পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের ভাগ্য নির্ধারণ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রয়টার্স ফাইল ছবি
১৪ মে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রয়টার্স ফাইল ছবি

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন নানা আইনি জটিলতায় পড়েছে। ১৪ মে নির্বাচন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কাল বৃহস্পতিবার আদালতের রায়ে কী আসে, সে অপেক্ষায় এখন রাজনৈতিক মহল। পশ্চিমবঙ্গের মানুষও রায়ের দিকে সাগ্রহে তাকিয়ে।

পশ্চিমবঙ্গের স্থানীয় সরকার কাঠামোর মূলভিত্তি হলো ত্রিস্তর পঞ্চায়েতব্যবস্থা। গ্রামপর্যায়ে রয়েছে গ্রাম পঞ্চায়েত, থানা পর্যায়ে রয়েছে পঞ্চায়েত সমিতি এবং জেলা পর্যায়ে রয়েছে জেলা পরিষদ। রাজ্যের ৪৮ হাজার ৬৫০টি গ্রাম পঞ্চায়েত, ৯ হাজার ২১৭টি পঞ্চায়েত সমিতি এবং ৮২৫টি জেলা পরিষদের আসনে ভোট নেওয়ার জন্য গত ৩১ মার্চ রাজ্য নির্বাচন কমিশন ভোট গ্রহণের বিজ্ঞপ্তি জারি করে। তাতে বলা হয়, মনোনয়নপত্র নেওয়া হবে ২ থেকে ৯ এপ্রিল। আর নির্বাচন হবে ১, ৩ ও ৫ মে।

তবে এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের দিন থেকে রাজ্যব্যাপী শুরু হয়ে যায় শাসক দলের তাণ্ডব। মনোনয়নপত্র জমাদানে বাধাদান। আগেই শাসক দল ঘোষণা দিয়েছিল, এবার এই পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে শেষ হয়ে যাবে এই রাজ্যের বিরোধী দল। সব আসনে জিতবে তৃণমূল। সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য শাসক দল মনোনয়নপত্র জমা দিতে বাধার সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে। ফলে বহু বিরোধী প্রার্থী বঞ্চিত হয় মনোনয়নপত্র জমাদান থেকে। এ নিয়ে মামলা দায়ের হয় ভারতের সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টে। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টে মামলার শুনানির পর এক দিনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বাড়িয়ে দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। কিন্তু সেই বাড়ানোর দিনে ২৩ এপ্রিল ফের শাসক দল মনোনয়নপত্র জমা দিতে বাধা দেয়। ফলে সিপিএম ও বিজেপির বহু প্রার্থী ২৩ এপ্রিল ই-মেইলে পাঠিয়ে দেন মনোনয়নপত্র। মনোনয়নপত্র বাছাইয়ের পর দেখা যায়, শাসক দল তৃণমূল কংগ্রেস ৩২ দশমিক ২ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। শুধু কি তা-ই, বীরভূমের জেলা পরিষদের ৪২টি আসনেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায় তৃণমূল।

এদিকে নির্বাচন নিয়ে চলা মামলায় শুনানির পর নির্বাচনের তারিখ ফের পরিবর্তন করে ১৪ মে নির্ধারণ করে রাজ্য নির্বাচন কমিশন। সেই তারিখের বিরুদ্ধে বিরোধীরা কলকাতা হাইকোর্টে মামলা করে। এ কারণে অনিশ্চিত হয়ে পড়ে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন।

সেই মামলার শুনানি হয় গতকাল মঙ্গলবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য ও বিচারপতি অরিজিৎ চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। কিন্তু সারা দিনের শুনানি শেষে ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই মামলার রায় হবে কাল বৃহস্পতিবার।

সিপিএম দাবি করেছে, গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য এক দিন বাড়ানো হলেও সেদিন সরকারি দলের তাণ্ডবে সিপিএমের অন্তত ৮০০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেনি। তারা ই-মেইলে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেন মনোনয়নপত্র। তাদের ই-মেইলে দাখিল করা মনোনয়নপত্র বৈধ বিবেচনার জন্য কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার এবং বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে দায়ের করা সিপিএমের মামলার শুনানি হয় গতকাল। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ মঙ্গলবার জানিয়ে দেয়, ই-মেইলে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের মনোনয়নপত্র গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে।

অন্যদিকে, সিপিএমের দায়ের করা মামলায় আদালত ই-মেইলে পাঠানো মনোনয়নপত্রকে বৈধতা দেওয়ায় বিজেপি দাবি করেছে, তারাও দুই হাজার মনোনয়নপত্র জমা দিয়েছে ই-মেইলে। এবার তারা তাদের সেসব প্রার্থীর মনোনয়নপত্রকে বৈধতা দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করছে।

প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে দায়ের করা অপর একটি মামলায় গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত শুনানি হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার রায় হবে। এই মামলা দায়ের করে কংগ্রেস দাবি করেছে, ১৪ মে এক দিনে নির্বাচন হওয়া অসম্ভব। তা ছাড়া এক দিনে নির্বাচন করার মতো পর্যাপ্ত পুলিশ রাজ্য সরকারের নেই। ফলে এই নির্বাচন হবে প্রহসনমূলক। যদিও এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে কংগ্রেস, বাম দল ও বিজেপি। আপত্তি তুলেছে তৃণমূল ও রাজ্য সরকার।

গতকাল নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়ে দেওয়া হয়েছে, ১৪ মে নির্বাচনের চূড়ান্ত দিন হিসেবে ঘোষণা করা হয়নি। ওই দিন ‘প্রস্তাবিত’ দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আদালত মামলার নিষ্পত্তি করার পর চূড়ান্ত দিনের তারিখ ঘোষণা করবে রাজ্য নির্বাচন কমিশন। ফলে এবার পশ্চিমবঙ্গের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ১৪ মে হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। কাল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের রায়ের অপেক্ষায় প্রহর গুনছে রাজ্যবাসী। ১৪ মে নির্বাচন হবে, নাকি ফের তারিখ পাল্টে যাবে?