মমতার ভবানীপুর আসনে ভয়ভীতি দেখাচ্ছেন বিজেপির শুভেন্দু, অভিযোগ তৃণমূলের

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়ানছবি: ভাস্কর মুখার্জী ও প্রথম আলো

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। বিভিন্ন রাজনৈতিক দলের পাল্টাপাল্টি অভিযোগে পরিস্থিতি সরগরম, তৈরি হয়েছে তীব্র বাগ্‌যুদ্ধের আবহ।

এ প্রেক্ষাপটে গতকাল বৃহস্পতিবার দুপুরে কলকাতার আলিপুরের সার্ভে বিল্ডিংয়ের নির্বাচন দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বিজেপি নেতা ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

তবে মনোনয়নপত্র জমার দেওয়ার পরই তা নিয়ে আপত্তি তোলে তৃণমূল কংগ্রেস। বিকেলে দলের রাজ্যসভার সংসদ সদস্য ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দাখিল করে শুভেন্দু অধিকারীর মনোনয়নপত্র বাতিলের দাবি জানান। অভিযোগে বলা হয়, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। নিয়ম অনুযায়ী নির্দিষ্টসংখ্যক ব্যক্তির দপ্তরে প্রবেশের অনুমতি থাকলেও অতিরিক্ত সমর্থক ভেতরে নেওয়া হয়, যা বিধিভঙ্গের শামিল।

এ ছাড়া অভিযোগ করা হয়েছে, ভবানীপুর এলাকায় ভয়ভীতি সৃষ্টি, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষকে হুমকি দেওয়া এবং পুলিশ কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের মতো ঘটনাও ঘটেছে। তৃণমূলের দাবি, এসব কর্মকাণ্ড জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।

ডেরেক ও’ব্রায়েন নির্বাচন কমিশনের কাছে পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে ভয়ভীতি প্রদানের অভিযোগের তদন্ত, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করা, প্রয়োজনে দায়িত্বপ্রাপ্তদের অপসারণ করে নিরপেক্ষ কর্মকর্তার নিয়োগ, আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন এবং বিধিভঙ্গের কারণে শুভেন্দু অধিকারীর মনোনয়ন বাতিল।

তৃণমূল কংগ্রেস মনে করছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এসব অভিযোগের দ্রুত নিষ্পত্তি জরুরি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেছে দলটি।