পশ্চিমবঙ্গে ৬ মাসে ৫ জন ‘এনকাউন্টারে’ নিহত
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গত ছয় মাসে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে (এনকাউন্টার) পাঁচজন নিহত হয়েছেন। সর্বশেষ গতকাল রোববার বীরভূমের নানুরে পুলিশের গুলিতে নিহত হয়েছেন রতন শেখ নামের এক ব্যক্তি। তাঁর বিরুদ্ধে অন্তত ৩৬টি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।
পুলিশের ভাষ্য,গত শুক্রবার রতন শেখকে গ্রেপ্তার করতে গেলে তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালান। এতে বিশ্বজিৎ দাস নামের এক কনস্টেবল পায়ে গুলিবিদ্ধ হন। পরে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রতন শেখ পুলিশের ওপর হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি বীরভূমের নানুর থানার চারকল গ্রামে একটি ইটভাটায় লুকিয়ে রাখার কথা জানান। গতকাল তাঁকে নিয়ে ওই ইটভাটায় যায় পুলিশ। সেখানে অস্ত্র উদ্ধারের সময় রতন শেখ পুলিশের ওপর হামলা চালান। পুলিশ পাল্টা গুলি চালালে তিনি গুরুতর আহত হন।
পরে রতনকে নানুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। রতন শেখের বাড়ি নানুর থানার সাঁওতা গ্রামে। তাঁর বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখা, মাদক পাচারসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। আহত কনস্টেবল বিশ্বজিৎ দাস কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধীন।
বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে এ নিয়ে পাঁচজন পুলিশের গুলিতে নিহত হলেন। এর আগে বারুইপুর, গাইঘাটা, শমসেরগঞ্জ ও রায়গঞ্জে পৃথক চারটি ঘটনায় চারজন নিহত হন। তাঁদের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণ, বিজেপি নেতাকে হত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। নিহত অন্য ব্যক্তিরা হলেন প্রভাস মণ্ডল, প্রহ্লাদ দাস, সামিউল হক ও দিলীপ রায়।
এদিকে এ ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এই বাংলায় ধর্ষক ও খুনিদের কোনো জায়গা নেই। পুলিশকে গুলি করলে পুলিশ যেটা করার, সেটা করবে। গুলি করতে এলে পুলিশ কি বাতাসা খাওয়াবে?’
ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, ‘এই বাংলায় অপরাধীরা ছাড় পাবে না। সকালে জমা, বিকেলে খরচ হবে।’