মোদি সরকারকে ‘অহংকারী ও উদ্ধত’ আখ্যা দিয়ে প্রিয়াঙ্কার টুইট
ভারতের গুজরাট হাইকোর্ট রাহুল গান্ধীর আবেদন খারিজ করার পর কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, সত্যের জয় হবেই। জনতার কণ্ঠস্বর জিতবে।
নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ‘অহংকারী ও উদ্ধত’ আখ্যা দিয়ে শুক্রবার হিন্দিতে এক দীর্ঘ টুইটে প্রিয়াঙ্কা লেখেন, ‘রাহুল এই অহংকারী সরকারের বিরুদ্ধে সত্য ও জনতার স্বার্থে লড়াই করছেন। শেষ পর্যন্ত সত্যের জয় হবে। জনতার আওয়াজ জিতবে।’
২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের এক জনসভায় চুরি প্রসঙ্গে নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করে রাহুল জানতে চেয়েছিলেন, ‘চোরদের পদবি কেন মোদি হয়?’
ওই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় গুজরাটের সুরাট জেলার ম্যাজিস্ট্রেট আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন। সেই রায় স্থগিত রাখতে রাহুলের আবেদন প্রথমে জেলা দায়রা আদালত খারিজ করেন। শুক্রবার তা খারিজ করে সাজা বহাল রাখেন গুজরাট হাইকোর্টও। রায় স্থগিত রাখা হলে রাহুল তাঁর লোকসভার খারিজ হওয়া সদস্যপদ ফেরত পেতেন।
রাহুলের আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে বলেন, এই রায়ের বিরুদ্ধে তাঁরা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন।
হতাশজনক এই রায় অবশ্যই অপ্রত্যাশিত নয়। মানহানি মামলার বিচার যেভাবে করা হয়েছে, আইনশাস্ত্রে তা নজিরবিহীন।
প্রিয়াঙ্কা সরাসরি আক্রমণ করেছেন কেন্দ্রীয় সরকারকে। হিন্দি সাহিত্যের প্রসিদ্ধ কবি, লেখক, শিক্ষাবিদ ও স্বাধীনতাসংগ্রামী রামধারী সিং ‘দিনকর’-এর বিখ্যাত ‘পরশুরামের প্রতীক্ষা’ কবিতার একটি স্তবক উদ্ধৃত করে টুইটে তিনি লেখেন, ‘অহংকারী সরকার জনতার স্বার্থের কথা তুলতে দিতে চায় না। মানুষের জীবন আরও সুন্দর করে তোলার কথা কেউ বলুক, তা চায় না। মূল্যবৃদ্ধি নিয়ে কেউ সরব হোক, চায় না। তারা চায় চাকরির প্রসঙ্গ যেন উচ্চারিত না হয়। কৃষক, শ্রমিক, নারীদের মঙ্গলের কথা কেউ যেন না তোলে। বিরোধীদের চুপ করিয়ে রাখতে উদ্ধত সরকার সাম, দাম, দণ্ড, ভেদ, ছলচাতুরী ও কপটতার আশ্রয় নিচ্ছে।’
প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কিন্তু সত্য, সত্যাগ্রহ ও জনশক্তির সামনে অহংকার বেশি দিন টিকতে পারে না। সত্যকে পর্দার আড়ালেও রাখা যায় না। জনতার জন্য এই অহংকারী সরকারের বিরুদ্ধে রাহুল গান্ধী লড়াই চালিয়ে যাবেন। সে জন্য সব ধরনের ত্যাগ স্বীকারে তিনি প্রস্তুত।’
কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, গুজরাট হাইকোর্ট এমন রায় দেবেন, তা দল অনুমান করেছিল। ওই রাজ্যের হাইকোর্টের ডিভিশন বেঞ্চে তাই আবেদন না জানিয়ে দল সরাসরি সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ভাবছে। সেই অবসরে বিরোধী ঐক্য জোরদার করতে কংগ্রেস তৎপর। মহারাষ্ট্রের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) ভাঙনের পর সেই দলের প্রবীণ নেতা শারদ পাওয়ারের সঙ্গে রাহুল বৃহস্পতিবার দেখা করেন।
কংগ্রেস সূত্র বলা হচ্ছে, বেঙ্গালুরুর আসন্ন বিরোধী নেতাদের সম্মেলন থেকেই বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে দল আগ্রহী। সেই সঙ্গে কংগ্রেস রাজস্থানের গৃহবিবাদেরও অবসান ঘটাতে চাইছে।