অযোধ্যা মামলার মুসলিম বিচারপতি হলেন অন্ধ্র প্রদেশের রাজ্যপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারপতি আবদুল নাজির
ছবি: এএনআই

ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও মুসলমান প্রতিনিধি নেই। লোকসভা ও রাজ্যসভায়ও শাসক বিজেপির কোনো মুসলমান সদস্য নেই। দেশের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীও মুসলমান নন। এ পরিসংখ্যানের বিপরীতে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশের রাজ্যপাল পদে নিযুক্ত করা হলো সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবদুল নাজিরকে।

গতকাল রোববার দেশের ১২টি রাজ্যে রাজ্যপাল পদে নতুন নিয়োগ ও রদবদল করা হয়। সাবেক বিচারপতি আবদুল নাজির তাঁদের অন্যতম। এই মুসলমান বিচারপতির নিযুক্তি রাজনৈতিক দিক থেকে বিতর্কের পাশাপাশি আগ্রহও সৃষ্টি করেছে। বিতর্কের কারণ, আবদুল নাজির গত ৪ জানুয়ারি অবসরে যান। সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির যে বেঞ্চ অযোধ্যা মামলার রায় দিয়েছিলেন, তিনি ছিলেন সেই বেঞ্চের সদস্য।

তিন তালাক মামলার রায়েও বিচারপতিদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। সম্প্রতি সুপ্রিম কোর্টের যে বেঞ্চ নোট বাতিলসংক্রান্ত সরকারি সিদ্ধান্তে কোনো ভুল বা অনিয়ম দেখেনি বলে রায় দেন, বিচারপতি নাজির সেই বেঞ্চেরও সদস্য ছিলেন।

ফলে কংগ্রেস নাজিরের এই নিযুক্তি নিয়ে প্রশ্ন তুলে বলেছে, অবসর নেওয়ার অব্যবহিত পরেই বিচারপতিদের নতুন পদে নিয়োগ করার প্রবণতা বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে বিপজ্জনক। কারণ, এতে বিচার বিভাগ প্রভাবিত হওয়ার যথেষ্ট শঙ্কা থাকে।

কংগ্রেস এ সিদ্ধান্তের সমালোচনার সময় বিজেপির সাবেক আইনমন্ত্রী প্রয়াত অরুণ জেটলির এক উদ্ধৃতি মনে করিয়ে দিতে ভোলেনি। অরুণ জেটলি বলেছিলেন, অবসর নেওয়ার অব্যবহিত পর এ ধরনের নিয়োগ বিচারপতিদের রায়কে প্রভাবিত করতে পারে। বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে তা বিপজ্জনক।

কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি এ নিয়োগের সমালোচনা করলেও বিজেপি নেতারা বলেন, অতীতেও এ ধরনের নিয়োগ হয়েছে। কাজেই এটা নতুন কিছু নয়। তার জবাবে সিংভি বলেন, শাসক দল সব সময় অতীতের উদাহরণ টানেন। অতীতের ভুলের পুনরাবৃত্তি করে বর্তমানের ভুল বৈধ প্রমাণ করা যায় না।

অযোধ্যা মামলার রায় সুপ্রিম কোর্টের যে বেঞ্চ দিয়েছিলেন, তার নেতৃত্বে ছিলেন তৎকালীন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অবসর নেওয়ার কিছুদিনের মধ্যে তিনি রাজ্যসভায় মনোনীত হন। আরেক সদস্য অশোক ভূষণকে করা হয় জাতীয় কোম্পানি আইন আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান। আবদুল নাজির হলেন অন্ধ্র প্রদেশের রাজ্যপাল। সেই বেঞ্চের আরেক সদস্য ডি ওয়াই চন্দ্রচূড় বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

আবদুল নাজিরকে রাজ্যপাল করার আরও এক রাজনৈতিক তাৎপর্য রয়েছে। জন্মসূত্রে তিনি কর্ণাটকের মানুষ। জন্ম রাজ্যের উপকূলীয় অঞ্চলে। আইন অধ্যয়ন উপকূলবর্তী শহর বেঙ্গালুরুতে। কর্ণাটকে আগামী মে মাসে বিধানসভার নির্বাচন। সাম্প্রতিককালে বিজেপিশাসিত এ রাজ্যে হিন্দু-মুসলমান সম্পর্ক তলানিতে ঠেকেছে।

হিজাব-আজান-আমিষ বিতর্ক ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। সাম্প্রদায়িক রেষারেষিও বেড়ে গেছে। অনেকের ধারণা, এ পরিস্থিতিতে সেই রাজ্যের ভূমিপুত্র আবদুল নাজিরকে রাজ্যপাল পদে নিয়োগের মাধ্যমে কর্ণাটকে তো বটেই, গোটা দেশেই বিজেপি এমন এক বার্তা দিতে চাইছে যে তারা মুসলমানবিরোধী নয়।

মুসলমান বিরোধিতার রাজনৈতিক অভিঘাত এড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি মুসলমানদের মধ্যে পিছিয়ে পড়া দরিদ্র ‘পসমন্দা’ শ্রেণির মন জিততে বেশ কিছু রাজনৈতিক কর্মসূচি নিয়েছেন।

সম্পন্ন বোহরা মুসলমানদের শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেও গত সপ্তাহে মুম্বাইয়ে গিয়ে তিনি নিজেকে ‘আমি আপনাদেরই লোক’ বলেছিলেন। সংখ্যালঘুদের নিয়ে বিদেশে তাঁর যে ভাবমূর্তি তৈরি হয়েছে, তা থেকে বের হতেও এই নিয়োগ কাজে দেবে বলে মনে করা হচ্ছে।

দেশের অন্তত ১৫টি রাজ্যের মন্ত্রিসভায় একজনও মুসলমান মন্ত্রী নেই। এ রাজ্যগুলোর অধিকাংশই বিজেপিশাসিত। এই মুসলমানবিরোধী ভাবমূর্তির বিপরীতে আবদুল নাজিরের নিযুক্তি বিজেপির রাজনৈতিক হাতিয়ার। দক্ষিণের আরও এক রাজ্য কেরালার রাজ্যপালও মুসলমান। আরিফ মহম্মদ খান। তাঁর নিযুক্তিও বিজেপি আমলে।