বিজেপির নেতারা আবার মমতা সরকারের ‘পতনের সময়’ বেঁধে দিলেন
পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের সময় নতুন করে নির্ধারণ করে দিলেন বিজেপির একাধিক নেতা। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নতুন করে বেঁধে দেওয়া সময় অনুযায়ী, মমতার সরকার টিকবে আর পাঁচ থেকে ছয় মাস। দলের আরেক নেতা শান্তনু ঠাকুর ‘গ্যারান্টি দিয়ে’ বলেছেন, পাঁচ মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেস সরকার পড়ে যাবে। তৃণমূল অবশ্য এসব কথাকে উড়িয়ে দিয়েছে।
পশ্চিমবঙ্গে সম্প্রতি শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। এ নির্বাচনে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এ নির্বাচন নিয়ে নানা সমালোচনার মধ্যে জোর তরজা শুরু হয়েছে মমতা এবং কেন্দ্রে মোদি সরকারের স্থায়িত্ব নিয়ে।
গতকাল রোববার কলকাতার সল্টলেকের বিজেপির নতুন দপ্তরে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল নিয়ে বৈঠক হয়। বৈঠকের আগে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মমতা সরকার যেকোনো দিন পড়ে যেতে পারে। পাঁচ থেকে ছয় মাসের মধ্যে পড়তে পারে।’
সুকান্ত মজুমদার বলেন, ‘সরকার চলে বিধায়কদের সমর্থনে। একটা বড় অংশের বিধায়ক হঠাৎ মনে করতে পারেন, তাঁরা এই সরকারকে আর সমর্থন করবেন না। আবার গণ–আন্দোলনের জেরে কয়েকজন বিধায়ক বলতে পারেন, আমরা আর বিধায়ক থাকব না। তাই সরকার পড়ার অনেক রকম দিক থাকে।’
আগের দিন শনিবার এই রাজ্যের বিজেপি সংসদ সদস্য, কেন্দ্রীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরও বলেছিলেন, ‘আগামী পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মমতা সরকার পড়ে যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি, পাঁচ মাসের মধ্যে এই রাজ্যে সরকার পড়ে যাবে।’
কিছুদিন আগে পশ্চিমবঙ্গে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বলেছিলেন, ‘লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপিকে ৩৫ আসন জিতিয়ে মোদিকে প্রধানমন্ত্রী করুন। তাহলে ২০২৬ সালের আগেই এই রাজ্য থেকে মমতা সরকার বিদায় নেবে।’
আবার এই রাজ্যের বিরোধীদলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এবারের পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নেমে ঘোষণা দিয়েছিলেন, আগামী লোকসভা নির্বাচনে এই রাজ্য থেকে বিজেপি ৩৬ আসনে জিতবে। এই রাজ্যে রয়েছে ৪২টি লোকসভার আসন।
আগামী বছরের মার্চ–এপ্রিলে ভারতের লোকসভার ৫৪৩ আসনে নির্বাচন হওয়ার কথা।
পঞ্চায়েত নির্বাচন–উত্তর চলমান সহিংসতার মধ্যে এসব মন্তব্যে ক্ষুব্ধ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
তৃণমূলের পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক ও রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ এক হাত নিয়ে বলেছেন, ‘এর আগেও মমতার সরকার পতনের জন্য বিজেপি বহুবার তারিখ দিয়েছে। ক্যালেন্ডার রাজনীতি করেছে। কিন্তু সেই তারিখে কিছুই হয়নি। এখনো বিজেপি তারিখ দিয়ে চলেছে। ভিত্তিহীন কথা বলে নিজেদের আরও খেলো করছেন ওরা।’
কুণাল ঘোষের কথা, ‘ওরা বোঝে না মমতাকে ফেলানো সহজ নয়। এই রাজ্যের মানুষ এখনো রয়েছেন মমতার পাশে। তাই এই স্বপ্ন না দেখাই ভালো।’