কবি নজরুলের শেষ জীবন কাটানো কলকাতার ফ্ল্যাটটি কিনে নিতে চান নাতনি মিষ্টি কাজী
বাংলাদেশে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কলকাতার যে ফ্ল্যাটে থাকতেন, সেটি কিনতে আগ্রহ দেখিয়েছেন তাঁর নাতনি মিষ্টি কাজী। শনিবার কলকাতা পুরনিগমের আধিকারিকেরা জানান, তিনি পুরনিগমের প্রশাসক স্মিতা পাণ্ডের সঙ্গে দেখা করে এই আবেদন জানিয়েছেন।
১৯২০ সাল থেকে কলকাতায় দীর্ঘদিন ভাড়াবাড়িতে ও পরিচিতদের সঙ্গে থাকলেও বিদ্রোহী কবির নিজস্ব কোনো বাসা ছিল না। ৫এ ক্রিস্টোফার রোডের সিআইটি আবাসনে ৭০০ বর্গফুটের একটি ফ্ল্যাটে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে থাকতেন তিনি।
নজরুলপুত্র প্রয়াত কাজী সব্যসাচীর মেয়ে মিষ্টি কাজী জানান, ভারতের মাটিতে এটাই ছিল তাঁর দাদুর শেষ ঠিকানা। এই বাসা থেকেই বাংলাদেশে যান নজরুল। বাবার স্বপ্ন পূরণ করতেই তিনি ফ্ল্যাটটি কিনতে চান। তাঁর পরিকল্পনা অনুযায়ী, ফ্ল্যাটের একটি ঘরে দাদুর ব্যবহার্য জিনিসপত্র সাজিয়ে রাখা হবে এবং অন্য ঘরে তিনি নিজে বাস করবেন। পাশাপাশি প্রতিবছর কবির স্মরণে অনুষ্ঠান এবং সাহিত্য-সংস্কৃতির চর্চাও করতে চান মিষ্টি কাজী।
ইতিহাস বলছে, এই বাসা থেকেই নজরুলের ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল এবং ১৯৬৭-৬৮ সালে এখানেই ‘অগ্নিবীণা’ সংস্থাও গড়ে ওঠে, যার প্রথম সম্পাদক ছিলেন কাজী সব্যসাচী। বহু গুণীজনের পদচারণে মুখর এই বাসার মালিকানা এখন কবির পরিবারের হাতে নেই। ‘অগ্নিবীণা’র বর্তমান সভাপতি রবীন মুখোপাধ্যায় ও সম্পাদক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই ফ্ল্যাট সংরক্ষণ ও হেরিটেজ ঘোষণার দাবি জানান।
কবির দুই নাতনি মিষ্টি কাজী ও খিলখিল কাজী বাংলাদেশের নাগরিক হওয়ায় ফ্ল্যাটটি তাঁদের নামে হস্তান্তরের আইনি শর্ত নিয়ে প্রশ্ন উঠেছে। তাই পরিবার ও সংস্থার পক্ষ থেকে আবেদন করা হয়েছে, আইনগত বাধা কাটিয়ে যেন পরিবারের সদস্যদের ফ্ল্যাটটি কেনার সুযোগ দেওয়া হয়। আর তা সম্ভব না হলে যেন ‘অগ্নিবীণা’র হাতে ফ্ল্যাটটি তুলে দেওয়া হয়, যাতে অন্য কারও হাতে গিয়ে এই ঐতিহ্য নষ্ট না হয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে নজরুলের স্মৃতি অটুট থাকে।