রুশ বাহিনীতে যোগ দেওয়া ২২৭ ভারতীয়র ৫১ জন ইউক্রেন যুদ্ধে নিহত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে রুশ বাহিনীতে যোগ দেন ২২৭ জন ভারতীয়। তাঁদের মধ্যে ৫১ জন নিহত হয়েছেন। দেশে ফিরে এসেছেন ১৩৯ জন। রুশ বাহিনীতে এখনো আছেন ৩৭ জন ভারতীয়।
কিরগিজস্তানে সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পর গতকাল সোমবার গভীর রাতে এসব তথ্য জানান ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
দুই বছর ধরে রুশ বাহিনীতে ভারতীয়দের নেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। অভিযোগ, নানা প্রলোভন দেখিয়ে ভারতীয়দের রাশিয়ায় নিয়ে গিয়ে দেশটির সেনাবাহিনীতে যোগ দেওয়ানো হচ্ছিল।
এ নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা হয়। তবে খুব স্পষ্ট করে তেমন কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
গতকাল পুতিন–মোদি বৈঠকের পর ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি সংবাদ সম্মেলন করেন। সেখানে এ বিষয়ে তাঁর কাছে প্রশ্ন করা হলে তিনি জবাব দেন।
বিক্রম মিশ্রি বলেন, বিষয়টি নিয়ে দুই দেশের বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। এখনো যেসব ভারতীয় রুশ বাহিনীতে রয়েছেন, তাঁদের দেশে ফেরানোর জন্য রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে।
সাংবাদিকের প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা রুশ কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছি। মস্কোয় ভারতীয় দূতাবাস সারাক্ষণ এই বিষয়ের ওপর নজর রাখছে।’
অভিযোগ ওঠে, মোটা অঙ্কের বেতনের লোভ দেখিয়ে ভারতীয়দের রাশিয়ায় নিয়ে যাওয়া হচ্ছে। তারপর তাঁদের রুশ বাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাঁদের ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে যেতে বাধ্য করা হচ্ছে।
এ নিয়ে শোরগোল উঠলে ভারত সরকার নড়েচড়ে বসে। সুপ্রিম কোর্টে মামলাও হয়। রুশ বাহিনীতে থাকা ভারতীয়দের ফেরাতে প্রয়োজনীয় নির্দেশ দিতে আরজি জানানো হয় সর্বোচ্চ আদালতে।
ভারত সরকারের অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাট্টি মামলার শুনানিতে প্রধান বিচারপতি সূর্যকান্তর বেঞ্চকে জানিয়েছিলেন, ৪৪ জন ভারতীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে। রুশ বাহিনীতে থাকা জীবিত ভারতীয়দের ফেরত আনতে সরকার সবরকমের চেষ্টা চালাচ্ছে।
কেন এত ভারতীয় রুশ বাহিনীতে যোগ দিচ্ছেন—শুনানি চলাকালে সেই ব্যাখ্যাও কেন্দ্রীয় সরকারের পক্ষে দেওয়া হয়েছিল। অতিরিক্ত সলিসিটর জেনারেল জানিয়েছিলেন, লোভনীয় প্যাকেজ, সামাজিক সুরক্ষা, আকর্ষণীয় ক্ষতিপূরণ ও নাগরিকত্বের প্রলোভন দেখানো হয়। অনেকেই সেই আকর্ষণীয় প্রস্তাব উপেক্ষা করতে পারেননি। তাঁরা রুশ বাহিনীতে যোগ দেওয়ার চুক্তিতে সই করেছেন।
গতকাল পুতিনের সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন মোদি। তারপরই সংবাদ সম্মেলনে এ–সংক্রান্ত তথ্য জানান ভারতের পররাষ্ট্রসচিব।
সরকারি সূত্রের খবর, রুশ বাহিনীতে থাকা ভারতীয়দের অনেকে রান্নাবান্নার কাজও করছেন। অনেকে সহায়কের ভূমিকায় আছেন।