কাশ্মীরের নারীদের নিপীড়ন নিয়ে পাকিস্তানের অভিযোগের জবাব দিল ভারত
জম্মু-কাশ্মীরের নারীদের ‘অবর্ণনীয়’ নিপীড়নের অভিযোগ তুলেছিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো। এর জবাবে জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেছেন, পাকিস্তানের এই ভিত্তিহীন ও ঘৃণ্য অভিযোগ জবাবের যোগ্য নয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোজাম্বিকের সভাপতিত্বে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’বিষয়ক বিতর্কে অংশ নিয়ে বিলাওয়াল কাশ্মীরে ‘নারী নিপীড়ন’-এর অভিযোগ আনেন। আফগানিস্তানের পাশাপাশি অধিকৃত ফিলিস্তিন ও জম্মু-কাশ্মীরে এই অত্যাচার মাত্রাছাড়া, এমন অভিযোগ জানিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। এর জবাবে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ বলেন, ‘এই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের জবাব দেওয়ার প্রবৃত্তি আমাদের হয় না। এটা বিদ্বেষপূর্ণ মিথ্যা অপপ্রচার ছাড়া আর কিছু নয়।’
বিলাওয়ালের অভিযোগ নিয়ে সময় অপচয় না করে রুচিরা ইতিবাচক বিষয়ের ওপর জোর দেন। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, শান্তি ও নিরাপত্তা নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি ইতিবাচক ও প্রগতিশীল। সবার উদ্যোগে কী করে পরিস্থিতির উন্নতি ঘটানো যায়, এ চেষ্টাই প্রত্যেকের করা উচিত।
জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিরোধিতা করতে গিয়ে জম্মু-কাশ্মীরকে পাকিস্তান বারবার ব্যবহার করে আসছে। পুরোনো সেই মানসিকতা থেকে পাকিস্তান এখনো বের হতে পারেনি। বিলাওয়াল ভুট্টো পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর গত বছর ডিসেম্বর মাসে নিরাপত্তা পরিষদের বৈঠকে ভারত বিরোধিতাকে ব্যক্তিগত স্তরে নামিয়ে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন। ২০০২ সালে মোদি মুখ্যমন্ত্রী থাকাকালে গুজরাটে যে দাঙ্গা হয়েছিল, তার উল্লেখ করে তিনি বলেছিলেন, ‘ওসামা বিন লাদেন নিহত হয়েছেন, কিন্তু গুজরাটের কসাই এখনো জীবিত। তিনি ভারতের প্রধানমন্ত্রী।’ গত ফেব্রুয়ারি মাসেও পাকিস্তান সরকার আয়োজিত ‘কাশ্মীর সংহতি দিবস’-এর এক অনুষ্ঠানে বিলাওয়াল বলেছিলেন, কাশ্মীর উপত্যকায় ভিন রাজ্যের বাসিন্দাদের জমি বেচে কাশ্মীরিদের অধিকার খর্ব করে তাদের কোণঠাসা করে দিচ্ছে ভারত।
ভারতের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র দুই মন্ত্রণালয়েরই ধারণা, বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত করতে সরকার যত উদ্যোগী হবে, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের ভারত বিরোধিতার তীব্রতাও তত বাড়বে। নিয়ন্ত্রণরেখাসহ উপত্যকায় অশান্তি সৃষ্টিতেও তারা সচেষ্ট হবে। মঙ্গলবার জাতিসংঘে পাকিস্তান যা করেছে, তাতে তাদের অসহায়তাই প্রকাশ পেয়েছে বলে ভারতের ধারণা।