ভারতে বিক্ষোভরত কুস্তিগিরদের ওপর ‘নেশাগ্রস্ত’ পুলিশের হামলার অভিযোগ
ভারতের দিল্লিতে জন্তর মন্তরে বিক্ষোভরত কুস্তিগিরেরা অভিযোগ করেছেন, গতকাল বুধবার রাতে নেশাগ্রস্ত পুলিশ সদস্যরা তাঁদের ওপর হামলা চালিয়েছেন। কুস্তিগিরদের অভিযোগ, বিক্ষোভস্থলে বিছানাপত্র নিয়ে আসতে চাইলে পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। কয়েকজন কুস্তিগিরের মাথায় আঘাত করা হয়েছে। এক ব্যক্তি অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ বলছে, অনুমতি না নিয়ে আম আদমি পার্টির (এএপি) বিধায়ক সোমনাথ ভারতী বিছানাপত্র নিয়ে বিক্ষোভস্থলে পৌঁছান। পুলিশ তাতে বাধা দিলে ছোটখাটো রকমের বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপর এএপির নেতা ও অপর দুজনকে আটক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে কয়েক বিক্ষোভকারী অভিযোগ করেছেন, যে পুলিশ সদস্যরা তাঁদের ওপর হামলা করেছেন, তাঁরা নেশাগ্রস্ত ছিলেন।
সাবেক কুস্তিগির রাজবীর বলেন, ‘ধর্মেন্দ্র নামের নেশাগ্রস্ত এক পুলিশ সদস্য ভিনেশ ফোগাটের ওপর নির্যাতন চালান এবং আমাদের সঙ্গে হাতাহাতি শুরু করেন।’
অলিম্পিক ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকপ্রাপ্ত ক্রীড়াবিদ গীতা ফোগাট বলেছেন, তাঁর ছোট ভাই দুশিয়ান্ত ফোগাটের মাথা ফেটে গেছে।
এশিয়ান ও কমনওয়েলথ গেমসের স্বর্ণপদকপ্রাপ্ত খেলোয়াড় ভিনেশ ফোগাট কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ওই কুস্তিগিরেরা তো কোনো অপরাধ করেননি। তবু তাঁদের সঙ্গে অপরাধীর মতো করে আচরণ করা হলো।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে অলিম্পিকের ব্রোঞ্জপদকপ্রাপ্ত বজরাং পুনিয়া বলেন, ‘আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি, আমাকে দেওয়া সব পদক যেন ফিরিয়ে নেওয়া হয়।’
এ সংঘর্ষের ঘটনার পর বিক্ষোভস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তাবেষ্টনী দিয়ে রাখা হয়েছে। বিক্ষোভরত কুস্তিগিরদের কাছে সংবাদকর্মীদের যেতে দেওয়া হচ্ছে না।
যৌন নিপীড়নের অভিযোগে রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান এবং বিজেপির সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে ভারতের শীর্ষস্থানীয় কুস্তিগিরেরা বিক্ষোভ করছেন। তবে ছয়বারের সংসদ সদস্য ব্রিজ ভূষণ সিং অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে কুস্তিগিরদের করা আবেদন নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে আজ বৃহস্পতিবার শুনানি হওয়ার কথা।