মমতা সরকারের পতন ডিসেম্বরের মধ্যেই, বললেন বিজেপি সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার
ছবি: ভাস্কর মুখার্জি

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ভবিষ্যদ্বাণী করে বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের মমতা সরকারের পতন হতে পারে।

আজ মঙ্গলবার হুগলিতে বলিউড তারকা মিঠুন চক্রবর্তীকে নিয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

সুকান্ত মজুমদার বলেন, ‘যেভাবে রাজ্যব্যাপী সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নেতা, সাংসদ, বিধায়ক এবং মমতা সরকারের বিভিন্ন নামী পদাধিকারীরা দুর্নীতির জালে আটকা পড়ছে, তাতে এ সম্ভাবনা দৃঢ় হয়েছে, আগামী ডিসেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের পতন হতে পারে। শুধু তা-ই নয়, এই দুর্নীতিকাণ্ডের জেরে মমতা কারাগারেও যেতে পারেন।’

একের পর দুর্নীতির ঘটনায় মমতার মন্ত্রিসভার সাবেক প্রভাবশালী সদস্য পার্থ চট্টোপাধ্যায় এবং দলের প্রভাবশালী নেতা অনুব্রত মণ্ডল এখন কারাগারে। এ ছাড়া তৃণমূলঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ উদ্ধারের ঘটনাও ঘটেছে। এসব নিয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দলটি এখন বেশ বেকায়দায়।

আজ সুকান্ত মজুমদার আরও বলেন, রাজ্যব্যাপী রাজ্য সরকারের সীমাহীন দুর্নীতির ঘটনা ফাঁস হয়ে পড়ায় এখন মমতার জনপ্রিয়তায় ভাটা দেখা দিয়েছে। তাই মমতা সরকারের নতুন বছর শুরু হওয়ার আগেই এ সরকারের পতন হতে পারে।

সুকান্ত মজুমদার বলেন, ‘এটা এখন স্পষ্ট হচ্ছে, একটা সময়ে এ রাজ্যে হাতে গোনা কয়েকজন মন্ত্রী জেলের বাইরে থাকবেন। বাকি নেতাদের অনেকেই জেলের ভেতরে থাকবেন। আমার মনে হয়, ডিসেম্বরের মধ্যে এ রাজ্যে এমন পরিস্থিতির সৃষ্টি হবে। আমি জানি না তখন মুখ্যমন্ত্রী জেলে থাকবেন কি না। কারণ, এমনও হতে পারে তখন মুখ্যমন্ত্রীও জেলে রইলেন! যদি তা হয়, তবে নিশ্চিত বলা যায়, এ সরকারের পতন হবে ডিসেম্বরের মধ্যেই।’

সুকান্তের এ মন্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, বিজেপি তো এখন এ রাজ্যে অস্তিত্বের সংকটে। দল এ রাজ্যে থাকবে কি না, তাই নিয়ে তাদের এখন দৌড়ঝাঁপ চলছে। তাই তো দলকে টিকিয়ে রাখতে ও চাঙা করতে মিঠুন চক্রবর্তীকে এবার পাঠানো হয়েছে এ রাজ্যে।

কুণাল ঘোষ বলেছেন , সিবিআই এবং ইডি দিয়ে যদি সরকার বদল হয়, তবে রাজ্যপাল, মুখ্যমন্ত্রী পদে তদন্তকারী সংস্থার কর্মকর্তাদের বসানো হোক না।