অনশনে মমতার রেকর্ড ভাঙলেন কুণাল ঘোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত সাংসদ কুণাল ঘোষ অনশনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়া রেকর্ড ভেঙেছেন। আজ শনিবার কুণাল ঘোষের অনশন ২৯ দিনে পড়েছে। গত ১০ অক্টোবর ১০ দফা দাবিতে কলকাতার প্রেসিডেন্সি কারাগারে অনশন শুরু করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় ২০০৬ সালের ডিসেম্বরে সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা প্রতিষ্ঠার প্রতিবাদে অনশন শুরু করেন। ওই বছরের ২৮ ডিসেম্বর মমতা তৎকালীন রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালাম এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অনুরোধে ২৫ দিনের মাথায় অনশন প্রত্যাহার করেন।
কুণাল ঘোষ সারদা গোষ্ঠীর মিডিয়া বিভাগের প্রধান ছিলেন। সারদা কেলেঙ্কারি ফাঁস হওয়ার পর কুণাল গ্রেপ্তার হন ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের হাতে। কুণাল ঘোষ বারবার অভিযোগ করে আসছেন, এই কোটি কোটি টাকার আত্মসাৎ ঘটনায় তৃণমূলের বেশ কয়েকজন বড় নেতা জড়িত। অথচ সিবিআই তাঁদের ধরছে না। তাই কুণাল ঘোষ নিজেকে নিরপরাধ দাবি করেন।
আজ থেকে কুণাল ঘোষের স্বাস্থ্যের অবনতি ঘটার পরিপ্রেক্ষিতে হাসপাতালের চিকিৎসক ও জেল কর্তৃপক্ষ তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানালেও তিনি সাড়া দেননি।