১৭ কোটি টাকা উদ্ধার, কলকাতার মোবাইল গেমিং ব্যবসায়ী আমির খান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ সেপ্টেম্বর কলকাতায় আমির খানের বাসভবন ও অফিস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি
ছবি: ভাস্কর মুখার্জি

কোটি টাকা প্রতারণার দায়ে অভিযুক্ত কলকাতার মোবাইল গেমিং ব্যবসায়ী আমির খানকে উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে ১০ সেপ্টেম্বর তাঁকে ধরতে তাঁর কলকাতার বাসায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কিন্তু এর আগেই বাসা থেকে পালিয়ে যান তিনি। ওই দিনই আমির খানের বাসা ও অফিসে তল্লাশি তালিয়ে ১৭ কোটি ৩২ লাখ রুপি উদ্ধার করে ইডি।

গত জুন মাসে আমির খানের বিরুদ্ধে কলকাতার পার্ক স্ট্রিট থানায় প্রতারণার মামলা দায়ের হয়েছিল। অভিযোগ উঠেছিল, দলবল নিয়ে ‘ই-নাগেটস’ নামের একটি মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করছেন তিনি। সেই মামলা তদন্তের দায়িত্ব পেয়েছিল ইডি। তদন্তে উঠে আসে মোবাইল গেমিং অ্যাপের মাধ্যমে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য।

এই তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর আমির খানের গার্ডেন রিচের বাসভবনে অভিযান চালায় ইডি। সেখানে দোতলার একটি ঘরে খাটের নিচে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। পরে আমির খানের নিউ টাউনের অফিসে তল্লাশি করেও প্রচুর টাকার সন্ধান মেলে। বিপুল পরিমাণ টাকা গুনতে ভারতের স্টেট ব্যাংক থেকে ৮টি টাকা গণনার যন্ত্র এনে টাকা গোনা হয়।

ওই দিন তল্লাশি শুরু হলে আমির খান ও তাঁর বাবা নিসার আহমেদ খান পালিয়ে যান। পরে লালবাজারের সাইবার ক্রাইম শাখা ও কলকাতা পুলিশ আমির খানের মুঠোফোন ট্র্যাক করে।