ভারতে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমাচল ও উত্তরাখন্ডের নদীগুলো বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে
ছবি: এএনআই

ভারতের উত্তরাঞ্চলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় তিন দিনে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি) আভাস দিয়েছে, আগামী কয়েক দিন উত্তরাঞ্চলীয় রাজ্যগুলোতে আরও বেশি বৃষ্টি হতে পারে।

হিমাচল প্রদেশে ভূমিধস ও বন্যায় অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে জনজীবন স্থবির হয়ে পড়েছে। উত্তরাখন্ডেও একই ধরনের পরিস্থিতি বিরাজ করছে।

সেখানে কয়েকটি নদীর পানির স্তর বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে। ভূমিধসের কারণে গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

এদিকে দিল্লি শহর প্লাবিত হওয়ায় সেখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। শহরটির কিছু এলাকার পরিস্থিতি বেশ খারাপ। ওই সব এলাকার নর্দমাগুলোর পানি উপচে পড়েছে। রাস্তাঘাট প্লাবিত হওয়ায় বাসিন্দারা পানিবন্দী হয়ে পড়েছেন। পানির কারণে সড়কগুলোতে দীর্ঘ যানজট তৈরি হচ্ছে।

গত শনিবার দিল্লির একটি বাড়ির সিলিং ভেঙে পড়ায় এক নারী নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানাচ্ছেন। সারিতা গুপ্ত নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘আমি জানি না, সরকার এ ব্যাপারে কী করছে। এটি এক বছরের বিষয় নয়, প্রতিবছরই এমনটা ঘটছে।’

গত কয়েক দিনে আসাম, নাগাল্যান্ডসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যেও ভারী বৃষ্টি হয়েছে। বন্যার কারণে আসামে হাজারো মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে গত রোববার হিমাচল প্রদেশে বন্যার পানিতে গাড়ি ভেসে যাওয়ার ভয়ংকর একটি ভিডিও ছড়িয়ে পড়ে।

পুরো দিল্লি শহর প্লাবিত হয়েছে
ছবি: রয়টার্স

রাজ্য কর্তৃপক্ষ বলেছে, সেখানে ১৩টি জায়গায় বন্যা দেখা দিয়েছে। কমপক্ষে ১৪টি ভূমিধসের ঘটনা ঘটেছে। গত শনিবার থেকে একই পরিবারের তিনজন সদস্যসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। অনেক গাছ উপড়ে পড়েছে।

ভারতে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা মৌসুমে বন্যা হয়ে থাকে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে বৃষ্টির তীব্রতা বেড়েছে। তাঁরা বলছেন, বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তন হওয়ায় ভারী বৃষ্টির প্রবণতা বেড়েছে।