কর্ণাটকে বিজেপির বিধায়কের ছেলের বাড়িতে কাড়ি কাড়ি অর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণাটকে বিজেপির বিধায়ক মাদল বিরূপাক্ষপ্পার ছেলে প্রশান্ত মাদলের বাড়িতে উদ্ধার হওয়া বিপুল অর্থ
ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের কর্ণাটকে বিজেপির এক বিধায়কের আমলা ছেলের বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ছয় কোটি রুপি নগদ অর্থ পাওয়া গেছে। রাজ্যের দুর্নীতিবিরোধী কর্মকর্তারা আজ শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

বিজেপি-শাসিত কর্ণাটকের এই বিধায়কের নাম মাদল বিরূপাক্ষপ্পা। তাঁর ছেলের নাম প্রশান্ত মাদল। তিনি বেঙ্গালুরু পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন বোর্ডের প্রধান হিসাবরক্ষক।

বিরূপাক্ষপ্পা রাষ্ট্রীয় মালিকানাধীন কর্ণাটক সোপস অ্যান্ড ডিটারজেন্টস লিমিটেডের (কেএসডিএল) চেয়ারম্যান। কেএসডিএল বিখ্যাত মহিশুর স্যান্ডাল সাবান তৈরি করে।

গতকাল বৃহস্পতিবার কেএসডিএলের অফিসে বসে ৪০ লাখ রুপি ঘুষ নেওয়ার সময় প্রশান্তকে হাতেনাতে ধরে ফেলেন রাজ্যের দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ লোকায়ুক্তের কর্মকর্তারা। এ ছাড়া তাঁরা কেএসডিএলের অফিসে ৩টি ব্যাগে ১ কোটি ৭৫ লাখ রুপি পান। এই অর্থ জব্দ করেন কর্মকর্তারা।

পরে লোকায়ুক্তের কর্মকর্তারা গভীর রাত পর্যন্ত প্রশান্তের বাড়িতে তল্লাশি চালান। তাঁরা সেখানে বিপুল পরিমাণ নগদ অর্থ পান। পরে যন্ত্র এনে অর্থ গণনা করা হয়।

কর্ণাটকের চান্নাগিরির বিধায়ক বিরূপাক্ষপ্পা। ঘুষ নেওয়ার সময় ছেলে গ্রেপ্তার, তাঁর বাড়ি থেকে কাড়ি কাড়ি অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্য বিজেপি বিব্রতকর অবস্থায় পড়েছে। কারণ, সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।