ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ: কলকাতায় মামলা ও বিক্ষোভ মিছিল
ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন সঞ্জীব মুখোপাধ্যায় নামের কলকাতার এক চিকিৎসক। আবেদনে তিনি বলেন, পৌরসভা এবং রাজ্য সরকার এবার ডেঙ্গু নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তাঁর দাবি, ‘রাজ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য দ্রুত মেডিকেল কমিশন গঠন করা হোক। সেই সঙ্গে মশাবাহিত এ রোগ নিয়ন্ত্রণে ব্যবস্থা নিক রাজ্য সরকার ও পৌরসভাগুলো।’
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে রাজ্যের মুর্শিদাবাদ, কলকাতার লেকটাউন এবং ঠাকুরপুকুরে তিনজনের মৃত্যু হয়েছে। বেসরকারি সূত্রে বলা হয়েছে, এখন পর্যন্ত কলকাতা এবং পশ্চিমবঙ্গে ডেঙ্গুতে ৫২ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪০ জন।
অন্যদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ এনে আজ কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে রাজনৈতিক দল এসইউসিআই। তারা কলকাতার সুবোধ মল্লিক স্কয়ার থেকে ডেঙ্গুবিরোধী এক প্রতিবাদ মিছিল নিয়ে কলকাতার পৌর করপোরেশন পর্যন্ত যায়। সেখানে ডেঙ্গু দমনে ব্যর্থতার অভিযোগ এনে নানা স্লোগান দেয়।
গত শনিবার বিকেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে ডেঙ্গু প্রতিরোধের জন্য রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন ২৪ ঘণ্টা কাজ করতে হবে। এ সময় মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের মুখ্য সচিবের সঙ্গে ভিডিও কনফারেন্সে জানিয়ে দেন, ‘প্রয়োজনে ডেঙ্গু দমনের লক্ষ্যে ২৪ ঘণ্টা কাজ করতে হবে আমাদের। জ্বরে আক্রান্ত রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করতে হবে। তাঁদের খুঁজে বের করতে হবে।’
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আগামী কয়েক সপ্তাহ ডেঙ্গুর দিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা ও রোগনির্ণয়ের পরীক্ষার সার্বিক ব্যবস্থা রাখতে হবে। প্রতিটি জেলায় এবং কলকাতা পৌরসভায় ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলার জন্য কন্ট্রোল রুম চালু করতে হবে। এর পাশাপাশি রাজ্যজুড়ে পরিচ্ছন্নতার অভিযান অব্যাহত রাখতে হবে। ডেঙ্গুর হটস্পটগুলোতে নজরদারি বাড়াতে হবে।
রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ডেঙ্গুকে শক্ত হাতে দমন করার নির্দেশ দেন।
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ নেওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে আসন্ন পূজার কথা ভেবেই এ আতঙ্ক। ২১ অক্টোবর শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সেই পূজা নির্বিঘ্নেœকাটবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এর অন্যতম কারণ বৈরী আবহাওয়া। এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে আবার এর পাশাপাশি আছে তীব্র গরম। এ দুইয়ের প্রভাবে ডেঙ্গুর বিস্তার বাড়তে পারে বলে আশঙ্কা জনস্বাস্থ্যবিদদের।