দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার আগে হাঁটুর চিকিৎসায় হাসপাতালে ভর্তি রাহুল
দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরু হবে আগামী সেপ্টেম্বরে। এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী তাঁর হাঁটুর সমস্যা সারিয়ে ফেলতে চাইছেন। সে জন্য কেরালার মালাপ্পুরম জেলার কোট্টাকলের বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসালয় আর্য বৈদ্যশালায় তিনি ভর্তি হয়েছেন। ২৯ জুলাই পর্যন্ত এ চিকিৎসাকেন্দ্রে তিনি থাকবেন। এরপরও থাকতে হবে কি না, সেটা নির্ভর করবে চিকিৎসকদের মতামতের ওপর।
টানা পাঁচ মাস পদযাত্রা করার কারণে রাহুলের হাঁটু জখম হয়েছিল। পদযাত্রা চলাকালে তিনি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে তা জানিয়েছিলেন। কংগ্রেস সূত্রের খবর, রাহুল চান আগামী সেপ্টেম্বরে দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা শুরুর আগে সেই সমস্যা সারিয়ে ফেলতে, যাতে মাঝপথে যাত্রায় বিঘ্ন না ঘটে।
প্রথম ভারত জোড়ো যাত্রা শুরু হয়েছিল গত বছরের ৭ সেপ্টেম্বর। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে শুরু হওয়া সেই যাত্রা ১২টি রাজ্য ঘুরে চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে জানুয়ারিতে শেষ হয়েছিল কাশ্মীরের শ্রীনগরে।
ওই যাত্রার সাফল্যের পর কংগ্রেস দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার কথা ঘোষণা করেছিল। বলা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় যাত্রা শুরু হবে পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল থেকে। শেষ হবে পশ্চিমের রাজ্য গুজরাটে। দ্বিতীয় যাত্রাও তিন-চার মাস চলার কথা। যাত্রাপথ প্রায় তিন হাজার কিলোমিটার।
দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার কথা ঘোষণার পর জাতীয় রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে। এ ছাড়া দ্বিতীয় যাত্রা চলাকালে পাঁচ রাজ্যের বিধানসভার ভোটও পড়বে। এ রাজ্যগুলোর মধ্যে রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের মিজোরাম, দক্ষিণের তেলেঙ্গানা, মধ্য ভারতের মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় এবং পশ্চিম ভারতের রাজস্থান। এসব রাজ্যে প্রচারের জন্য রাহুল গান্ধীকে সময় বের করতে হবে। কাজেই প্রথম যাত্রার মতো এ যাত্রা একভাবে চালানো হবে কি না কিংবা চালানো যাবে কি না, সেই প্রশ্ন কংগ্রেসের নীতিনির্ধারকেরা বিবেচনা করছেন।
দ্বিতীয় চিন্তার বিষয় মণিপুর। দ্বিতীয় ভারত জোড়ো যাত্রা ঘোষণার সময় মণিপুর পরিস্থিতি এমন ঘোলাটে ছিল না। ভারত জোড়ো যাত্রা চলাকালে রাহুল বারবার যে কথা বলে এসেছেন—‘ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলেছি’, মণিপুরে সেই ভালোবাসা ছড়ানো এ মুহূর্তে বিশেষ জরুরি। সেই লক্ষ্যে মণিপুরসহ উত্তর–পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যকে দ্বিতীয় যাত্রায় শামিল করা যায় কি না, গেলেও কীভাবে, তা চিন্তাভাবনা করা হচ্ছে। সে ক্ষেত্রে যাত্রা আগের মতো নিরবচ্ছিন্ন হতে পারবে কি না, ভাবা হচ্ছে।
তৃতীয় বিষয়টি বিরোধী জোট ‘ইন্ডিয়া’–সংক্রান্ত। ভারত জোড়ো যাত্রা একান্তভাবেই কংগ্রেসের নিজস্ব। কিন্তু সেই যাত্রায় শরিক হতে কংগ্রেসের পক্ষ থেকে দলমত-নির্বিশেষে সবাইকে আহ্বান জানানো হয়েছিল। অনেকে যোগও দিয়েছিলেন। দ্বিতীয় যাত্রায় ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের বিশেষভাবে আহ্বান জানানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই লক্ষ্যে যাত্রার ট্যাগলাইন হিসেবে ‘ভারত জুড়েগা, ইন্ডিয়া জিতেগা’ ভাবা হয়েছে। এতে দুই লক্ষ্যই পূরণ হবে বলে কংগ্রেস মনে করছে।
বিরোধী জোটের নাম ‘ইন্ডিয়া’, যা বিজেপিকে বিরাট অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে বলে কংগ্রেসসহ অন্য বিরোধীরা মনে করছে। বিজেপি এ লড়াইকে ‘ইন্ডিয়া’র সঙ্গে ‘ভারত’-এর বলতে চাইলেও পিছিয়ে আসতে বাধ্য হয়েছে নতুন জোটের নতুন ট্যাগলাইনের দরুন। ‘ইন্ডিয়া’র সঙ্গে সেই ট্যাগলাইন হচ্ছে—‘ভারত জিতেগা’। এই ট্যাগলাইন আবার রাজ্যে রাজ্যে স্থানীয় ভাষায় অনূদিত হবে। যেমন বাংলা, মারাঠা, গুজরাটি, তামিল, মালয়ালম ইত্যাদি। দ্বিতীয় ভারত জোড়ো যাত্রায় এসব দিক মাথায় রেখেই স্লোগানসহ প্রচারের অন্যান্য বিষয় ঠিক করার কথা ভাবা হয়েছে।
দ্বিতীয় ভারত জোড়ো যাত্রার দিনক্ষণ ঠিক করার আগে কংগ্রেস মোদি পদবি মামলায় সুপ্রিম কোর্ট কী রায় দিচ্ছেন, সেটা দেখতে চায়। গুজরাটের সব আদালত রাহুলের বিরুদ্ধে রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট সাজা স্থগিত রাখলে একরকম, না হলে যাত্রা ও পরবর্তী বিষয়গুলো অন্যভাবে চিন্তাভাবনা করতে হবে। রায় দেখেই ঠিক করা হবে, কবে থেকে যাত্রা শুরু হতে পারে।