কলকাতায় ‘ইন্দো-বাংলা প্রেসক্লাব’ এর যাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দো-বাংলা প্রেসক্লাব লোগো
ছবি : সংগৃহীত

কলকাতায় প্রেসক্লাব থাকলেও সেখানে কলকাতায় কর্মরত বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিরা সদস্যপদ পেতেন না। এই সমস্যা দূর করতে কলকাতায় কর্মরত বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র ও গণমাধ্যমের প্রতিনিধিরা গঠন করেছেন ইন্দো-বাংলা প্রেস ক্লাব। বুধবার থেকে এই প্রেসক্লাবের পথচলা শুরু হয়েছে। ইন্দো-বাংলা প্রেস ক্লাব সরকার থেকে নিবন্ধনও পেয়েছে।

কলকাতায় এখন বাংলাদেশের গণমাধ্যমের ২০ জন সাংবাদিক কর্মরত রয়েছেন। তাদের অস্থায়ী দপ্তর করা হয়েছে কলকাতার পি-৭৩, সিআইটি রোড, দেব লেনে।

ইন্দো-বাংলা প্রেস ক্লাবের যাত্রাকে সামনে রেখে বুধবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রথম আলোর প্রতিনিধি অমর সাহা, সময় টিভির প্রতিনিধি সুব্রত আচার্য, চ্যানেল ২৪ ও সমকালের প্রতিনিধি শুভজিৎ পুততুন্ড, জাগো নিউজ-২৪ এর প্রতিনিধি জ্যোতির্ময় দত্ত, ইত্তেফাকের প্রতিনিধি তারিক হাসান, বাংলা নিউজ ২৪ ও নিউজ ২৪ এর প্রতিনিধি ভাস্কর সরদার, প্রথম আলোর ফটো সাংবাদিক ভাস্কর মুখার্জি, দৈনিক সংবাদের প্রতিনিধি দীপক মুখার্জি, যমুনা টেলিভিশনের কলকাতা প্রতিনিধি সুকান্ত চট্টোপাধ্যায়, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি দেবপ্রসাদ অধিকারী, নিউজ ২৪ এর ভিডিও জার্নালিস্ট শাকিল আবেদীন প্রমুখ।

ক্লাবের নিয়ম অনুয়ায়ী, যাঁরা নিয়মিত বাংলাদেশ গণমাধ্যমের ভারতীয় প্রতিনিধি তাঁরা এর সদস্যপদ পাবেন। যাঁরা বাংলাদেশ বা অন্য দেশের নাগরিক তাঁরা পাবেন সম্মানজনক সদস্য পদ।

ক্লাবের উদ্দেশ্য হল, বাংলাদেশ গণমাধ্যমের ভারতীয় প্রতিনিধিদের একসঙ্গে কাজ করা এবং একে অপরের পাশে থাকা। ইন্দো-বাংলা প্রেস ক্লাবের অ্যাডহক কমিটির সভাপতি ও সম্পাদক নির্বাচিত হয়েছেন কিংশুক চক্রবর্তী ও শুভজিৎ পুততুন্ড।