অখিলেশ যাদবের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলেছেন ভারতের কেন্দ্র সরকারের বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী পীযূষ গয়াল। তাঁর অভিযোগ, এ রাজ্যের ক্ষমতাসীন সমাজবাদী পার্টি বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে বিদ্যুৎ সরবরাহে বৈষম্য করেছেন।
‘রোজা, দিওয়ালি, ঈদ এবং হোলিতে সমান বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা উচিত’ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের পরপরই অখিলেশ যাদবের বিরুদ্ধে কেন্দ্রীয় জ্বালানিমন্ত্রী এ অভিযোগ তুললেন। পীযূষ গয়াল বলেছেন, ‘এটা কোনো অন্তঃসারশূন্য রাজনৈতিক অভিযোগ নয়। এটা প্রমাণিত সত্য। মুরাদাবাদের সাংসদ কুনওয়ার সরভেশ কুমার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ বিষয়ে অভিযোগ তোলার পর তদন্ত শুরু হয় এবং অভিযোগের সপক্ষে তথ্য মিলেছে।’
জ্বালানিমন্ত্রী বলেন, কেন্দ্রীয় একটি তদন্ত দল উত্তর প্রদেশে পাঠানো হয়। তদন্তে দেখা গেছে, কিছু সম্প্রদায়ের মানুষ বিদ্যুৎ সরবরাহে সুবিধা ভোগ করছে, অন্য সম্প্রদায়ের লোকেরা উপেক্ষিত। তদন্তের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে এই বৈষম্যের পেছনের ক্রীড়নকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করে কেন্দ্র সরকার।