তু টিকিট পাইনি বলে কংগ্রেসে যাই।’
আজ যোগদান অনুষ্ঠানে সাংবাদিকেরা বায়রনকে জিজ্ঞেস করেন, ‘আপনি তো কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন।’ উত্তরে বায়রন বললেন, ‘সময়ই তা বলে দেবে। সামনের নির্বাচনে আরও বেশি ভোটে তৃণমূলের টিকিটে জিতব।’