১৯৪৭ সালের ১৪ আগস্ট। স্বাধীনতার প্রতীক্ষায় প্রহর গুনছে ভারত। অবসান হতে চলেছে প্রায় ২০০ বছরের ঔপনিবেশিক শাসনের। দিল্লিতে তখন বসেছে ভারতের গণপরিষদের বিশেষ অধিবেশন। উঠে দাঁড়ালেন সুদর্শন এক ব্যক্তি। তিনি যে ভাষণ দিলেন, তা আজও স্মরণীয়। বললেন, ‘আমাদের এমন এক স্বাধীন ভারত গড়ে তুলতে হবে, যেখানে তার সব সন্তান নিরাপদ আশ্রয় পাবে।’
মানুষটি বাবা মতিলাল নেহরু ও মা স্বরূপরানির চোখের মণি ‘জওহর’, রাজনৈতিক সহকর্মীদের কাছে ‘পণ্ডিত নেহরু’, আর শিশু-কিশোরদের কাছে প্রিয় ‘নেহরু চাচা’। তিনি জওহরলাল নেহরু-ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম পুরোধা, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী, আরও সহজ করে বললে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ানো ইন্দিরা গান্ধীর বাবা।
ভারতকে আজ বলা হয় বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। তবে স্বাধীনতার প্রাক্কালে নেহরুর দেখা সেই স্বপ্ন অনুযায়ী ভারত কতটা সব নাগরিকের আশ্রয় হয়ে উঠতে পেরেছে, তা বিজেপি সরকারের আমলে এসে বড় এক প্রশ্ন। সেই স্বপ্ন পূরণ হোক বা না হোক, ভারতের স্বাধীনতাসংগ্রামে নেহরুর অবদান কখনোই ম্লান হওয়ার নয়। আর যে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ ভারত গড়ে তোলার স্বপ্ন তিনি দেখেছিলেন, তা আজও বহু ভারতীয়ের কাছে আদর্শ।
জটিলতায় না গিয়ে মূল প্রসঙ্গে আসা যাক। আজ ১৪ নভেম্বর, জওহরলাল নেহরুর জন্মদিন। এক-দুই নয়, ১৩৭ বছর আগে-১৮৮৯ সালের এই দিনে তাঁর জন্ম। চলুন ফিরে যাওয়া যাক ইতিহাসের পাতায়। জেনে নেওয়া যাক, বিত্তশালী পরিবারে জন্ম নিয়ে, বিদেশে পড়াশোনা করেও কীভাবে নেহরু স্বাধীনতার সংগ্রামে জড়িয়ে পড়লেন? কেন তাঁকে কারাগারে কাটাতে হয়েছিল ৩ হাজারের বেশি দিন? প্রধানমন্ত্রী হিসেবে তাঁর ১৭ বছর কেমন ছিল? কেমনই–বা ছিল তাঁর ব্যক্তিগত ও পারিবারিক জীবন?
নিতে ১৯৫৪ সালে একটি ইচ্ছাপত্র লিখে গিয়েছিলেন নেহরু। তাতে বলা হয়েছিল, মৃত্যুর পর তাঁর চিতাভস্মের একমুঠো যেন গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। আর বাকি অংশ যেন ভারতের বিভিন্ন প্রান্তের ফসলের খেতের ওপর বিমান থেকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে তা দেশের ধুলো-মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যায়।
ছেলেবেলা থেকেই বইপোকা, শার্লক হোমসের ভক্ত
নেহরুর জন্ম উত্তর প্রদেশের এলাহাবাদে। বাবা মতিলাল নেহরু ছিলেন প্রখ্যাত আইনজীবী ও রাজনীতিক। মা স্বরূপরানি এসেছিলেন এক সম্ভ্রান্ত কাশ্মীরি পরিবার থেকে। মতিলাল ছিলেন অত্যন্ত বিত্তশালী। তাঁদের বাড়িটি ছিল প্রাসাদোপম-নাম ‘আনন্দ ভবন’। বাড়িতে ছিল ইউরোপীয় ধাঁচের আভিজাত্য ও বিলাসবহুল জীবনযাপন। পড়াশোনার জন্য রাখা হয়েছিল গৃহশিক্ষক। ১৬ বছর বয়স পর্যন্ত বাড়িতেই গৃহশিক্ষকের কাছে পড়াশোনা করেন নেহরু।
ছেলেবেলায় নেহরুর শিক্ষকদের একজন ছিলেন ফের্দিনান্দ টি ব্রুকস। তাঁর সান্নিধ্যেই নেহরুর মনে বিজ্ঞানের প্রতি আগ্রহ জন্মায়। শৈশব থেকেই বই পড়ার নেশা ছিল তাঁর প্রবল। চার্লস ডিকেন্স, মার্ক টোয়েন, এইচ জি ওয়েলসসহ খ্যাতিমান লেখকদের বই পড়তেন বিপুল আগ্রহ নিয়ে। নেহরুর পছন্দের তালিকায় ছিল শার্লক হোমসের গল্পও। আর্থার কোনান ডয়েলের এই কালজয়ী গোয়েন্দা চরিত্র তাঁকে দারুণভাবে মুগ্ধ করেছিল।
১৯০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান নেহরু। ভর্তি হন বিখ্যাত হ্যারো স্কুলে। এরপর ১৯০৭ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে পড়াশোনা শুরু করেন। পরে লন্ডনের ইনার টেম্পল থেকে আইন বিষয়ে ডিগ্রি নেন। ট্রিনিটি কলেজে পড়ার সময় সহপাঠীদের কাছে নতুন একটি নাম পেয়েছিলেন নেহরু-‘জো নেহরু’। কারণ, ‘জওহরলাল’ নামটি ইংরেজদের কাছে উচ্চারণ করা বেশ কঠিন ছিল।
ইংল্যান্ডে থাকাকালেই নেহরুর রাজনৈতিক চেতনার বিকাশ ঘটতে থাকে। ভারতীয়দের কাঁধে শত শত বছর ধরে চেপে বসা ব্রিটিশ শাসন তাঁকে ভাবিয়ে তুলতে শুরু করে। শুধু ভারতই নয়, বিশ্বের আরও নানা অঞ্চল তখন ব্রিটিশদের উপনিবেশ। সেসব অঞ্চলের মানুষের ওপর নিপীড়নের বিষয়টিও ভাবাত নেহরুকে। বিশেষ করে সে সময় আয়ারল্যান্ডের স্বাধীনতাকামী আন্দোলন তাঁর মনে গভীর আগ্রহের জন্ম দিয়েছিল।
রাজনীতিতে হাতেখড়ি, মহাত্মা গান্ধীর সান্নিধ্য
নেহরু ইংল্যান্ড থেকে দেশে ফেরেন ১৯১২ সালে। এলাহাবাদ হাইকোর্টে আইন পেশা শুরু করেন। কিন্তু আদালতের চার দেয়ালের চেয়ে রাজনীতির মঞ্চই তাঁকে বেশি আকৃষ্ট করেছিল। তাই, সে বছরই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের পাটনা অধিবেশনে প্রতিনিধি হিসেবে যোগ দেন। ততদিনে কংগ্রেস প্রতিষ্ঠার ২৭ বছর পেরিয়ে গেছে। ব্রিটিশ শাসনের কাছ থেকে ভারতীয়দের অধিকার আদায়ে সক্রিয় ছিল সংগঠনটি।
নেহরুর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ মোড় আসে ১৯১৬ সালে। সে বছর লক্ষ্ণৌতে কংগ্রেসের অধিবেশন বসে। সেখানেই প্রথমবারের মতো ভারতের স্বাধীনতাসংগ্রামের অগ্রদূত মহাত্মা গান্ধীর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। গান্ধী তখন দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্যবিরোধী আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে সদ্য ভারতে ফিরেছেন। অহিংস পদ্ধতিতে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তোলার তাঁর দর্শন নেহরুকে গভীরভাবে আকৃষ্ট করেছিল।
পরে ‘হোম রুল’ আন্দোলনে যোগ দেওয়ার মধ্য দিয়ে রাজনীতিতে আরও সক্রিয় হয়ে ওঠেন নেহরু। ১৯১৬-১৭ সালে অ্যানি বেসান্ত ও বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে এই আন্দোলন জোরদার হয়। এর লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অধীনই ভারতীয়দের স্বশাসনের অধিকার আদায় করা। নেহরু উত্তর প্রদেশে হোম রুল লীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর বাবা মতিলালও এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।
এরপর এল ১৯১৯ সালের ১৩ এপ্রিল। অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ। নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে গুলি চালাল ব্রিটিশ বাহিনী। প্রাণ হারালেন শত শত মানুষ, আহত হলেন হাজারো। এই নৃশংস হত্যাকাণ্ড নেহরুর মনে গভীর দাগ ফেলে। ব্রিটিশদের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেন তিনি। আগে ব্রিটিশ শাসনব্যবস্থার সংস্কারের মাধ্যমে ভারতীয়দের অধিকার আদায় করতে চাইতেন। কিন্তু জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তাঁকে পূর্ণ স্বাধীনতার দাবিতে আরও দৃঢ় করে তোলে।
এত দিন ধরে রাজনীতিতে যুক্ত থাকলেও গণমানুষের সঙ্গে নেহরুর প্রকৃত সম্পৃক্ততা শুরু হয় ১৯২০ সালের অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ব্রিটিশ সরকারি প্রতিষ্ঠান, আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিদেশি পণ্য বর্জনের ডাক দেওয়া হয়। নেহরু উত্তর প্রদেশে এই আন্দোলন সংগঠিত করার দায়িত্ব নেন। বিশেষ করে কৃষকদের মধ্যে কাজ শুরু করেন। এভাবেই তিনি ভারতের স্বাধীনতাসংগ্রামের মূলধারায় যুক্ত হয়ে পড়েন।
চীনের যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির কাছে সহায়তা হিসেবে যুদ্ধবিমান চেয়েছিলেন নেহরু। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেই যুদ্ধবিমান যে মেলেনি, তা বলাই বাহুল্য।
কারাগারে ৩ হাজার দিন
ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে ১৯২১ থেকে ১৯৪৫ সালের মধ্যে নেহরুকে মোট নয়বার কারাবন্দী করা হয়। ভারতের নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির তথ্য অনুযায়ী, বিভিন্ন মেয়াদে মোট ৩ হাজার ২৫৯ দিন কারাগারে ছিলেন তিনি-অর্থাৎ প্রায় নয় বছর। নৈনি, লক্ষ্ণৌ, আলমোড়া ও আহমেদনগর দুর্গের কারাগারে তাঁকে বন্দী রাখা হয়েছিল।
কারাবাসের এই দীর্ঘ সময়েই নেহরুর লেখকসত্তার পূর্ণ বিকাশ ঘটে। এ সময় লেখা তাঁর একটি কালজয়ী বই হলো ‘গ্লিম্পসেস অব ওয়ার্ল্ড হিস্ট্রি’। এটি মূলত কারাগারে বসে মেয়ে ইন্দিরা প্রিয়দর্শিনীকে লেখা প্রায় ২০০টি চিঠির সংকলন। চিঠিগুলোতে প্রাচীন সভ্যতা, বিভিন্ন সাম্রাজ্যের উত্থান-পতন, যুদ্ধ, বিপ্লব, গণতন্ত্র, স্বৈরতন্ত্র এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের কথা তুলে ধরেছিলেন নেহরু।
১৯৩১ সালের ১ জানুয়ারি মেয়েকে এসব চিঠি লেখা শুরু করেন নেহরু। তখন ইন্দিরার বয়স মাত্র ১৩ বছর। পরবর্তী প্রায় ৩০ মাস ধরে চিঠিগুলো লিখেছিলেন নেহরু। অবাক করা বিষয় হলো, চিঠিগুলো লেখা হয়েছিল কারাগারে বসে, যেখানে প্রয়োজনীয় বই কিংবা বড় কোনো গ্রন্থাগারের সুবিধা ছিল না। কেবল স্মৃতি, জ্ঞান ও প্রজ্ঞার ওপর নির্ভর করেই মেয়েকে বিশ্বের ইতিহাস বোঝানোর চেষ্টা করেছিলেন তিনি।
এর আগে ১৯২৮ সালে ইন্দিরাকে লেখা নেহরুর আরও কিছু চিঠি ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’ নামে প্রকাশিত হয়েছিল। স্বাধীনতার পাঁচ বছর আগে, ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব ঘিরে নেহরুকে আহমেদনগর দুর্গে দীর্ঘ সময় আটক রাখা হয়। সে সময় তিনি আরেকটি বিখ্যাত বই রচনা করেন, যার নাম ‘দ্য ডিসকভারি অব ইন্ডিয়া’। বইটি প্রকাশিত হয় ১৯৪৬ সালে।
স্ত্রীর মৃত্যু, গোলাপের ‘রহস্য’ ও ভাইসরয়ের স্ত্রী
নেহরুর জীবনে বলতে গেলে খুব অল্প সময়ের জন্যই এসেছিলেন কমলা কাউল। ১৯১৬ সালের ৮ ফেব্রুয়ারি তাঁদের বিয়ে হয়। পরের বছর ১৯ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় তাঁদের একমাত্র সন্তান ইন্দিরা প্রিয়দর্শিনী। তবে নেহরু ও কমলার দাম্পত্য জীবন খুব একটা মসৃণ ছিল না। কারণ, কমলা এসেছিলেন তুলনামূলক রক্ষণশীল কাশ্মীরি পরিবার থেকে; অন্যদিকে নেহরু পরিবারের জীবনযাপন ছিল অনেক বেশি পাশ্চাত্যমুখী।
তবে কমলাও পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। এ কারণে ত্রিশের দশকে তাঁকে দুবার কারাবরণ করতে হয়েছিল। এই দশকেই তিনি দুরারোগ্য যক্ষ্মায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় ইউরোপে। ১৯৩৬ সালের ২৮ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের লোজানে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর কাছে ছিলেন নেহরু, মেয়ে ইন্দিরা ও শাশুড়ি স্বরূপরানি।
স্ত্রীর অকালমৃত্যু নেহরুর জীবনে গভীর শূন্যতা তৈরি করেছিল। তাঁর বিভিন্ন লেখাতেও কমলার প্রতি গভীর ভালোবাসার ছাপ পাওয়া যায়। এ ছাড়া নেহরু সব সময় তাঁর কোটে একটি তাজা গোলাপ গুঁজে রাখতেন। কারও কারও ধারণা ছিল, গোলাপ হয়তো তাঁর প্রিয় ফুল। তবে কয়েক বছর আগে কংগ্রেস বিষয়টি স্পষ্ট করেছে—প্রিয়তমা স্ত্রীর স্মৃতি বুকে আগলে রাখতেই নাকি নেহরু প্রতিদিন তাঁর কোটে একটি করে গোলাপ গুঁজে রাখতেন।
লিখেছেন। নেহরু ও এডউইনা মাউন্টব্যাটেনের মধ্যকার বিশেষ সম্পর্ক নিয়ে লেখা হয়েছে আলোচিত বই—‘ইন্ডিয়ান সামার: দ্য সিক্রেট হিস্ট্রি অব দ্য এন্ড অব অ্যান এম্পায়ার’।
স্ত্রীর মৃত্যুর বেশ কিছু বছর পর ভারতের শেষ ভাইসরয়ের স্ত্রী এডউইনা মাউন্টব্যাটেনের সঙ্গে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে নেহরুর। সম্পর্কটি ছিল গভীর ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার-অনেকটা আত্মিক ও বুদ্ধিবৃত্তিক বন্ধন। এ তথ্য উঠে এসেছে ২০১২ সালে প্রকাশিত ‘ডটার অব এম্পায়ার: লাইফ অ্যাজ আ মাউন্টব্যাটেন’ বইয়ে। বইটি লিখেছেন এডউইনারই মেয়ে পামেলা হিকস নি মাউন্টব্যাটেন।
পামেলা তাঁর বইয়ে লিখেছেন, ‘ভারত ছেড়ে চলে যাওয়ার সময় নেহরুকে একটি পান্নার আংটি উপহার দিতে চেয়েছিলেন মা এডউইনা। মা জানতেন, সেটি তিনি গ্রহণ করবেন না। পরে মা আংটিটি নেহরুর মেয়ে ইন্দিরা গান্ধীর হাতে দিয়ে বলেছিলেন, নেহরু যদি কখনো আর্থিক সংকটে পড়েন, তবে চাইলে আংটিটি তাঁর প্রয়োজনে বিক্রি করে দিতে পারেন।’
প্রথম প্রধানমন্ত্রী, চীন নিয়ে দুর্ভোগ
দীর্ঘ স্বাধীনতাসংগ্রামের পর ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা আসে। ১৫ আগস্ট মধ্যরাতে প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেহরু। শুরু হয় এক নতুন পথচলা। আন্দোলন-সংগ্রামের পথ পেরিয়ে সদ্য স্বাধীন রাষ্ট্রের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেওয়া। স্বাধীনতার পরপরই ভারতে ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। এর জেরে লাখ লাখ মানুষ ভিটেমাটি ছেড়ে সীমান্ত পাড়ি দিতে বাধ্য হয়। শুরুতেই এই কঠিন পরিস্থিতি সামাল দিতে হয়েছিল নেহরুকে।
নেহরু একটি ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক ও আধুনিক রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর নেতৃত্বে ভারতে পরিকল্পিত অর্থনৈতিক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ১৯৫০ সালে গঠিত হয় পরিকল্পনা কমিশন। গুরুত্ব দেওয়া হয় ভারী শিল্প, বিদ্যুৎ, বাঁধ নির্মাণ, বৈজ্ঞানিক গবেষণা ও উচ্চশিক্ষার ওপর। নেহরুর শাসনামলেই আইআইটি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির মতো বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে উঠেছিল।
প্রধানমন্ত্রী হিসেবে নেহরুর অন্যতম বড় পরিচয় ছিল আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে স্বাধীন ও জোটনিরপেক্ষ অবস্থান বজায় রাখা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বরাজনীতি যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন-এই দুই শিবিরে বিভক্ত হয়ে পড়ে। শুরু হয় স্নায়ুযুদ্ধ। অনেক দেশই এই দুই পরাশক্তির যেকোনো একটির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিল। কিন্তু নেহরু সদ্য স্বাধীন ভারতকে কোনো সামরিক জোটের সঙ্গে যুক্ত করেননি।
অন্যদিকে প্রতিবেশী চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছিলেন নেহরু। ১৯৫৪ সালে দুই দেশের মধ্যে ‘পঞ্চশীল নীতি’ সই হয়। শান্তিপূর্ণ সহাবস্থানের পাঁচটি নীতির ওপর ভিত্তি করে এই চুক্তি করা হয়েছিল। নেহরু ও চীনের তৎকালীন প্রধানমন্ত্রী চৌ এনলাই দুই দেশের সহযোগিতার কথাও বলেছিলেন। তখন ভারত-চীন মৈত্রীর স্লোগান ছিল-‘হিন্দি-চিনি ভাই ভাই’।
কিন্তু এই চীনই পরবর্তী সময়ে নেহরুর জন্য বড় ধাক্কার কারণ হয়ে দাঁড়ায়। ১৯৬২ সালে দুই দেশের মধ্যে অমীমাংসিত সীমান্ত নিয়ে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয়। এতে ভারতীয় বাহিনী বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ে। দেশে-বিদেশে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় নেহরুকে। এই ঘটনা তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলেছিল। চীন-ভারত যুদ্ধের প্রায় দেড় বছর পর, ১৯৬৪ সালের ২৭ মে প্রধানমন্ত্রী থাকা অবস্থাতেই মারা যান নেহরু। তখন তাঁর বয়স ৭৪ বছর।
এই যুদ্ধের একটি অজানা অধ্যায়ের কথা উঠে এসেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা ব্রুস রিডেলের ‘জেএফকে’স ফরগটেন ক্রাইসিস: তিব্বত, দ্য সিআইএ অ্যান্ড দ্য সিনো-ইন্ডিয়ান ওয়ার’ বইয়ে। সেখানে তিনি লিখেছেন, যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির কাছে সহায়তা হিসেবে যুদ্ধবিমান চেয়েছিলেন নেহরু। তবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেই যুদ্ধবিমান যে মেলেনি, তা বলাই বাহুল্য।
বইয়ের পাতায়, সিনেমার পর্দায়, ভারতের মাটিতে
নেহরুর বর্ণাঢ্য ও কর্মময় জীবনকে ৭৪ বছরের সময়সীমায় বেঁধে রাখা সম্ভব নয়। ভারতের প্রতি তাঁর অবদান আজও চিরস্মরণীয়; তিনি মিশে আছেন কোটি ভারতীয়র হৃদয়ে। নেহরু বেঁচে আছেন তাঁকে নিয়ে লেখা বইয়ের পাতায় পাতায়, সিনেমার পর্দায়। তাঁর নিজের লেখা বইগুলোও যে কেউ চাইলেই সংগ্রহ করে পড়তে পারেন। নেহরুর লেখা একটি আত্মজীবনীও রয়েছে-নাম ‘অ্যান অটোবায়োগ্রাফি’।
এ ছাড়া কংগ্রেস নেতা শশী থারুর, ভারতীয় ইতিহাসবিদ সর্বপল্লী গোপাল ও রাষ্ট্রবিজ্ঞানী মাইকেল ব্রেচার নেহরুকে নিয়ে প্রামাণ্য বই লিখেছেন। নেহরু ও এডউইনা মাউন্টব্যাটেনের মধ্যকার বিশেষ সম্পর্ক নিয়েও লেখা হয়েছে আলোচিত বই—‘ইন্ডিয়ান সামার: দ্য সিক্রেট হিস্ট্রি অব দ্য এন্ড অব অ্যান এম্পায়ার’। আর ‘নেহরু’ নামে ১৯৮৪ সালে একটি পূর্ণদৈর্ঘ্য তথ্যচিত্র নির্মাণ করেছিলেন প্রখ্যাত চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল।
এখানেই কি শেষ? না। চিরকালের জন্য নিজেকে ভারতের মাটির সঙ্গে একাত্ম করে নিতে ১৯৫৪ সালে একটি ইচ্ছাপত্র লিখে গিয়েছিলেন নেহরু। তাতে বলা হয়েছিল, মৃত্যুর পর তাঁর চিতাভস্মের একমুঠো যেন গঙ্গায় বিসর্জন দেওয়া হয়। আর বাকি অংশ যেন ভারতের বিভিন্ন প্রান্তের ফসলের খেতের ওপর বিমান থেকে ছড়িয়ে দেওয়া হয়, যাতে তা দেশের ধুলো-মাটির সঙ্গে মিশে একাকার হয়ে যায়। তাঁর সেই শেষ ইচ্ছা রে রাখা হয়েছিল, তার প্রমাণ সে সময় প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকায় পাওয়া যায়।
ওই ইচ্ছাপত্রের কিছু অংশ খোদাই করে রাখা হয়েছে শান্তিবনে। দিল্লির যমুনা নদীর তীরে যেখানে নেহরুর শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, সেই জায়গার নামই শান্তিবন। সেখানে গেলে একটি স্মৃতিফলকে দেখতে পাওয়া যাবে নেহরুর একটি উক্তি-‘যদি কেউ আমাকে নিয়ে ভাবতে চায়, তারা যেন বলে, এই মানুষটি তাঁর সমস্ত হৃদয় দিয়ে ভারত ও ভারতের মানুষকে ভালোবেসেছিলেন। আর তারাও বিনিময়ে তাঁকে অকুণ্ঠ ভালোবাসা দিয়েছিল।’
তথ্যসূত্র:
১. ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ওয়েবসাইট: জওহরলাল নেহরু
২. ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট: শ্রী জওহরলাল নেহরু
৩. ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো: জওহরলাল নেহরু-দ্য বিল্ডার অব মডার্ন ইন্ডিয়া
৪. হিস্টোরি ডটকম: জওহরলাল নেহরু-রিলিজন, আইডোলজি অ্যান্ড ইন্ডিয়া
৫. এনডিটিভি: মাই মাদার ফাউন্ড কম্প্যানিয়নশিপ ইন পণ্ডিত নেহরু: ম্যাউন্ডব্যাটনস ডটার
৬. এনডিটিভি: নেহরু রোট টু কেনেডি ফর হেল্প ইন ১৯৬২ ওয়্যার উইথ চায়না, সেস নিউ বুক