
ব্যাপক অনিয়মের অভিযোগে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের আর কে নগর আসনের উপনির্বাচন ভোটের তিন দিন আগে স্থগিত করা হয়েছে। সূত্র জানিয়েছে, অন্তত তিন মাস বিলম্ব হতে পারে উপনির্বাচনটি অনুষ্ঠিত হতে। আগামী বুধবার এ ভোট হওয়ার কথা ছিল।
তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জে জয়ললিতার দীর্ঘদিনের বন্ধু ভি কে শশীকলা এবং স্বল্প সময়ের মুখ্যমন্ত্রী পনিরসেলভামের মধ্যে লড়াইয়ের প্রতীক হয়ে উঠেছে আর কে নগরের উপনির্বাচন। জয়ললিতার মৃত্যুর পর এই আসনটি শূন্য হয়।
সূত্র বলেছে, জয়ললিতার মৃত্যুর পর দলের অন্তর্বর্তী মহাসচিব হিসেবে শশীকলার নিয়োগ বৈধ কি না, তা যাচাইয়ের পরই ভোট গ্রহণ হবে। দলের অন্তর্বর্তী মহাসচিবের দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই দুর্নীতির এক মামলায় কারাদণ্ড হয় শশীকলার। তিনি আর কে নগরে দলের প্রার্থী টি টি ভি দিনাকরণকে সহকারী নিয়োগ করে যান।
ওই সূত্র জানায়, গত শুক্রবার একজন মন্ত্রী ও একজন অভিনেতার বাড়িতে অভিযান চালান আয়কর কর্মকর্তারা। ওই মন্ত্রী ও অভিনেতা এআইএডিএমকের দিনাকরণের সমর্থক ছিলেন। জব্দ করা নথিগুলোর মধ্যে ভোটারদের ৮৯ কোটি রুপি ‘ঘুষ দেওয়ার পরিকল্পনার’ কিছু নথি উদ্ধার করা হয়েছে।
ফোন রিচার্জ কুপন, সংবাদপত্র সাবস্ক্রিপশন ও দুধের টোকেন দিয়ে এবং মোবাইল ওয়ালেটে অর্থ পাঠিয়েও ভোটারদের প্রলোভন দেখানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া প্রচারণার সময় ভোটারদের নগদ অর্থ, টুপি, স্কার্ফ, প্রদীপ ও শাড়ি বিতরণের সময় এআইএডিএমকের প্রার্থীর কয়েকজন কর্মীকে আটক করা হয়েছে।
তবে দিনাকরণ পাল্টা অভিযোগ করে বলেছেন, জনগণের রায় তাঁর দিকে যাচ্ছে আঁচ করতে পেরেই নির্বাচন স্থগিত করা হয়েছে। ভোট কিনতে মোটেই অর্থ ব্যয় করা হয়নি। আয়কর কর্মকর্তাদের উদ্ধার করা নথিগুলোর ব্যাপারে তিনি বলেন, ‘আয়কর বিভাগের প্রকাশ করা নথিগুলো জাল।’