জয়শঙ্কর ‘গুজরাটের অসুরদের’ সেবা করছেন, কটাক্ষ তৃণমূল নেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য জহর সরকার
টুইটার থেকে নেওয়া ছবি

পূর্ব লাদাখে চীনা আগ্রাসন নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণের পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার কংগ্রেস সরাসরি জানতে চেয়েছে, তিনি ‘স্টকহোম সিনড্রোমে’ ভুগছেন কি না। এ প্রশ্নের পাশাপাশি কংগ্রেসের অভিযোগ, পররাষ্ট্রমন্ত্রী ভারতের সেনাবাহিনীর শৌর্য ও বীরত্বকেও আহত করেছেন।

গতকাল মঙ্গলবার সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর বিবিসির তথ্যচিত্র, চীনা আগ্রাসনসহ বেশ কিছু বিষয়ে বিরোধী মনোভাবের সমালোচনা করেন। দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্তের তত্ত্বও জাহির করেন। পাশাপাশি নিজের প্রয়াত পিতাকে কীভাবে কংগ্রেসের আমলে অপমানিত হতে হয়েছিল, তার উল্লেখও তিনি করেছিলেন। ওই প্রসঙ্গে ২০০২ সালে গুজরাট দাঙ্গা নিয়ে তাঁর পিতা কে সুব্রামানিয়ামের এক নিবন্ধ বিশেষভাবে আলোচিত হচ্ছে। জয়শঙ্করকে শুনতে হচ্ছে, তাঁর বাবা যাঁদের ‘অসুর’ বলেছিলেন, ছেলে তাঁদের হয়ে কাজ করছেন।

স্টকহোম সিনড্রোম একধরনের মানসিকতা, যা অপরাধীকে আড়াল করে। ১৯৭৩ সালে সুইডেনের স্টকহোমে এক ব্যাংকে ডাকাতি হয়েছিল। ডাকাতেরা চারজনকে পণবন্দী করেছিল। সেই চারজন ডাকাতদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়েন। পরবর্তী সময়ে আদালতে ডাকাতদের বিরুদ্ধে তাঁরা সাক্ষ্য দিতে অস্বীকার করেছিলেন। চীনা আগ্রাসনের পর জয়শঙ্কর সেই মানসিকতায় ভুগছেন কি না, জানতে চেয়ে কংগ্রেস বেশ কয়েকটি প্রশ্ন রেখেছে। যেমন চীনা আগ্রাসনের যেসব ছবি প্রকাশ্যে এসেছে, সেগুলো কী? যেসব এলাকায় ভারতীয় ফৌজ টহল দিত, এখন তা বাফার জোন কেন? চীন যে সেতু তৈরি করছে, সেটা কী? ভারতের কোনো জমি চীন দখল করেনি, প্রধানমন্ত্রীকে এ কথা বলার পরামর্শ তিনি দিয়েছিলেন কি না এবং জয়শঙ্কর স্টকহোম সিনড্রোমে ভুগছেন কি না।

কংগ্রসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে আজ বলেন, ‘আমি ঠাট্টাচ্ছলে এ কথা বলছি না। স্টকহোম সিনড্রোমে অপহৃত ব্যক্তিরা অপহরণকারীদের প্রেমে পড়ে যায়। আপনাদের সেই দশা হয়েছে। রক্তচক্ষু না দেখিয়ে লাল কার্পেট পেতে লাল জামা পরে সি চিন পিংকে স্বাগত জানিয়েছেন।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর
ছবি: রয়টার্স

পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সুপ্রিয়া বলেন, চীনা আগ্রাসন নিয়ে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিরক্তিকর ও ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করে তিনি দেশের সেনাবাহিনীর শৌর্য ও বীরত্বকেও খাটো করেছেন। বাহিনীকে অসম্মান করেছেন। সুপ্রিয়া বলেন, পররাষ্ট্রমন্ত্রী চীনের বিশাল অর্থনীতির সঙ্গে ভারতের ক্ষুদ্র অর্থনীতির তুলনা টেনেছেন। এ মন্তব্যের মধ্য দিয়ে তিনি সেনাবাহিনীর গরিমায় আঘাত করেছেন। তাঁর মন্তব্যের নির্যাস, বড় শক্তির সঙ্গে কারও লড়াই করা উচিত নয়। সুপ্রিয়া বলেন, চীন প্রসঙ্গে এমন কথা এর আগে আর কেউ বলেননি। অথচ জয়শঙ্কর সবার চেয়ে বেশি সময় চীনে ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন!

জয়শঙ্করকে একহাত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য জহর সরকারও। পররাষ্ট্রমন্ত্রীর বাবা কে সুব্রামানিয়ামের ছবি ও তাঁর লেখা এক নিবন্ধ থেকে কিছু মন্তব্য তুলে তিনি বলেছেন, এটা লজ্জার যে গুজরাটের অসুরদের জয়শঙ্কর সেবা করছেন।

কে সুব্রামানিয়াম ২০০২ সালে গুজরাট দাঙ্গার পর এক নিবন্ধ লিখেছিলেন। সেই নিবন্ধে ঈশ্বর, সত্য, ধর্ম, অধর্ম ইত্যাদি নিয়ে তিনি নিজের বিশ্বাস ও ধারণার কথা লিখে জানিয়েছিলেন, গুজরাটে ধর্মকে হত্যা করা হয়েছিল। নিজের প্রতিবেশীদের যারা ছুরি মেরে, পুড়িয়ে হত্যা করে, তারা নিজেদের হিন্দু বলে কী করে?

সেই নিবন্ধের উল্লেখ করে জহর সরকার টুইটে লিখেছেন, ‘নিরীহ মানুষদের রক্ষা করতে না পারাটা অধর্ম। গুজরাটে ধর্মের মৃত্যু হয়েছে। রাম থাকলে গুজরাটের অসুর শাসকদের তিরবিদ্ধ করতেন। পুত্রকে (জয়শঙ্কর) ধিক্কার। অসুরদের সেবার জন্য।’ তিনি লিখেছেন, ‘বিস্ময়ের এটাই যে গান্ধীদের আমলে সেরা পোস্টিং পেয়ে ভালো কাজ করার পর জয়শঙ্কর এখন তাঁদের বিরুদ্ধাচরণ করছেন। জানি না এটা তাঁর স্মৃতিভ্রংশের কারণ নাকি অপ্রত্যাশিতভাবে পররাষ্ট্রমন্ত্রীর পদ পেয়ে বিজেপিকে আঁকড়ে ধরতে চাইছেন?’