অধিকাংশের মত 'বাংলা' রাখার পক্ষে
ভারতের পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ অথবা ‘বঙ্গ’ রাখার প্রস্তাব রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত হয়েছে। প্রস্তাবটি পাসের পর এ নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে বিতর্ক। কলকাতার কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনেরা এ নিয়ে তাঁদের মত প্রকাশও শুরু করেছেন। তবে অধিকাংশের মত ‘বাংলা’ রাখার পক্ষে।
গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পশ্চিমবঙ্গের নাম নিয়ে এই প্রস্তাবটি পাস হয়। এরপরই শুরু হয় পক্ষে-বিপক্ষে মত দেওয়া। অধিকাংশই ‘বাংলা’ রাখার পক্ষে মত দিয়ে বলেছেন, এটা হলে ভারতের সরকারি তালিকায় পশ্চিমবঙ্গের নাম অনেক ওপরে চলে আসবে।
বর্তমানে পশ্চিমবঙ্গ বা ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল নামটি সরকারি তালিকার একেবারে শেষে রয়েছে। নাম পরিবর্তন করা হলে তালিকার চতুর্থ স্থানে চলে আসবে বাংলা বা বঙ্গ নামটি। অন্ধ্র প্রদেশ, অরুণাচল প্রদেশ, অাসামের পরেই চলে আসবে নতুন এই নাম। আর বাংলা বা বঙ্গের পর আসবে বিহারের নাম। এর আগে ভারতের সংযুক্ত প্রদেশের নাম পরিবর্তন হয়ে হয়েছে উত্তর প্রদেশ, হায়দরাবাদের পরিবর্তে হয়েছে অন্ধ্রপ্রদেশ, মধ্য ভারতের নাম হয়েছে মধ্যপ্রদেশ, উত্তরাঞ্চলের পরিবর্তে হয়েছে উত্তরাখন্ড, উড়িষ্যার পরিবর্তে হয়েছে ওডিশা, ত্রিবাঙ্কুর-কোচিনের পরিবর্তে কেরালা, মাদ্রাজের পরিবর্তে তামিলনাড়ু ও মহীশুরের পরিবর্তে হয়েছে কর্ণাটক রাজ্য।
নাম পরিবর্তন নিয়ে কবি নীরেন্দ্র নাথ চক্রবর্তী বলেছেন, ‘জরুরি প্রয়োজন ছাড়া কোনো কিছুর নাম পরিবর্তনের পক্ষে আমি নই।’
কবি শঙ্খ ঘোষ বলেছেন, নাম বদল সমীচীন হয়েছে। বাংলা নামটাই ভালো হবে। ইংরেজিতে আলাদা নাম বেঙ্গল করার প্রয়োজন নেই।
সাহিত্যিক সমরেশ মজুমদার বলেছেন, ‘নাম পরিবর্তনের সিদ্ধান্ত সঠিক। আমি বাংলা নামটাই চাইছি।’
শিক্ষাবিদ পবিত্র সরকার বলেছেন, ‘তবে আমি চাইছি রাজ্যের নাম হোক বঙ্গ।’
সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলেছেন, পূর্ববঙ্গ বলে যখন কিছু নেই, তখন পশ্চিমবঙ্গ থাকবে কেন? তবে ‘বঙ্গভূমি’ হলে ভালো হয়।
অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় নাম পরিবর্তনের প্রস্তাবকে সমর্থন জানিয়ে বলেছেন, বঙ্গভূমি হলে ভালো হয়।
নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্র চান এই রাজ্যের নাম হোক বঙ্গদেশ। একই মত দিয়েছে সাহিত্যিক নবনীতা দেব সেন।
চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বলেছেন, ‘বঙ্গ বা বাংলা হলে আমার আপত্তি নেই।’
সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্র বলেছেন, ‘আমি চাই নাম হোক বাংলা।’
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, নাম হোক বঙ্গপ্রদেশ। আর কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় নয়; এ ব্যাপারে পণ্ডিত ব্যক্তিদের নিয়ে কমিটি গড়ে মতামত নেওয়া উচিত।