পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা প্রচারের শেষ দিনে কলকাতার ভবানীপুরে রোড শো করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। বুধবার (২৯ এপ্রিল) এই আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
দক্ষিণ কলকাতার এই আসনটি এবারের নির্বাচনে আকর্ষণের কেন্দ্রে রয়েছে। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দুর কাছে হেরে যান মমতা। পরে ভবানীপুর আসনে তৃণমূলের জয়ী প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করলে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পদ রক্ষা করেন মমতা। এবার সরাসরি এ আসনেই প্রার্থী হয়েছেন তিনি।
এবারও মমতাকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন শুভেন্দু। অন্যদিকে ‘এক ভোটে জিতলেও তিনিই জিতবেন’ বলে ঘোষণা দিয়েছেন মমতা। শুভেন্দু তাঁর নিজের আসন নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুরেও লড়ছেন। নন্দীগ্রামে ভোট গ্রহণ ২৩ এপ্রিল শেষ হয়েছে।
নির্বাচনী প্রচারের শেষ দিন সোমবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রচারের সুযোগ ছিল। এই সুযোগ কাজে লাগাতে বিকেলে দক্ষিণ কলকাতার হাজরা মোড় থেকে রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড় পর্যন্ত রোড শো করেন শুভেন্দু অধিকারী। হাজারো সমর্থকের উপস্থিতিতে তিনি জয়ের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, নন্দীগ্রামের মতো ভবানীপুরেও তিনি মমতাকে হারিয়ে দেবেন।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকেলে ভবানীপুর এলাকায় বিশাল রোড শো করেন। সুকান্ত সেতু থেকে শুরু হয়ে তাঁর মিছিল শেষ হয় গোপালপুর এলাকায়। মিছিলে হাজারো সমর্থক তাঁর পক্ষে স্লোগান দেন। মমতা বলেন, এ আসনে তিনিই জিতবেন। বিজেপি পরাজিত হবে এবং তিনি চতুর্থবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন।
দুই তারকা প্রার্থীর শেষ মুহূর্তের প্রচারে দিনভর মিছিলের নগরীতে পরিণত হয় ভবানীপুর। আগামী ৪ মে নির্বাচনের ফল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে, এ আসনে কে হাসবেন শেষ হাসি।