জন্মের এক দিন পরই প্রথম সন্তানের মৃত্যু, সেই শোক কতটা ভুগিয়েছিল সোনিয়াকে

নিজের লেখা আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বই হাতে সোনিয়া গান্ধী। ১০ নভেম্বর ২০২৬, নয়াদিল্লিছবি: এএনআই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি বলেছিলেন, ‘অনেকেই আমাদের কথা লিখেছে, এবার আমি আমাদের কাহিনি শোনাব।’ সেই কাহিনি লেখার সময় ভারতের বিরোধী দল কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধী এমন এক ঘটনার কথা প্রকাশ করেছেন, যা অনেক মানুষেরই অজানা।

কতজন জানে, রাহুলের আগে সোনিয়া এক ছেলেসন্তানের জন্ম দিয়েছিলেন। জন্মের পরের দিন যাকে পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে চলে যেতে হয়েছিল?

রাজীবকে বিয়ে করতে সোনিয়া দিল্লি এসে পৌঁছেছিলেন ১৯৬৮ সালের ১৩ জানুয়ারি। সেদিন বিমানবন্দরে তাঁকে স্বাগত জানিয়েছিলেন তিনজন। রাজীব, তাঁর ভাই সঞ্জয় গান্ধী ও বন্ধু অমিতাভ বচ্চন। এয়ারপোর্ট থেকে তাঁরা সোজা গিয়েছিলেন ১৩, উইলিংডন ক্রেসেন্টের এক বাংলোয়, বচ্চনদের আবাসনে।

আরও পড়ুন

ওই সরকারি আবাসনটি বরাদ্দ হয়েছিল কবি হরিবনশরাই বচ্চনকে, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সুপারিশ অনুযায়ী ১৯৬৬ সালে ছয় বছরের জন্য রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণন যাঁকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করেছিলেন।

ইন্দিরা চাননি বিয়ের আগে হবু পুত্রবধূ তাঁর বাড়িতে থাকুন। সোনিয়াকে হোটেলে রাখার পক্ষপাতীও তিনি ছিলেন না। ফলে সোনিয়ার স্থান হয় হরিবনশরাই বচ্চনের বাড়ি, যিনি ছিলেন বিখ্যাত হিন্দি কবি, নেহরুর অতি প্রিয় ও ঘনিষ্ঠ এবং যাঁর ছেলে অমিতাভ ছিলেন রাজীবের বাল্যবন্ধু।

রাজীব-সোনিয়ার বিয়ে হয় পরের মাসেই, ১৯৬৮ সালের ২৫ ফেব্রুয়ারি। পরের বছর ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন সোনিয়া।

সোনিয়া মা হতে চলেছেন জেনে ইন্দিরা গান্ধীর আনন্দের সীমা ছিল না। পরিচিত একজনকে চিঠি লিখে নিজের আনন্দের কথা জানিয়ে ইন্দিরা তাঁকে বলেছিলেন, সবচেয়ে নরম মসলিন খুঁজে রাখতে। দরজিকে বুঝিয়েও দেওয়া হয়েছিল, কীভাবে পাঁচ পরত মসলিনজুড়ে শিশুর ন্যাপি তৈরি করতে হবে। সেই সঙ্গে চলছিল শিশুর নামের খোঁজ।

আরও পড়ুন

সোনিয়ার খাওয়াদাওয়ার দিকেও কড়া নজর রেখেছিলেন ইন্দিরা। রোজ গ্লাসভর্তি দুধ, সপ্তাহে তিন দিন পালংশাক, ব্যায়াম ও হাঁটার দিকে বিশেষ নজর দিতেন। পালংশাক সহ্য করতে পারতেন না সোনিয়া। প্রতি ঢোকের সঙ্গে জল খেতেন। দুধের গ্লাসে কফি মিশিয়ে নিতেন। দেশের খাবারের জন্য মন কাঁদত। কালোজাম ও ফলসা খেতে মন চাইত।

সবকিছুই ঠিকঠাক চলছিল সপ্তম মাস পর্যন্ত। হঠাৎই একদিন পেটে হালকা ব্যথা অনুভব করেন। চিকিৎসক বিশ্রাম নিতে বলেন। কিন্তু ব্যথা বাড়তে থাকে। পরের দিন সন্ধ্যায় হাসপাতাল।

কোন হাসপাতাল, আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এ সোনিয়া তা লেখেননি। ১৯৬৯ সালের ১৮ জানুয়ারি জন্ম দেন এক পুত্রসন্তানের।

নরমাল ডেলিভারি। শিশুকে ইনকিউবেটারে রাখার সময় তার প্রথম কান্না শুনতে পেয়েছিলেন সোনিয়া। পরে স্বামী রাজীবের সঙ্গে ছেলেকে দেখতে গিয়েছিলেন।

আরও পড়ুন

সোনিয়া লিখেছেন, ‘এইটুকুন শিশু, মাথাভর্তি ঘন কালো চুল, আঙুলগুলো সরু ও লম্বা। রাজীব আমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে ছিল। আমরা দুজনে একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে ছিলাম।’

চিকিৎসকদের মুখে কিন্তু হাসি ছিল না। তাঁরা জানিয়েছিলেন, শিশুটির বাঁচার সম্ভাবনা ক্ষীণ। পরের দিন ভোর সাড়ে ছয়টায় সে পৃথিবী ত্যাগ করে। সোনিয়াকে খবরটা রাজীবই দিয়েছিলেন। সেই খবর ছিল বিশ্বাসের অতীত। সোনিয়া বারবার জানতে চাইছিলেন, কেন এমন হলো। সেদিন দুজনে দুজনকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন।

খবর পেয়ে সফর কাটছাঁট করে দিল্লি ফিরে এসেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা। রাত সাড়ে ১১টায়। সোনিয়া দেখেছিলেন, ইন্দিরার চোখ লাল ও ফোলা। দুজনে দুজনকে জড়িয়ে ধরে বসে ছিলেন অনেকক্ষণ। পরদিন ভোরে সফরের বাকি কাজ সারতে চলে যেতে হয়েছিল ইন্দিরাকে।

সঞ্জয়ও চলে এসেছিলেন হাসপাতালে। অড়হর ডাল খেতে খুব ভালবাসতেন সোনিয়া। সেই ডালের গাছ কেমন হয়, তা দেখাতে এক গোছা সবুজ গাছ খেত থেকে তুলে তোড়া বানিয়ে এনেছিলেন সঞ্জয়। সারাক্ষণ মজার মজার কথা বলে, ধাঁধা শুনিয়ে ভাবির মন ঘোরানোর চেষ্টা করেছিলেন।

মৃত শিশুর সৎকার কীভাবে করা হবে, তা নিয়ে খানিক আলোচনা চলেছিল। সোনিয়া লিখেছেন, পরিবারের সবাই চেয়েছিলেন রীতি অনুযায়ী নবজাতকের মরদেহ নদীতে ভাসিয়ে দিতে। তিনি আপত্তি করেছিলেন।

একবার ওখলা ব্যারাজে যমুনায় এক মরদেহ ভাসতে দেখেছিলেন সোনিয়া। সেই দৃশ্য মনে ভেসে উঠছিল বারবার। কান্না থামাতে বেগ পেতে হয়েছিল রাজীবকে। রাজীব-সোনিয়া ঠিক করেছিলেন দুজনে মিলেই সিদ্ধান্ত নেবেন সৎকার কীভাবে করা হবে। সেটাই হয়েছিল। তাতে সঞ্জয়েরও মত ছিল।

দক্ষিণ দিল্লির মেহেরৌলিতে গান্ধী পরিবারের খামারবাড়ির এক পাশে একটা কুয়ো ছিল। প্রতি রোববার নেহরুর পুরোনো অ্যাম্বাসাডরে চেপে তাঁরা সেখানে যেতেন। খামারবাড়িতে বড় বড় গাছ ছিল। রাজীব-সঞ্জয়ের বাবা ফিরোজ গান্ধী সেখানে অনেক ফুলের গাছও লাগিয়েছিলেন। পাঁচিলের ধারে ধারে ঝলমলে গোলাপি বোগেনভিলা।

রাজীব-সোনিয়া দম্পতির মৃত সন্তানকে সেখানেই মাটি চাপা দেওয়া হয়েছিল। খামারবাড়িতে সোনিয়ারা যখনই যেতেন, ওই বোগেনভিলার ঝাড়ের মাটিতে ফুল রাখতেন।

কয়েক দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন সোনিয়া। শোক ভুলতে সময় লেগেছিল।

সন্তান হারানোর শোক ভোলার আগেই কটু কথা শুনতে হয়েছিল তাঁদের। বিরোধী রাজনৈতিক মতাদর্শের এক পত্রিকায় সোনিয়ার মৃত সন্তানের জন্মপরিচয় নিয়ে কুৎসিত এক লেখা প্রকাশিত হয়েছিল। লেখা হয়েছিল, ইন্দিরা গান্ধী এক ‘জারজ সন্তানের দাদি হওয়ার’ প্রচেষ্টায় ব্যর্থ হয়েছেন। লেখাটি পড়ে কাঁদতে কাঁদতে সোনিয়া তা স্বামীকে দেখিয়েছিলেন। এমন বিদ্বেষপূর্ণ নিষ্ঠুর মন্তব্য তাঁর শোক বাড়িয়ে দিয়েছিল।

রাজীব সোনিয়াকে বুঝিয়েছিলেন। সান্ত্বনা দিয়েছিলেন। বলেছিলেন, তাঁদের পরিবারকে কালিমালিপ্ত করতে এমন কুৎসা প্রায়ই ছড়ানো হয়। এসব উপেক্ষা করেই এগিয়ে যেতে হবে।