শান্ত হয়নি পশ্চিমবঙ্গের একমাত্র পাহাড়ি জেলা দার্জিলিং। অনির্দিষ্টকালের বন্ধ্ ইতিমধে৵ই ১০ দিনে গড়িয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার আহ্বানে গতকাল স্থানীয় জিমখানা ক্লাবে সর্বদলীয় এক বৈঠক হয়। বৈঠকে রাজ্য সরকার দার্জিলিং থেকে সেনাবাহিনী, সিআরপিএফ, র্যাফ, কমব্যাট ফোর্সসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী এবং বাড়তি পুলিশ প্রত্যাহার না করা পর্যন্ত দার্জিলিংয়ে অনির্দিষ্টকালের বন্ধ্ চালু রাখার সিদ্ধান্ত হয়।
পশ্চিমবঙ্গের সব বিদ্যালয়ে বাংলা ভাষা পড়ানোর নির্দেশ দেওয়ার পর গোর্খা জনমুক্তি মোর্চা এর প্রতিবাদে দার্জিলিংয়ে এই অনির্দিষ্টকালের বন্ধের ডাক দেয়।
সর্বদলীয় বৈঠকে কংগ্রেস, বিজেপি, জিএনএলএফ, জন আন্দোলন পার্টি, গোর্খা লীগসহ জাতীয় ও আঞ্চলিক ১৪টি রাজনৈতিক দল অংশ নেয়। অনুপস্থিত থাকে তৃণমূল ও বাম দল। বৈঠকে সিদ্ধান্ত হয়, আজ ২২ জুন রাজ্য সরকারের উদ্যোগে যে সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে, তাতে যোগ দেবে না পাহাড়ের কোনো দল।