সাগরদিঘির উপনির্বাচনের সুফল কাজে লাগাতে চায় কংগ্রেস ও বাম দল
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি বিধানসভা আসনের উপনির্বাচনের ফলাফল উদ্দীপ্ত করেছে কংগ্রেস ও বাম দলকে। তারা এই সাফল্যের ধারা অটুট রাখতে আগামী পঞ্চায়েত নির্বাচনে একত্রে কাজ করতে চায়। তারা মনে করছে, শতকরা ৬০ ভাগ মুসলিম ভোটারের সাগরদিঘি যে বিপুল বিজয় দিয়েছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাগরদিঘি আসনে তৃণমূলের পরাজিত প্রার্থী দেবাশীষ বন্দ্যোপাধ্যায় এবার ভোট পেয়েছেন ৬৪ হাজার ৬৮১টি। সেখানে কংগ্রেস-বামজোট প্রার্থী বায়রন বিশ্বাস ভোট পেয়েছেন ৮৭ হাজার ৬৬৭টি। আর বিজেপির প্রার্থী দিলীপ সাহা পেয়েছেন ২৫ হাজার ৮১৫টি ভোট। অথচ গত ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত সাহা পেয়েছিলেন ৯৫ হাজার ১৮৯টি ভোট। বিজেপি প্রার্থী মাহফুজা খাতুন পেয়েছিলেন ৪৪ হাজার ৯৮৩টি ভোট আর কংগ্রেস প্রার্থী শেখ মো. হাসানুজ্জামান পেয়েছিলেন ৩৬ হাজার ৩৪৩টি ভোট।
তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুতে এ আসন শূন্য হয়।
সাগরদিঘিতে বায়রন বিশ্বাস কংগ্রেসের প্রার্থী হলেও তাঁকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে বামজোট। রাজনৈতিক বিশ্লেষক, এমনকি তৃণমূল নেতৃত্বও মনে করে, দলটির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর দুর্নীতির যেসব অভিযোগ উঠছে, তার একটা প্রভাব পড়েছে ভোটারদের মধ্যে।
ইতিমধ্যে দুর্নীতির মামলায় কারাগারে আছেন তৃণমূলের সাবেক মন্ত্রী ও বড় নেতা পার্থ চট্টোপাধ্যায়। দলের আরেক ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডলও এখন কারাগারে। আর শিক্ষক নিয়োগ নিয়ে আদালতের একাধিক রায় তৃণমূলের বিপক্ষে গেছে।
তারপরও সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের এভাবে ভরাডুবি হবে, তা ভাবতে পারেনি তৃণমূল। এই আসনের ৬০ শতাংশের বেশি ভোটার হলেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের। মমতার দল মনে করে, মুসলিম ভোটের সিংহভাগ এখনো রয়েছে তাদের দিকেই। তাই এই সাগরদিঘি আসনের ফলাফল তৃণমূলের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো ঘটে গেল।
তবু এবার আসন্ন এই রাজ্যের পঞ্চায়েত নির্বাচন ও আগামী বছরের লোকসভা নির্বাচন নিয়ে অঙ্ক কষা শুরু করেছে তৃণমূল। এরই মধ্যে মালদহের কংগ্রেস নেতারা ঘোষণা দিয়েছেন, আসন্ন এই রাজ্যের পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং বাম দল একজোট হয়ে সাগরদিঘি মডেল নিয়ে নির্বাচনে লড়বেন। আর তাদের লড়ার সে পথকেই দেখিয়ে দিল সাগরদিঘির উপনির্বাচন।
এসব ঘটনার পর তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মালদহের ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেছেন, ‘স্বপ্নে তো কেউ ঘি দিয়ে পোলাও খেতে পারেন। কিন্তু মানুষের আশীর্বাদ রয়েছে মমতার দিকেই। তাই বিরোধীদের এই “জোট বা ঘোঁট” তৃণমূলের কিছুই করতে পারবে না। মানুষ তৃণমূলের দিকেই আছে। মমতার দিকেই আছে।’
যদিও কংগ্রেস ও সিপিএম তাদের ঐক্য বজায় রাখতে অটুট। আর এই ঐক্য তাদের আরও এগিয়ে নেবে বলেই দুই দলের নেতারা মনে করেন।
কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও এবার এগিয়ে এসেছেন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ও বিজেপিবিরোধী জোট গড়ার লক্ষ্যে।
অধীর চৌধুরী বলেছেন, কংগ্রেসের সঙ্গে বামফ্রন্টের জোট আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। এ জোটের দিকে তাকিয়ে রাজ্যের মানুষ।
মোহাম্মদ সেলিমও কংগ্রেসের সঙ্গে বামদের জোট নিয়ে আশাবাদী। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘শুধু বাম-কংগ্রেস নয়, বিজেপি ও তৃণমূলবিরোধী সমস্ত শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি। শুধু দল নয়, ব্যক্তি, গোষ্ঠী, সামাজিক সংগঠন—সবাইকে। রাজ্যকে বাঁচাতে হলে, দেশ বাঁচাতে হলে এককাট্টা হতেই হবে। এটাই সাগরদিঘির নির্দেশ।’