আন্দোলনকারীদের শাস্তি দিলে পরিস্থিতির সমাধান হবে না

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিছবি: মোদির এক্সে পোস্ট করা ভিডিও থেকে নেওয়া

গত মাসে বিক্ষোভের সময় যেসব শিক্ষার্থী তাঁকে গালিগালাজ করেছিলেন, তাঁদের ক্ষমা করে দিতে চান বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের শাস্তি দেওয়া এবং বারবার আদালতে হাজিরা দিতে বাধ্য করা পরিস্থিতির সমাধানে কোনো কাজে আসবে না।

মোদি সরকারের বিরুদ্ধে অন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি) গত সোমবার জানায়, বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা পুলিশি মামলা তুলে নেওয়ার বিষয়ে সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও বিভিন্ন রাজ্যে ‘শত শত’ শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

মোদির তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট গত জুলাইয়ে চরম রূপ নেয়, যখন জাতীয় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কারণে ২০ লাখ শিক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে বাধ্য করা হয়। এটি ভারতীয় তরুণদের মধ্যে পর্যাপ্ত সুযোগের অভাব নিয়ে চরম ক্ষোভ উসকে দেয়। বিক্ষোভকারীদের একাংশ নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দেওয়ার পর কর্তৃপক্ষ শত শত বিক্ষোভকারীর বিরুদ্ধে মামলা করে।

গত শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে মোদি বলেন, ‘এরা পথভ্রষ্ট সন্তান। তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। তাদের শাস্তি দেওয়া, আদালতে ছোটানো কিংবা সমাজে হেয় করা পরিস্থিতির কোনো পরিবর্তন আনবে না।’