৬ হাজার পদে আবেদন পৌনে ১৩ লাখ, আছেন প্রকৌশলী-পিএইচডি ডিগ্রিধারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মধ্যপ্রদেশে ভূমি রাজস্ব কর্মকর্তা পদে পৌনে ১৩ লাখের বেশি আবেদনপত্র জমা পড়েছে
প্রতীকী ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া

পাটোয়ারি বা ভূমি রাজস্ব কর্মকর্তা নেবে ভারতের মধ্যপ্রদেশ সরকার। পদ প্রায় ছয় হাজার। এ জন্য আবেদনপত্র চাওয়া হয়েছিল। আবেদন জমা পড়েছে পৌনে ১৩ লাখের বেশি। আবেদন করেছেন হাজার হাজার প্রকৌশলী। আছেন পিএইচডি ও এমবিএ ডিগ্রিধারী ব্যক্তিরাও।

বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী, মধ্যপ্রদেশে পাটোয়ারি হতে হলে পদপ্রার্থীর স্নাতক ডিগ্রি থাকাই যথেষ্ট। সেই পদে এত এত উচ্চতর ডিগ্রিধারী ব্যক্তিদের আবেদনের ঘটনা বেশ সাড়া ফেলেছে। বেকারত্ব নিয়ে আগের উদ্বেগ-উৎকণ্ঠা নতুন করে দেখা দিয়েছে।

আগামী ১৫ মার্চ মধ্যপ্রদেশে ভূমি রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষ এই পদে ২০১৭-১৮ সালে নিয়োগ পরীক্ষা হয়েছিল।

এবার পাটোয়ারি পদে আবেদন করেছেন ১২ লাখ ৭৯ হাজার জন। তাঁদের মধ্যে পিএইচডি ডিগ্রিধারী আছেন এক হাজার। এ ছাড়া এই পদে ৮৫ হাজার প্রকৌশলী, লাখখানেক এমবিএ ডিগ্রিধারী এবং প্রায় ১ লাখ ৮০ হাজার বিজ্ঞান ও মানবিকে স্নাতকোত্তর ডিগ্রি থাকা ব্যক্তিরা আবেদন করেছেন।

পাটোয়ারি পদে আবেদন করেছেন প্রবীণ শর্মা। প্রকৌশলীতে স্নাতক করা ২৯ বছরের এই তরুণ বলেন, করোনাকালে সরকারি চাকরির পরীক্ষা বন্ধ ছিল। অনেকের বয়সসীমা পার হয়ে যাচ্ছে। তাই এই পদে এতসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ ও তরুণী আবেদন করে থাকতে পারেন।

গত জানুয়ারিতে মধ্যপ্রদেশের বেকারত্বের হার ভারতের অন্যান্য রাজ্যগুলোর তুলনায় বেশ কম ছিল (১ দশমিক ৯ শতাংশ)। এরপরও পাটোয়ারি পদে এত এত উচ্চশিক্ষিত তরুণ-তরুণীর আবেদনের ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিরোধী দল কংগ্রেসের অভিযোগ, মধ্যপ্রদেশের রাজ্য সরকার তরুণদের কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে। দলটির মুখপাত্র আব্বাস হাফিজ বলেন, পাটোয়ারি পদে আবেদনকারীদের এই সংখ্যা রাজ্য সরকারের ব্যর্থতার নজির।

অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, বিভিন্ন খাতে হাজার হাজার ফাঁকা পদ পূরণ করার চেষ্টা করছে রাজ্য সরকার। এর মধ্যে পাটোয়ারি ছাড়াও শিক্ষক ও পুলিশ রয়েছেন। রাজ্য সরকার বেকারদের চাকরি খুঁজতে, উদ্যোক্তাদের নতুন নতুন উদ্যোগে সহায়তা করে যাচ্ছে। রাজ্যে বিনিয়োগ আকর্ষণের চেষ্টাও করা হচ্ছে। এর ফলে কর্মসংস্থান বাড়বে, বেকারত্ব কমে আসবে।