অনুপ্রবেশ ঠেকাতে পশ্চিমবঙ্গে বিজেপির সেল গঠন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাতে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য শাখা একটি বিশেষ সেল গঠন করেছে।
ভারত-বাংলাদেশ সীমান্তে জঙ্গি বা সন্ত্রাসীসহ যেকোনো ব্যক্তির অনুপ্রবেশ ঠেকানোই এ বিশেষ সেলের উদ্দেশ্য। এ লক্ষ্যে সেল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
পুলিশের সাবেক মহাপরিচালক শঙ্করনাথ মুখোপাধ্যায়কে আহ্বায়ক করে এ সেল গঠন করা হয়েছে। এ ছাড়া বিজেপিতে যোগ দেওয়া সাবেক সেনা ও পুলিশ কর্মকর্তাদের এই সেলে রাখা হয়েছে।
আহ্বায়ক হওয়ার পর এরই মধ্যে বনগাঁ, বসিরহাট ও মুর্শিদাবাদের বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন শঙ্করনাথ মুখোপাধ্যায়। এ বিষয়ে রাজধানী নয়াদিল্লিতে গিয়ে দলের কেন্দ্রীয় নিরাপত্তা সেলের প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এন এস মালিককে একটি প্রতিবেদন দিয়েছেন তিনি।
দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর নির্বাচনী প্রচারণায় ঘোষণা দিয়েছিলেন, তাঁর দল ক্ষমতায় গেলে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাবে। ওই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য বিজেপি নানা উদ্যোগ হাতে নিচ্ছে।