আজ বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নেবেন নীতীশ, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তেজস্বী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীতীশ কুমার
ছবি: টুইটার

ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) নেতা নীতীশ কুমার।

স্থানীয় সময় আজ বুধবার বেলা দুইটায় নীতীশের শপথ নেওয়ার কথা রয়েছে। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

গতকাল মঙ্গলবার বিজেপির সঙ্গে জোটের ইতি টানেন নীতীশ। বিজেপির সঙ্গত্যাগের ঘোষণা দিয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ ছাড়েন।

আরও পড়ুন

নীতীশের পদত্যাগের মধ্য দিয়ে বিহারে বিজেপি-জেডিইউ জোট সরকারের পতন হয়। পরে নীতীশ নতুন জোটের ঘোষণা দেন। তাঁর নতুন জোটে রয়েছে রাষ্ট্রীয় জনতা দলসহ (আরজেডি) কয়েকটি বিরোধী দল।

বিহারে নতুন জোট সরকারের মুখ্যমন্ত্রী হবেন নীতীশ। এ নিয়ে তিনি অষ্টমবারের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

আরজেডিপ্রধান তেজস্বী যাদব হবেন নতুন জোট সরকারের উপমুখ্যমন্ত্রী। তিনিও আজ শপথ নেবেন। তবে আজ অন্য কোনো বিধায়কমন্ত্রী হিসেবে শপথ নেবেন না বলে জানা গেছে।

২০১৭ সাল পর্যন্ত নীতীশের নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রী ছিলেন তেজস্বী ও তাঁর ভাই। বিজেপির সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে এই সরকার গঠন করেছিলেন নীতীশ। তবে পরে এই সরকার ভেঙে দেওয়া হয়। তখন নীতীশ বিজেপির সঙ্গে নতুন সরকার গঠন করেন।

গতকাল পদত্যাগের আগে নিজ দলের বিধায়ক ও পার্লামেন্ট সদস্যদের সঙ্গে বৈঠক করেন নীতীশ। পরে বিকেলে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

আরও পড়ুন

বিজেপিকে বাদ দিয়ে নতুন জোট সরকার গঠনের অনুমতির জন্য আরজেডিপ্রধান তেজস্বীকে নিয়ে গতকাল দুই দফা রাজ্যপালের সঙ্গে দেখা করেন নীতীশ।

দ্বিতীয়বার রাজ্যপালের সঙ্গে বৈঠকের পর নীতীশ বলেন, সাত দলের সমন্বয়ে মহাজোট গঠিত হয়েছে। এই জোটের সঙ্গে আছেন একজন স্বতন্ত্র বিধায়ক। সবাই ঘনিষ্ঠভাবে কাজ করবে।