মমতা সরকারের আয়ু মাত্র ৩ মাস: শুভেন্দু
পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের মেয়াদ আর মাত্র তিন মাস বলে দাবি করেছেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। আজ বুধবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক জনসভায় এ কথা বলেন বিরোধীদলীয় এই নেতা।
শুভেন্দু অধিকারী বলেন, ‘এই রাজ্যে মমতা সরকারের আয়ু মাত্র তিন মাস। এরপর বিদায় নেবে এই চোর সরকার। আমরা এবার এই রাজ্যে চোরমুক্ত পঞ্চায়েত গড়ব। শুধু তা-ই নয়, আগামী বছরে অনুষ্ঠেয় লোকসভা নির্বাচনে রাজ্যে ৩৬টি আসন পাব।’
ভারতে সর্বশেষ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালে। নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২ আসনের লোকসভায় বিজেপি পেয়েছিল ১৮টি আসন। তৃণমূল কংগ্রেস পেয়েছিল ২২ আসন। আর কংগ্রেস পেয়েছিল মাত্র ২টি। বাম দলগুলো কোনো আসন পায়নি। আগামী ফেব্রুয়ারি-মার্চে ৫৪৩ আসনে লোকসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।
এদিকে শুভেন্দুর এই বক্তব্যের আগে গতকাল মঙ্গলবার জলপাইগুড়ির মালবাজারে এক জনসভায় মমতা বলেন, ‘ভারতের মোদি সরকারের আয়ু মাত্র ছয় মাস। আপনারা অপেক্ষা করুন, আর ছয় মাস পর ভারতের রাজ্যপাট থেকে বিদায় নেবে মোদি সরকার। সামনে আসছে মোদির বিদায়ের দিন। দেশের মানুষ বিজেপিকে রেড সিগন্যাল দেখিয়ে দিয়েছে।’
এ সময় প্রশ্ন করে মমতা বলেন, ‘তৃণমূল কোথায় হারবে? গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ—সব জায়গায় তৃণমূল জিতবে। সারা বাংলায় তৃণমূল জিতবে। দেশে জিতবে। কার ক্ষমতা আছে তৃণমূলকে হারাবে?’
গতকালই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গুজরাটের ভূপালে এক সভায় বলেন, পশ্চিমবঙ্গের ২৩ হাজার কোটি রুপির দুর্নীতি হয়েছে। একাধিক দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের। বাংলার মানুষ এই দুর্নীতিকে কোনো দিন ভুলবে না।