ফটক টপকে যন্তর মন্তরে গিয়ে আবার আটক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র সৌরভ দাস ও জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কাকে আজ মঙ্গলবার সকালে আটক করেছে দিল্লি পুলিশ। তালাবদ্ধ ফটক টপকে যন্তর মন্তরে প্রবেশ করার পর তাঁদের আটক করা হয়।
আশুতোষ রাঙ্কা এ নিয়ে নিজের এক্স হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে দেখা যায়, তিনি, সৌরভ ও অজিঙ্ক শিন্ডে যন্তর মন্তরের তালাবদ্ধ ফটক টপকে ভেতরে ঢুকছেন। সেখানে ঢুকে জাতীয় পতাকা মেলে ধরেন তাঁরা। পরে উপস্থিত পুলিশ সদস্যরা তাঁদের বাধা দেন ও আটক করেন।
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আর কাউকে বিক্ষোভ সমাবেশ বা ধরনায় বসতে দেওয়া হবে না। গত রোববার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়।
যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভ-সমাবেশের জন্য অন্য তিনটি জায়গা ঠিক করে দেওয়া হয়েছে। সেগুলো হলো, পুরান দিল্লির রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ ও পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা ‘সিবিডি’ ময়দান।
এ নির্দেশিকা জারি করে দিল্লি পুলিশ বলেছে, এবার থেকে বিক্ষোভ দেখাতে হলে এ তিনটি জায়গার কোনো একটি বেছে নিতে হবে।
অর্থাৎ সেন্ট্রাল বা মধ্য দিল্লির কোথাও আর বিক্ষোভের অনুমতি থাকল না।