তৃণমূলের অভিযোগে এজলাস ছেড়ে বেরিয়ে গেলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আদালত কলকাতা হাইকোর্ট গততকাল সোমবার নজিরবিহীন অরাজকতা প্রত্যক্ষ করেছে। তৃণমূলের একাংশের অভিযোগের ভিত্তিতে শুনানি রেখে এজলাস ছেড়ে বেরিয়ে যান বিচারপতি রাজাশেখর মান্থা।
গত রোববার রাতে বিচারপতির বাসার সামনে অজ্ঞাত পরিচয় কিছু লোক পোস্টার সাটিয়ে দেয়। পোস্টারে লেখা ছিল ‘শেম! বিচারব্যবস্থার নামে লজ্জা! রাজশেখর মান্থা।’ সোমবার সকালেও একই পোস্টার দেখা যায় কলকাতা হাইকোর্ট চত্বরে।
পোস্টারে নির্দিষ্টভাবে অভিযোগ করা হয়, বিচারপতি মান্থা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) শুভেন্দু অধিকারীর ‘বিরুদ্ধে ওঠা সমস্ত মামলায় স্থগিতাদেশ’ দিয়ে দিচ্ছেন। ‘এমনকি, তাঁর বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ দায়ের করার ব্যাপারেও জারি করা হল নিষেধাজ্ঞা’ লেখা হয় পোস্টারে। বিচারপতির বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির অভিযোগও করা হয় পোস্টারে।
শুধু তা–ই নয় ‘বিচারপতি হয়ে নিজেই বসবাস করছেন বেআইনি সম্পত্তিতে’ পোস্টারে এ কথাও লেখা হয়। এরপরে বলা হয়েছে, ‘অথচ, মধ্যরাতে ইডির হাতে লাঞ্ছিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকার ন্যায্য রক্ষাকবচ প্রত্যাহার করে নিলেন বিচারপতি মান্থা।’
এরপর সোমবার যখন বিচারপতি হাইকোর্টে পৌঁছান, তখন তাঁর এজলাসের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মূলত তৃণমূল সমর্থিত আইনজীবীদের একাংশ। বিচারপতি মান্থার এজলাস বয়কটের ডাক দেন তারা। একপর্যায়ে বাম সমর্থিত আইনজীবীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত সমস্ত শুনানি মুলতুবি করে বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যান।
এদিকে দক্ষিণ কলকাতায় বিচারপতির বাড়ির কাছে পোস্টটা সাটানোর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যে ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে সোমবার রাত পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি।