অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব ভারতের ওডিশা উপকূলের হুইলার দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে গতকাল শনিবার সকাল আটটায় অগ্নি-৫ নিক্ষেপ করা হয়।
পূর্ব ভারতের ওডিশা উপকূলের হুইলার দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে গতকাল শনিবার সকাল আটটায় অগ্নি-৫ নিক্ষেপ করা হয়।

ভারত নিজস্ব প্রযুক্তিতে তৈরি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার অগ্নি-৫ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে। আন্তমহাদেশীয় এই ক্ষেপণাস্ত্রটি ৫০০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। খবর এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস।
পূর্ব ভারতের ওডিশা উপকূলের হুইলার দ্বীপের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে গতকাল শনিবার সকাল আটটায় অগ্নি-৫ নিক্ষেপ করা হয় বলে জানান আইটিআরের পরিচালক এমভিকেভি প্রসাদ।
অগ্নি-৫-এর গতকালের পরীক্ষামূলক উৎক্ষেপণ এর তিন স্তরের পরীক্ষার শেষ পর্যায়ের। ২০১২ সালের ১৯ এপ্রিল এটির প্রথম পরীক্ষা হয়। দ্বিতীয় পরীক্ষা হয় ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর।
ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য অগ্নি-৫ ১৭ মিটার দীর্ঘ। ওজন ৫০ টন। অগ্নি-৫ এক টনের বেশি পরমাণু যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) অগ্নি-৫-এর নির্মাতা।
টেস্ট রেঞ্জ পরিচালক এমভিকেভি প্রসাদ বলেন, অগ্নি-৫-এ অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয় ঘটানো হয়েছে। লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং এর গতিপথ নিয়ন্ত্রণের বিচারে এটি খুব আধুনিক।
অগ্নি-৫ ভারতের যেকোনো স্থান থেকে উৎক্ষেপণ সম্ভব। এটি হামলার জন্য দ্রুত প্রস্তুত করা সম্ভব। পরমাণু হামলার শিকার হওয়ার পরও এটি আঘাত হানতে পারে।
অগ্নি নামে ভারতের কয়েকটি ক্ষেপণাস্ত্র আছে। এর একটির চেয়ে আরেকটির পাল্লা বেশি। অগ্নি-১-এর পাল্লা ছিল ৭০০ কিলোমিটার। অগ্নি-২, ৩ ও ৪-এর পাল্লা যথাক্রমে দুই হাজার, আড়াই হাজার এবং সাড়ে তিন হাজার কিলোমিটার।
উৎক্ষেপণের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটার বার্তায় বলেন, ‘এ সফল উৎক্ষেপণ ভারতের প্রতিরক্ষা বাহিনীর জন্য একটি পুরস্কারস্বরূপ।’
অগ্নি-৫ ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী চীনের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। এর মধ্যে থাকবে দেশটির প্রত্যন্ত উত্তর-পূর্বের সামরিক স্থাপনাগুলো। বিশেষজ্ঞরা মনে করেন, অগ্নি-১ ও অগ্নি-২ পাকিস্তানের কথা মাথায় রেখে তৈরি করা হলেও এবারেরটির লক্ষ্য চীন।