মুকুল রায়ের ডিগবাজি, আবার ফিরলেন বিজেপিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুকুল রায়
ফাইল ছবি

পশ্চিমবঙ্গের রাজনীতিক মুকুল রায় প্রথমে ছিলেন জাতীয় কংগ্রেসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেসের বনিবনা না হলে তৃণমূল কংগ্রেস গঠন করেন মমতা। সেই দলের সেকেন্ড ইন কমান্ড হন মুকুল রায়। মমতার সঙ্গে বনিবনা না হওয়ায় ২০১৭ সালে বিজেপিতে যোগ দেন মুকুল রায়।

এরপর মুকুল রায় বিজেপির সঙ্গে থেকে দলকে এগিয়ে নিতে থাকেন। ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে নদীয়া জেলার কৃষ্ণনগর উত্তর আসনে লড়ে জয়ী হন। হারিয়ে দেন তৃণমূলের তারকা প্রার্থী অভিনেত্রী কৌশানি মুখার্জিকে। এভাবেই চলতে থাকে মুকুল রায়ের রাজনৈতিক জীবন।

বিধানসভার নির্বাচনের পর বিজেপির দ্বন্দ্ব শুরু হলে ২০২১ সালের ১১ জুন মমতার হাত ধরে আবারও তৃণমূলে ফেরেন মুকুল রায়। তবে ছাড়েননি বিজেপির টিকিটে জেতা বিধানসভার সদস্য পদ। ফলে মুকুল রায় রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরে যান। তৃণমূলের কোনো কর্মকাণ্ডে আর তাঁকে দেখা যায়নি। পাওয়া যায়নি তৃণমূলের কোনো দলীয় কর্মসূচিতে। খবর ছড়িয়ে পড়ে মুকুল রায় অসুস্থ।

এভাবে চলার মধ্যে গত সোমবার নিরুদ্দেশ হয়ে যান মুকুল রায়। বাবার খোঁজে থানায় হাজির হন তাঁর ছেলে শুভ্রাংশু রায়। জিডি করেন। পরদিন মঙ্গলবার মুকুল রায়ের খোঁজ মেলে। জানা যায়, কলকাতা থেকে তিনি দিল্লিতে গেছেন। লক্ষ্য বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করা।

মুকুল রায়কে নিয়ে জল্পনাকল্পনার মধ্যেই বুধবার দুপুরে দিল্লিতে মুখোমুখি হন সংবাদমাধ্যম এবিপি আনন্দের। সেখানে জোর গলায় জানিয়ে দেন, তিনি সুস্থ। মাঝখানে কিছুদিন দলের কাজ করতে পারেননি। এখন করতে পারছেন। আরও বলেছেন, তিনি বিজেপিতেই ছিলেন, এখনো আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। মুকুল রায় বলেন, ‘আমি চাই এই রাজ্যে পরিবর্তন। পঞ্চায়েত ভোটে পরিবর্তন আসুক এই রাজ্যে। এই রাজ্যে তৃণমূলের শাসনে মানুষ ভালো নেই। তাই পরিবর্তন চাই।’

বুধবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুকুলের এই যাওয়া–আসাকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তিনি তো বিজেপির বিধায়ক। তাঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে বলে শুনেছি। প্রশাসনের উচিত এ ব্যাপারে খোঁজ নেওয়া।’

মুকুল রায় বিজেপিতে ফিরছে কি না, এই প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘এটা ছোট ঘটনা। আমরা গুরুত্ব দিচ্ছি না। এড়িয়ে যাওয়াই ভালো। তবে মিসিং অভিযোগটা গুরুত্বপূর্ণ।’
আরও পড়ুন:তৃণমূল কংগ্রেস থেকে মুকুল রায় বাদ

আরও পড়ুন