‘বিদেশি’ রাখতে আসামে চালু হলো প্রথম স্থায়ী বন্দিশিবির
আসামের গোয়ালপাড়া জেলার মাটিয়ায় গত শুক্রবার রাজ্যের এবং ভারতের প্রথম ‘ডিটেনশন ক্যাম্প’ বা বন্দিশিবির চালু হলো। ‘বিদেশি’ অভিযোগে যেসব শিশু, নারী ও পুরুষকে আটক করা হয়েছে, তাঁদের রাখার জন্যই এই শিবির।
শুক্রবারই ‘বিদেশি’ অভিযোগে আটক হওয়া অন্তত ৬৮ জনকে এই শিবিরে পাঠানো হয় বলে আসাম পুলিশের ইন্সপেক্টর জেনারেল বর্ণালি শর্মা প্রচারমাধ্যমকে জানিয়েছেন। এই ৬৮ জনের মধ্যে ২১ জন নারী এবং ২টি শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। সরকারিভাবে অবশ্য এই বন্দিশিবিরকে ‘ট্রানজিট ক্যাম্প’ বলা হচ্ছে।
২০২২ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত ১৯৫ জন আসামের ৬টি অস্থায়ী বন্দিশিবিরে ছিলেন। তাঁদের মধ্যে এখন ৬৮ জনকে এই স্থায়ী বন্দিশিবিরে নিয়ে যাওয়া হলো। মোটামুটি ২০ বিঘা জমির ওপরে ৪৬ কোটি ভারতীয় রুপি ব্যয়ে এই শিবির বানানো হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল বর্ণালি শর্মা বলেছেন, যাঁরা ‘বিদেশি’ নাগরিক হিসেবে চিহ্নিত হয়েছেন, তাঁদেরই এখানে আনা হয়েছে। অন্য একটি সূত্র জানিয়েছে, বন্দিশিবিরে যাঁদের আনা হয়েছে, তাঁদের আসামের ‘ফরেনারস ট্রাইব্যুনাল’ অতীতে ‘বিদেশি’ বলে চিহ্নিত করেছিল। এ ছাড়া, সাধারণ আদালত যাঁদের দোষী সাব্যস্ত করেছেন, ভিসাবিষয়ক নির্দেশ অপব্যবহারের জন্য, তাঁদেরও আনা হয়েছে গোয়ালপাড়ার বন্দিশিবিরে।
বর্ণালি শর্মা বলেন, খুব অল্পসংখ্যক কর্মী দিয়ে বন্দিশিবিরটি চালানো হচ্ছে। তবে যাঁদের আনা হচ্ছে, তাঁদের জন্য প্রয়োজনীয় সুবিধা এবং পরিকাঠামো দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বাংলাদেশি অভিযোগে আটক হওয়া মানুষদের মামলা অধিকাংশ ক্ষেত্রেই শেষ হয়নি এবং তাঁদের এখনই সুনিশ্চিতভাবে বাংলাদেশি বা বিদেশি বলা যাচ্ছে না। তাই তাঁদের ভারতের কারাগারেও পাঠানো যাচ্ছে না। অন্যদিকে, বাংলাদেশি বলে চিহ্নিত এই ব্যক্তিদের বাংলাদেশ তখনই ফেরত নেবে, যখন ভারত তাঁদের বাংলাদেশি বলে প্রমাণ করতে পারবে—২০১৯ সালের ডিসেম্বর মাসে এই প্রতিবেদককে এ কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গহর রিজভী। যেহেতু এই ব্যক্তিদের বাংলাদেশি প্রমাণ করতে পারার সম্ভাবনা নেই, তাই তাঁদের অনির্দিষ্টকালের জন্য বন্দিশিবিরের রাখার জন্যই এই ‘ডিটেনশন ক্যাম্প’ তৈরি করা হয়েছে বলে আসামের এক আইনজীবী প্রথম আলোকে জানান।
ভারতের বিদেশি শনাক্ত করতে যে নাগরিকপঞ্জি (ন্যাশনাল রেজিস্ট্রার অব সিটিজেনস বা এনআরসি) তৈরি করার কাজ ২০১৩ সালে শুরু হয়, সেখানে ১৯ লাখ মানুষের নাম বাদ যায়। তাঁদের মধ্যে ১৫ লাখ হিন্দু। এখন অবশ্য আসাম সরকার জানিয়েছে, সেই নাগরিক চিহ্নিতকরণের প্রক্রিয়া সঠিক ছিল না এবং এর জন্য সেই সময়ে দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা প্রতীক হাজেলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্প্রতি ভারতের কেন্দ্র ও রাজ্য সরকারের আয়–ব্যয়ের হিসাব খুঁটিয়ে দেখার দায়িত্বে থাকা সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অব ইন্ডিয়া (সিএজি) জানিয়েছে, নাগরিকপঞ্জি সঠিকভাবে প্রস্তুত করা হয়নি। নাগরিকপঞ্জির তথ্যে প্রবল কারচুপি হওয়ার আশঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছে সিএজি। এখন পর্যন্ত এই নাগরিকপঞ্জিকে স্বীকৃতি দেননি ভারতের রেজিস্ট্রার জেনারেল।
এ বিতর্কের মধ্যেই কোনো প্রচার বা ঘোষণা ছাড়াই গোয়ালপাড়ার বন্দিশিবির চালু করে দিল আসাম সরকার। এ শিবিরকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম বলে চিহ্নিত করেছে প্রচারমাধ্যম। এখানে তিন হাজার পর্যন্ত মানুষকে অনির্দিষ্টকালের জন্য রাখা যাবে।
শুক্রবার সকালে কঠোর নিরাপত্তায় দুটি বাসে করে বন্দীদের এনে ওই শিবিরে ঢুকিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দীদের নিয়ে যাওয়ার সময় বাসের আগে ও পেছনে রাজ্য পুলিশের পাহারা ছিল এবং বিষয়টির তত্ত্বাবধানে ছিলেন একজন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পর্যায়ের কর্মকর্তা। বাসের জানালা পর্দা দিয়ে ঢেকে ফেলা হয়েছিল এবং বাসে বা বন্দিশিবিরের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হয়নি বলেও জানানো হয়েছে। মনে করা হচ্ছে, আগামী দিনে অন্যান্য অস্থায়ী বন্দিশিবির থেকে সবাইকে এনে এখানে রাখা হবে এবং অস্থায়ী শিবিরগুলো বন্ধ করে দেওয়া হবে। ছয়টি অস্থায়ী শিবির এখন স্থায়ী কারাগারের মধ্যেই রয়েছে। এক বন্দীর আইনজীবী প্রথম আলোকে জানান, এখন যাঁরা বন্দী, তাঁরা একেবারেই দরিদ্র পরিবারের মানুষ। তাঁদের অনেকে হিন্দু সম্প্রদায়ের।
এক আইনজীবী বলেন, যাঁদের মোটামুটি অর্থ ছিল এবং যাঁরা পয়সা খরচ করে আইনি লড়াই লড়তে পেরেছেন, তাঁরা সবাই মোটামুটিভাবে মুক্তি পেয়েছেন। তাঁরা যে ভারতের নাগরিক নন, তা রাজ্য সরকার প্রমাণ করতে পারেনি। এখন যাঁরা বন্দী, তাঁরা খুবই দরিদ্র এবং নিজের পয়সায় আইনি লড়াইয়ের অবস্থায় তাঁরা নেই। তাঁদেরই এখন স্থান হবে এই বিশাল ডিটেনশন ক্যাম্পে।
ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে ১৯৫১ সালের নাগরিকপঞ্জি চূড়ান্ত করার কাজে হাত দিয়েছিল আসাম সরকার। এর লক্ষ্য ছিল সেসব বেআইনি নাগরিক চিহ্নিতকরণ, যাঁরা ১৯৭১ সালের ২৫ মার্চের পরে রাজ্যে প্রবেশ করেছেন।