বিজেপির দখলে গুজরাট ও হিমাচল, দিল্লি পুরসভা আপ-এর

নরেন্দ্র মোদি
ফাইল ছবি

বিভিন্ন বুথফেরত সমীক্ষা দেখাচ্ছে, গুজরাটে বিপুলভাবে আরও একবার ক্ষমতায় আসছে বিজেপি। হিমাচল প্রদেশে কংগ্রেসকে পেছনে ফেলে সামান্য ব্যবধানে এগিয়ে বিজেপি। ফলে উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডের মতো এই রাজ্যেও প্রথা ভেঙে বিজেপি আরও একবার ক্ষমতায় আসছে। কিন্তু বিজেপিকে সরিয়ে বিপুল ব্যবধানে দিল্লি পুরসভার দখল নিতে চলেছে আম আদমি পার্টি (আপ)।

গুজরাট বিধানসভার আসনসংখ্যা ১৮২। বিভিন্ন বুথফেরত জরিপ অনুযায়ী, বিজেপি পেতে চলেছে ১১৭ থেকে ১৪৮ আসন। বিভিন্ন সংস্থার জরিপের গড় অনুযায়ী, বিজেপির প্রাপ্তি হবে ১৩০-এর মতো। সে ক্ষেত্রে গুজরাটের ইতিহাসে এটাই হবে বিজেপির সেরা জয়।

প্রচারের নিরিখে জনপ্রিয় ধারণা নস্যাৎ করে গুজরাটে দ্বিতীয় স্থান দখল করেছে কংগ্রেস। তাদের সম্ভাব্য আসনসংখ্যা ৩৫ থেকে ৫০। পাঁচ বছর আগে কংগ্রেস পেয়েছিল ৭৭ আসন, বিজেপি ৯৯। সেই নিরিখে কংগ্রেসের ফল এবার খারাপই বলতে হবে। কংগ্রেস অবশ্য সেভাবে প্রচার করেনি। রাহুল গান্ধী একেবারে শেষ বেলায় এক বেলার জন্য একটি জনসভা করেছেন। তবু তারাই যে এই রাজ্যে প্রধান বিরোধী দল, তা প্রতিপন্ন হলো। গুজরাটে এই প্রথম ক্ষমতা দখলের প্রচেষ্টায় কোমর কষে লড়াই করে অরবিন্দ কেজরিওয়ালের দল দখল করতে চলেছে ২ থেকে ১৩টির মতো আসন। জরিপ থেকে বোঝা যাচ্ছে, আপ সবচেয়ে বেশি ক্ষতি করেছে কংগ্রেসের।

নির্বাচনী প্রথা ভেঙে হিমাচল প্রদেশে বিজেপি উপর্যুপরি দ্বিতীয়বার ক্ষমতায় আসে কি না, তা ছিল প্রধান বিবেচ্য। হতোদ্যম কংগ্রেস সেভাবে প্রচার করেনি। দায়িত্বপ্রাপ্ত প্রিয়াঙ্কা গান্ধীর অনুরোধ সত্ত্বেও রাহুল গান্ধী এক দিনের জন্যও ওই রাজ্যে প্রচারে যাননি।

বুথফেরত সমীক্ষা অনুযায়ী ‘দেবভূমি’ হিমাচল প্রদেশে বিজেপি পাবে ৩২ থেকে ৪২টি আসন। দ্বিতীয় শক্তি কংগ্রেসের দখলে আসবে ২৪ থেকে ৩৪টি আসন। আপ লড়াইয়ে থাকলেও ২-৩টির বেশি আসন পাবে না।

দুই রাজ্যের বিধানসভার মতো নজরকাড়া ছিল এবার দিল্লি পুরসভার ভোট। আম আদমি পার্টির অভিযোগ, পুরসভার ভোট এ সময়ে করানোর মধ্য দিয়ে শাসক বিজেপি চেয়েছিল তাদের দিল্লিতে আটকে রাখতে, যাতে গুজরাটে তারা বিজেপির বাড়তি মাথাব্যথার কারণ হতে না পারে। দিল্লির সব বুথফেরত জরিপ দেখাচ্ছে, বিজেপির হাত থেকে পুরসভার দায়িত্ব আম আদমি পার্টি এবার কেড়ে নিতে চলেছে। ২৫০ ওয়ার্ডের মধ্যে ‘আপ’ পেতে চলেছে ১৫০-১৭০ আসন। বিজেপি পাবে ৭০ থেকে ৯০ আসন। কংগ্রেস ৫ থেকে ১০টি। গত ১৫ বছর দিল্লির তিন পুরসভা ছিল বিজেপির দখলে।

বুথফেরত জরিপ সত্যি হলে বোঝা যাচ্ছে, বিজেপির ‘ডাবল ইঞ্জিন’ তত্ত্ব খারিজ করে দিল্লিবাসী পুরসভার ভার আম আদমি পার্টির হাতে তুলে দিতে আগ্রহী হয়েছে। যদিও দিল্লির লোকসভার সাতটি আসনই রয়েছে বিজেপির দখলে।