ভারতের নতুন সংসদ ভবনে স্বর্ণদণ্ড সেঙ্গল রাখা নিয়েও বিতর্ক
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ভারতের নতুন সংসদ ভবনের। সব বিতর্ক আর সমালোচনা পাশ কাটিয়ে রোববার সকালে শুরু হচ্ছে এর উদ্বোধনী পর্ব। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নতুন ভবনে প্রাচীনকালের রত্নখচিত এক স্বর্ণদণ্ড ‘সেঙ্গল’ রাখা নিয়েও নতুন করে বিতর্ক উঠেছে।
কোভিড পরিস্থিতিতে ভারতের বেহাল অর্থনীতির মধ্যে প্রধানমন্ত্রী মোট ২৪ হাজার কোটি রুপির ‘সেন্ট্রাল ভিস্তা’ প্রকল্পের কাজ শুরু করেছিলেন। নতুন সংসদ ভবন সেই প্রকল্পেরই এক অংশ। সে সময় এ প্রকল্পের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন মহলে কথা উঠেছিল। জনস্বার্থের মামলাও হয়েছিল।
তবে সব বাধা ডিঙিয়ে, সব আপত্তি অগ্রাহ্য করে গড়ে তোলা হয় নতুন সংসদ ভবন। রোববার সকাল সোয়া সাতটা থেকে শুরু হতে চলেছে এর উদ্বোধনী পর্ব। শেষ হবে বেলা দুইটায়।
প্রাথমিক পর্বে বিতর্কের কেন্দ্রে ছিল সিদ্ধান্তের প্রয়োজনীয়তা। উদ্বোধনী পর্বে এসে তা নতুন রূপ পায়। সংসদের অভিভাবক দেশের রাষ্ট্রপতি। তাঁর আহ্বানে সংসদের অধিবেশনের শুরু ও সমাপ্তি ঘটে। দুই কক্ষের সদস্যদের যৌথ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়েই প্রতিবছর শুরু হয় সংসদের বাজেট অধিবেশন। সেই অভিভাবককে ব্রাত্য রেখে কেন সরকারপ্রধান নতুন ভবনের উদ্বোধন করছেন, সেই বিতর্কে দেশ উত্তাল।
অধিকাংশ বিরোধী দল অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া সত্ত্বেও সরকার অটল। পঞ্জিকা মেনে ১৪ জ্যৈষ্ঠ অষ্টমী তিথির মাহেন্দ্রক্ষণে অনুষ্ঠান শুরু করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন ভবনে উপস্থিত হবেন সকাল সোয়া সাতটায়। সাড়ে সাতটায় শুরু পূজা-অর্চনা ও যজ্ঞানুষ্ঠান।
ধর্মনিরপেক্ষ ভারতের গণতন্ত্রের পীঠস্থানে কেন হিন্দু ধর্মাচরণ, সেই বিতর্ক নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের সময়ও উঠেছিল, এবারেও হয়তো উঠবে। কিন্তু সেবার ওই প্রশ্ন সরকারের কাছে অবান্তর ঠেকেছিল, এবারেও নিশ্চিতই অবান্তর ঠেকবে।
বিতর্ক উঠেছে প্রাচীনকালের রত্নখচিত এক স্বর্ণদণ্ড ‘সেঙ্গল’কে কেন্দ্র করে। প্রাচীনকালে দাক্ষিণাত্যে রাজত্ব করা চোল বংশের প্রথা ছিল নতুন রাজার হাতে সেঙ্গল তুলে দেওয়ার। সেঙ্গল বিনিময় ছিল ক্ষমতা হস্তান্তরের প্রতীক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেনও নাকি স্বর্ণদণ্ড সেঙ্গল জওহরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিলেন। সেটা নাকি করা হয়েছিল শেষ গভর্নর জেনারেল চক্রবর্তী রাজাগোপালাচারীর পরামর্শ মেনে। সেই অনুযায়ী তৈরি হয় এক সেঙ্গল। মাউন্টব্যাটেন নাকি সেই সেঙ্গলই তুলে দিয়েছিলেন নেহরুর হাতে। নেহরু সেই সেঙ্গল গচ্ছিত রেখেছিলেন এলাহাবাদের সংগ্রহশালায়।
সেখান থেকে মোদি সরকার তা উদ্ধার করে দিল্লি এনেছে। রোববার সেই সেঙ্গলেরই স্থান হবে নতুন সংসদ ভবনের লোকসভায়। এই তথ্য জানানোর মধ্য দিয়ে কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, দেশের প্রাচীন ঐতিহ্যের প্রতি কংগ্রেস কতটা উদাসীন, এটাই নাকি তার প্রমাণ।
বিতর্ক বেঁধেছে সরকারের এই দাবি নিয়েও। কংগ্রেস আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সেঙ্গলের এই কাহিনি পুরোপুরি মনগড়া। মাউন্টব্যাটেন সেঙ্গল হস্তান্তরের মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করেছিলেন, এমন কোনো নথি কোথাও নেই। ১৪ আগস্টের সেই রাতে এমন কোনো সরকারি অনুষ্ঠানও হয়নি। সরকারি কোনো বর্ণনায় এর উল্লেখও নেই। নেহরুর হাতে মাউন্টব্যাটেন সেঙ্গল তুলে দিচ্ছেন, এমন কোনো ছবিও কোথাও নেই। পুরো দাবিই কাল্পনিক।
ইতিহাসবিদদের মতে, তামিলনাড়ুর এক মঠের সাধুরা একটি সেঙ্গল নেহরুর বাসভবনে গিয়ে তাঁর হাতে তুলে দিয়েছিলেন। নেহরু তা গ্রহণও করেছিলেন। সেই তথ্য রয়েছে। সেই সেঙ্গলই রাখা হয়েছিল এলাহাবাদ জাদুঘরে।
চক্রবর্তী রাজাগোপালাচারীর নাতি ও জীবনীকার রাজমোহন গান্ধী এই বিতর্ক প্রসঙ্গে এক নিবন্ধে লিখেছেন, ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতায় সেঙ্গল বিনিময়ের কথা তাঁর অজানা। সরকার যখন তা দাবি করছে, তখন সরকারের উচিত এই বিষয়ে যাবতীয় সরকারি নথি প্রকাশ্যে আনা।
নতুন সংসদ ভবনের উদ্বোধন ঘিরে এই বিতর্কও বড় হয়ে উঠেছে। সেই সঙ্গে মাথাচাড়া দিচ্ছে রাজনীতিও। তামিলনাড়ুতে পায়ের তলায় জমি শক্তি করতে বিজেপি এই সেঙ্গলকে অবলম্বন করতে চাইছে বলে বিরোধীদের অভিযোগ।
রোববার পূজা-অর্চনার পর সকাল সাড়ে আটটায় প্রধানমন্ত্রী লোকসভায় আসবেন। সেখানে ওই স্বর্ণদণ্ড স্থাপন করা হবে স্পিকারের আসনের কাছে। তারপর লবিতে হবে এক প্রার্থনা সভা। সকাল সাড়ে ৯টায় সেই প্রার্থনা সভার পর ফিরে যাবেন মোদি। আবার আসবেন দুপুর ১২টায়। জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হবে অন্য অনুষ্ঠান। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ পাঠ করবেন সংসদের অভিভাবক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের বাণী ও বার্তা। রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গের ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু কংগ্রেস অনুষ্ঠান বর্জন করছে। লোকসভার স্পিকার ওম বিড়লা ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী প্রকাশ করবেন স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে ৭৫ রুপির এক স্মারক মুদ্রা। মোদির ভাষণের মধ্য দিয়ে বেলা দুইটায় শেষ হবে অনুষ্ঠান।
বিতর্ক তবু জিইয়েই থাকবে। নতুন সংসদ ভবনে লোকসভায় আসনসংখ্যা ৮৮৮, রাজ্যসভায় ৩৫০। বর্তমানে লোকসভার সদস্য ৫৪৩ ও রাজ্যসভায় ২৫০। জনসংখ্যা বাড়ার ফলে ভবিষ্যতে রাজ্যে রাজ্যে জনপ্রতিনিধির সংখ্যাও বেড়ে যাবে। সে নিয়ে বিতর্ক ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
কারণ, দক্ষিণ ভারতের সব রাজ্যে জন্মনিয়ন্ত্রণ সফল। সেই রাজ্যগুলোর জনপ্রতিনিধিদের তুলনায় উত্তর ভারতের জনপ্রতিনিধির সংখ্যা অনেকটাই বেড়ে যাবে। কারণ, হিন্দি বলয়ে জনসংখ্যার নিয়ন্ত্রণ দক্ষিণের মতো সফল নয়। ফলে দাক্ষিণাত্যের সমর্থন ছাড়াই উত্তরের প্রভাবশালী দল দেশ শাসনের অধিকারী হবে। এ নিয়ে দাক্ষিণাত্যের রাজনীতিকেরা সরব হয়েছেন।