অধিবেশন বয়কট বাম-কংগ্রেস জোটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশনে তৃণমূল বিধায়ক বাম-কংগ্রেস জোট নিয়ে অশালীন বক্তব্য পেশ করার প্রতিবাদে আজ বুধবার বিধানসভার অধিবেশন বয়কট করেছে কংগ্রেস-বাম জোট একসঙ্গে।
অধিবেশনের দ্বিতীয় পর্বে তৃণমূল বিধায়ক তাপস রায় রাজ্যপালের ভাষণের ওপর বক্তব্য পেশকালীন আক্রমণ করে বাম-কংগ্রেস জোটকে। একপর্যায়ে বিধায়ক বাম-কংগ্রেস জোটকে ‘নির্লজ্জ ও বেহায়া’ বলে মন্তব্য করেন। বলেন, বাম আমলে এই রাজ্যে গণতন্ত্র ছিল না। সংখ্যালঘুসহ অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে।
এই বক্তব্যের পর বাম-কংগ্রেস জোটের বিধায়কেরা ক্ষুব্ধ হয়ে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দাবি তোলেন বিধানসভার কার্যবিবরণী থেকে ‘নির্লজ্জ’ ও ‘বেহায়া’ কথাটি বাদ দেওয়ার জন্য। কিন্তু তাতে সায় না পাওয়ায় কংগ্রেস-বাম বিধায়কেরা অধিবেশন বয়কট করেন। পরে এক সংবাদ সম্মেলনে বামফ্রন্টের পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘তৃণমূল ক্ষমতার দম্ভে দিগ্ভ্রান্ত হয়ে পড়েছে। তাই তৃণমূল বিধায়ক অসংসদীয় ভাষায় রাজনৈতিক উদ্দেশ্যে ওই মন্তব্য করেছেন।’
কিছুক্ষণ পর কংগ্রেস বিধায়কেরা অধিবেশনে ফিরে এলেও ফিরে আসেননি বাম বিধায়কেরা।