পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষছবি: ভাস্কর মুখার্জি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাঁদের থাকতে অসুবিধা হচ্ছে, তাঁদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠানো হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপের এই মন্তব্য রাজ্য রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গকে উত্তর ভারতের রাজ্যের আদলে পরিবর্তন করার শপথ নিয়েছেন বিজেপির জ্যেষ্ঠ এই মন্ত্রী।

রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে অন্তত পুলিশের পাঁচটি এনকাউন্টারে (বন্দুকযুদ্ধে) অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সংবাদমাধ্যমের সামনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক। যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’

অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশ বা গুজরাটের মতো পরিস্থিতি সৃষ্টি করবেন, এমনটাই বক্তব্য দিলীপ ঘোষের।

দিলীপ ঘোষ অভিযোগ করেন, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল। কিন্তু বিজেপি সরকার সেই সম্ভাবনা নির্মূল করতে পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ এবং গুজরাটের মডেলে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজের বক্তব্যের সমর্থনে হিন্দুত্ববাদী দিলীপ ঘোষ আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি। যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক।’

কেবল এনকাউন্টার নয়, প্রয়োজনে অপরাধ দমনে বুলডোজারও চালানো হবে বলে হুমকি দেন দিলীপ ঘোষ। তাঁর মতে, যাঁদের কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তাঁরাই অপরাধীদের সঙ্গে আপস করেন। বর্তমান সরকার তা করবে না।

বিশেষ করে নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে দিলীপ হুমকি দিয়ে বলেন, হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতোই পরিণতি হবে।

দিলীপ হুমকি দিয়ে বলেন, ৫০ বছর ধরে গ্রামীণ বাংলায় অপরাধীরা যেভাবে দাপিয়ে বেড়িয়েছে, তা আর বরদাশত করা হবে না। প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না।

অন্যদিকে পঞ্চায়েত মন্ত্রীর এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। বিরোধীদের মতে, বিচারবহির্ভূতভাবে এভাবে বলপ্রয়োগ করা হলে দেশের বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাবে।

তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ এ প্রসঙ্গে সতর্ক করে বলেন, কোনো এনকাউন্টার একটি বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকেই যদি সমাজের সাধারণ নিয়মে পরিণত করার চেষ্টা করা হয়, তবে তা অত্যন্ত বিপজ্জনক। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের এই মন্তব্য রাজ্যে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয়ের বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করার পরও ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপি পরাজিত হয়েছিল। সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলা বিরোধী’ ও ‘বহিরাগত’ বলে প্রচার চালিয়েছিল। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও একই আঞ্চলিক আবেগ কাজে লাগিয়ে বিজেপির আসনসংখ্যা ১৮ থেকে কমিয়ে ১২-তে নামিয়ে এনেছিল তৃণমূল।

তবে বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) মাধ্যমে প্রায় ২৭ লাখ ভোটারকে বাদ দেওয়া হয়। তাঁদের বেশির ভাগই মুসলিম। এরপরই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে বিজেপি প্রথমবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করে।

নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রশাসনিক ও আদর্শগত পরিবর্তন নিয়ে যখন নানা মহলে চর্চা চলছে, ঠিক সেই সময়েই উত্তর প্রদেশ ও গুজরাটের মডেল অনুসরণের প্রসঙ্গ তুলে রাজ্য রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিলেন দিলীপ ঘোষ।