অতিরিক্ত ইংরেজি বিদ্যাও ভয়ংকরী!
ইংরেজিটা একটু বেশিই শিখেছেন ভারতের মেঘালয় রাজ্যের সিলংয়ের তরুণী অ্যালেক্সেন্ড্রিয়া রিনটোল (২২)। আর এটাই তাঁর কাল হলো। স্বামী-শ্বশুরবাড়ির ঘর করতেই পারছেন না তিনি।
গর্ভবতী অ্যালেক্স যেতে পারছেন না স্বামীর ঘর স্কটল্যান্ডে। এবারের ক্রিসমাস বা নিউ ইয়ার ইভ সেখানে কাটানোর সাধও রয়ে গেল অপূর্ণ। এমনকি, প্রথম সন্তান স্কটল্যান্ডে প্রসব করার ইচ্ছেও শিকেয় তুলে রাখতে হচ্ছে শিলংয়ের তরুণীকে। তাঁকে ভিসা দেয়নি স্কটল্যান্ড।
কারণ হিসেবে শেষ মুহূর্তে তাঁকে জানিয়ে দেওয়া হয়, স্কটল্যান্ডের স্বরাষ্ট্র দপ্তর আপত্তি রয়েছে ভিসা দানে। কারণ হিসেবে তারা বলেছে, অ্যালেক্সের ইংরেজি বিদ্যা প্রয়োজনের থেকেও বেশি। তাই অগত্যা তাঁর স্বামী বব্বি রিনটোল (৩৩) নিজেই উড়ে আসছেন ভারতে; গর্ভবতী স্ত্রীকে সঙ্গ দিতে।
উত্তর–পূর্ব ভারতের ওয়েব পোর্টাল টাইমএইটে অ্যালেক্স ও বব্বির ভিসাবিভ্রাটের খবরটি প্রকাশিত হয়। ওয়েব পোর্টালের খবর অনুযায়ী শিলংয়ের অ্যালেক্স এ বছরের মে মাসে বিয়ে করেন বব্বি রিনটোলকে। বব্বি তেল ও গ্যাস কোম্পানিতে চাকরি নিয়ে মেঘালয়ে এসেছিলেন বছর দেড় আগে। তারপর পরিচয়, প্রেম এবং বিয়ে অ্যালেক্সের সঙ্গে।
ভারতের কাজ চুকিয়ে দুজনেই গিয়েছিলেন দুবাই। সেখান থেকে বব্বি চলে যান স্কটল্যান্ড। অ্যালেক্স ফিরে আসেন ইন্ডিয়া। ঠিক ছিল ভারত থেকে স্কটল্যান্ডেই উড়ে যাবেন তিনি। সেখানেই মিলিত হবেন দুজনে। সেইমতো ভিসার চেষ্টা শুরু করেন অ্যালেক্স।
এর আগেও তিনি স্কটল্যান্ডে গিয়েছিলেন। সেই সময়ে ইংরেজিতে স্নাতক অ্যালেক্স উকিলের পরামর্শে এডিনবার্গে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সিস্টেম (আইইএলটিএস) পরীক্ষায় বসেন। গোলমালের সূত্রপাত এখানেই। স্কটল্যান্ডের হোম ডিপার্টমেন্ট তাঁর ভিসায় ইমিগ্রেশন ব্লক করে দিয়েছে। তাঁরা সাফ জানিয়ে দিয়েছে, প্রয়োজনের তুলনায় বেশি ইংরেজি জানেন অ্যালেক্স। তাই তাঁকে ভিসা দেওয়া যাবে না।
এদিকে বড়দিন আর নববর্ষে মাতোয়ারা স্কটল্যান্ডে নতুন করে আবেদন-নিবেদনের সুযোগও নেই তাঁদের সামনে। তাই উড়ে এলেন বব্বি। জানালেন, প্রচুর আর্থিক ক্ষতিও হয়েছে তাঁদের। তার চেয়েও বড় কথা, গর্ভবতী অ্যালেক্সের স্কটল্যান্ডে সন্তান প্রসব করার সাধটাও প্রশ্ন চিহ্নের সামনে দাঁড়িয়েছে।
এ বছর ২ মে তাঁদের বিয়ে হয়েছিল। আগামী বছর ওই দিনেই সন্তান প্রসবের কথা অ্যালেক্সের। কিন্তু স্কটল্যান্ডের ভিসা সমস্যা মিটবে কি না, সেটাই এখন প্রশ্ন।