মুসলমান ভোট টানতে বিজেপির সহসভাপতি করা হলো তারিক মনসুরকে
উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তারিক মনসুরকে বিজেপির সহসভাপতি করা হয়েছে। আজ শনিবার তাঁকে এই পদে মনোনীত করা হয়েছে।
মধ্য প্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, তেলেঙ্গানা ও মিজোরাম বিধানসভার নির্বাচনের আগে দলের সভাপতি জে পি নাড্ডা আজ সংগঠনে নানা পরিবর্তন আনেন। তারিক মনসুর হলেন দলের ত্রয়োদশ সহসভাপতি। তাঁর সঙ্গেই সহসভাপতি মনোনীত করা হয়েছে কেরালার সাবেক কংগ্রেস নেতা অনিল অ্যান্টনিকে। কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির ছেলে অনিল। কিছুদিন আগে তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন।
তারিক মনসুর মুসলমান সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অনগ্রসর ‘পসমন্দা’ সম্প্রদায়ভুক্ত। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালে তিনি ছাত্রসমাজকে বিভিন্ন রাজনৈতিক বিষয়ে ‘সংযত’ রাখার চেষ্টা করেছিলেন। সব সময় চেয়েছিলেন উগ্র আন্দোলনের পথ পরিত্যাগ করে ছাত্রসমাজকে মধ্যপন্থায় বিশ্বাসী করে তুলতে। হিন্দু–মুসলমান সৌভ্রাত্ববোধ ছড়িয়ে দিতে সব সময় সচেষ্ট ছিলেন। সেই কাজে তিনি সক্রিয়ভাবে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের সঙ্গে কাজও করেছেন।
তারিকের এসব কর্মকাণ্ডের কারণে অবসর গ্রহণের পর মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁকে উত্তর প্রদেশ বিধান পরিষদের সদস্য মনোনীত করেন। এবার তাঁকে দলের সর্বভারতীয় সহসভাপতি নিযুক্ত করা হলো।
আজ সাংগঠনিক রদবদলের ফলে বিজেপিতে মোট সহসভাপতি হলেন ১৩ জন। দলের সম্পাদকও করা হয়েছে ১৩ জনকে। সাধারণ সম্পাদক হলেন নয়জন। তাঁদের মধ্যে সাংগঠনিক দায়িত্বে থাকছেন বি এল সন্তোষ।
সাংগঠনিক দায়িত্ব থেকে অনেককেই বাদ দেওয়া হয়েছে। তাঁদের অন্যতম পশ্চিমবঙ্গের সাবেক সভাপতি দিলীপ ঘোষ ও কর্নাটকের নেতা সি টি রবি। দুজনেই সাধারণ সম্পাদক ছিলেন।
আগামী লোকসভা নির্বাচনে মুসলমানদের মধ্যে সমর্থন বাড়াতে বিজেপি ‘পসমন্দা’ সম্প্রদায়কে নানাভাবে কাছে টানার চেষ্টা করছে। দরিদ্র ও অনগ্রসর এই সম্প্রদায়ের জন্য মোদি সরকার বেশ কিছু সামাজিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে।
পসমন্দাদের সমর্থনের আশায় আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ুর রামেশ্বরমে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামের ওপর লেখা এক বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উত্তর প্রদেশের মোট ভোটারের প্রায় ২০ শতাংশ মুসলমান। ৩০টির মতো লোকসভা আসনে মুসলমান সমর্থন জয়–পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক। পসমন্দাদের মন জয়ের মধ্য দিয়ে বিজেপি এই সমর্থন পেতে চায়। তারিক মনসুরকে সহসভাপতি করাও সেই উদ্দেশ্যে। বিজেপির কাছে তিনি ‘জাতীয়তাবাদী মুসলমান’।
এর আগে বিজেপিতে মুসলমান সহসভাপতি হয়েছিলেন সিকান্দর বখত। অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভার সদস্যও ছিলেন তিনি। পরে ২০০২ সালে তিনি কেরালার রাজ্যপাল নিযুক্ত হন। ২০০৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।
নরেন্দ্র মোদির কেন্দ্রীয় মন্ত্রিসভায় অবশ্য একজন মুসলমানও নেই। শেষ মন্ত্রী ছিলেন মুক্তার আব্বাস নাকভি। রাজ্যসভায় মনোনয়ন না পাওয়ায় তাঁর মন্ত্রিত্ব শেষ হয়। দেশের ২৯টি রাজ্যের একটিতেও মুসলমান মুখ্যমন্ত্রী নেই। ১৫টি রাজ্যে কোনো মুসলমান মন্ত্রীও নেই।