রাহুলের ছবি-নাম থাকা কনটেন্ট সরানোর অভিযোগে বিক্ষোভের পর এবার মেটার বিরুদ্ধে মামলা কংগ্রেসের
ভারতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে আধেয় (কনটেন্ট) সরানোর অভিযোগে প্রযুক্তি কোম্পানি মেটা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে মামলা করেছে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস। গতকাল বৃহস্পতিবার দলটির কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ভারতে মেটার মালিকানাধীন ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মগুলোকে স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করে এমন আধেয় শনাক্ত ও সীমিত করতে হয়, যা আগে সরিয়ে ফেলা কোনো আধেয়ের সঙ্গে হুবহু মিলে যায়।
ফেসবুক ও ইনস্টাগ্রামে সীমিত করা পোস্টগুলো পুনর্বহাল, সরকারের দেওয়া নির্দেশ প্রকাশ এবং মেটার স্বয়ংক্রিয় আধেয় নিয়ন্ত্রণব্যবস্থায় ব্যবহৃত মানদণ্ড প্রকাশের দাবি জানানো হয়েছে।
কংগ্রেসের অভিযোগ, এসব নিয়মকে অজুহাত হিসেবে ব্যবহার করে সম্পূর্ণ বৈধ আধেয়ও আটকে দেওয়া হচ্ছে। এর মধ্যে দলটির নিজস্ব রাজনৈতিক প্রচারসামগ্রীও রয়েছে।
রাহুল গান্ধীর নাম ও ছবি থাকা পোস্টেও বাধা
দিল্লি হাইকোর্টে করা আবেদনে এসব নিয়মের বৈধতা এবং মেটার প্ল্যাটফর্মগুলোতে এসব নিয়ম প্রয়োগের বিষয়টি চ্যালেঞ্জ করেছে কংগ্রেস।
আবেদনে বলা হয়েছে, মেটা স্বেচ্ছাচারীভাবে দলটির জ্যেষ্ঠ নেতা রাহুল গান্ধীর নাম বা ছবি থাকা পোস্ট সীমিত করেছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান প্রতিদ্বন্দ্বী।
আবেদনটি করেছেন কংগ্রেসের যুব শাখার কর্মকর্তা মনু জৈন। তিনি এএফপিকে বলেন, ‘ফেসবুক ও ইনস্টাগ্রামে সীমিত করা পোস্টগুলো পুনর্বহাল, সরকারের দেওয়া নির্দেশ প্রকাশ এবং মেটার স্বয়ংক্রিয় আধেয় নিয়ন্ত্রণব্যবস্থায় ব্যবহৃত মানদণ্ড প্রকাশের দাবি জানানো হয়েছে।’
জৈন আরও বলেন, ‘মূলত মতপ্রকাশের স্বাধীনতার মৌলিক অধিকার রক্ষার লক্ষ্যেই আবেদনটি করা হয়েছে।’
আদালত এখনো আবেদনটির শুনানির তারিখ নির্ধারণ করেননি।
মেটা ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে ফেসবুক ও ইনস্টাগ্রামের ৫৪ লাখ পোস্ট সীমিত করেছে। গত বছরের পুরো সময়ে সীমিত করা পোস্টের সংখ্যা ছিল ৭০ হাজার। অর্থাৎ এবার প্রথম ছয় মাসেই প্রায় ৮০ গুণ বেশি পোস্ট সীমিত করা হয়েছে।
মেটার বিরুদ্ধে বিক্ষোভ
মেটার আধেয় নিয়ন্ত্রণে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগে কংগ্রেস কর্মীদের কয়েক দিনের বিক্ষোভের পর এই মামলা করা হলো।
গত সপ্তাহের শেষ দিকে ভারতের দক্ষিণাঞ্চলের হায়দরাবাদে মেটার কার্যালয় যে ভবনে অবস্থিত, সেখানে কংগ্রেসের কিছু সমর্থক ঢুকে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। বিক্ষোভকারীরা টব ভাঙচুর করেন।
মেটার দেওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় নিয়ম মেনে চলতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে ভারতে ফেসবুক ও ইনস্টাগ্রামের ৫৪ লাখ পোস্ট সীমিত করেছে প্রতিষ্ঠানটি। গত বছরের পুরো সময়ে সীমিত করা পোস্টের সংখ্যা ছিল ৭০ হাজার। অর্থাৎ এবার প্রথম ছয় মাসেই প্রায় ৮০ গুণ বেশি পোস্ট সীমিত করা হয়েছে।
কংগ্রেসের অভিযোগের বিষয়ে মন্তব্য জানতে এএফপি মেটার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি।
মেটার বিরুদ্ধে অন্যদেরও অভিযোগ
বিশ্বের অন্য যেকোনো দেশের তুলনায় ভারতে বেশি মানুষ মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেন।
মেটার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তুলেছেন ভারতের আরও কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁদের একজন ভারতের তরুণদের সংগঠন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। এ সপ্তাহে তিনি অভিযোগ করেন মেটা তাঁর পোস্টের প্রচার কমিয়ে দিচ্ছে।
দিপকের দাবি, সরকারের সমালোচনামূলক কনটেন্ট মেটার প্ল্যাটফর্মে কম মানুষের কাছে পৌঁছায়। অন্যদিকে মোদির প্রশংসা করে প্রকাশিত পোস্ট বেশি মানুষের কাছে পৌঁছায়।